শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে আনন্দময় ও নির্বিঘ্ন করতে শেরপুর-২ আসনের সংসদ সদস্য এবং বিশিষ্ট প্রকৌশলী ফাহিম চৌধুরী চরভাবনা ঈদগাহ মাঠের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা যেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন, তা নিশ্চিত করতেই তিনি এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।
শুক্রবার জুমার নামাজ আদায়ের পর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে ঈদগাহ মাঠের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, "ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে। মুসল্লিদের সুবিধার্থে এবং মাঠের পবিত্রতা রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে।"
তিনি আরও জানান, সরকারের উন্নয়ন কাজের অংশ হিসেবে ধর্মীয় উপাসনালয়গুলোর আধুনিকায়নে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন।
জুমার নামাজ শেষে সংসদ সদস্য ফাহিম চৌধুরী তার মরহুম বাবা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর কবর জিয়ারত করেন। সেখানে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় তার সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জনমত গ্রহণ করেন। ঈদের আগেই এলাকার প্রধান প্রধান ঈদগাহ মাঠগুলোর উন্নয়ন কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।