আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভোক্তা-অধিকার সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর উপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সচেতনতামুলক সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম ও ময়মনসিংহ বিভাগীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন সিদ্দিকী বলেন, ‘আমরা অনেকেই দেশের অনেক বড় বড় জায়গায় যাবো। নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করবো। আমরা যদি নিজেরা নিজেদের জায়গায় সৎ ও নীতি নৈতিকতা বজায় রেখে চলি তবেই আমরা সফল হবো। রমজান মাস সংযমের মাস। আমরা কেনো ব্যবসায়ী সম্প্রাদায়কে রমজানের সেই শিক্ষাকে বোঝাতে পারছি না। আমি বলবো আসুন আমরা সবাই রমজানের শিক্ষাকে দৈনন্দিন জীবনে কাজে লাগাই।’
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণে আগে ভোক্তাদের সচেতন থাকতে হবে। আমাদের প্রতিটা সেক্টরে সচেতনতা তৈরি করতে হবে এবং নিয়মিত তদারকির মাধ্যমে সেই সচেতনা বজায় রাখতে হবে। তবেই আমরা সফল হবে।’
এসময় ভোক্তা-অধিকার সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর উপর মূল প্রবন্ধ উপস্থাপনায় আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস আইনটির অধীন বিভিন্ন দেওয়ানী-ফৌজদারি ও আমলযোগ্য-আমলঅযোগ্য অপরাধ এবং অপরাধ সংঘটনের ধরণ ও প্রতিকার প্রাপ্তির উপায় নিয়ে আলোচনা করেন।
সচেতনতামূলক সভায় ময়মনসিংহ কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক রফিক বরকত উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্যাব সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস ও সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা।