এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ দুইজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) ভোররাতে তিতারাই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পুলিশ সংবাদ পায়-চোরাকারবারীরা সীমান্ত এলাকা থেকে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বোঝাই একটি ডিআই পিকআপে রাধানগর বাজার হয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তিতারাই এলাকায় সন্দেহজনক একটি ডিআই পিকআপ (রেজি: ঢাকা-মেট্রো-ন-২১-৪৮০২) থামার সংকেত দেয়। কিন্তু পুলিশের সিগন্যাল অমান্য করে ড্রাইভারসহ দুইজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
পরে গাড়িটি তল্লাশি করে ১০ লাখ ২৪ হাজার পিস ভারতীয় ছোট ব্যাটারি এবং ২ হাজার ৩০৪ পিস পন্ডস ফেসওয়াস জব্দ করা হয়। পুলিশ জানায়, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।