মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি বইয়ের দোকানের পেছনের কক্ষ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১:৪৫টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ১নং গেট সংলগ্ন একটি বইয়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানের ভেতরের একটি কক্ষে মাদক সেবনের প্রস্তুতিকালে বিভিন্ন উপকরণসহ দুইজনকে আটক করে পুলিশ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই কক্ষে নিয়মিতভাবে মাদক সেবনের আসর বসত। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। উপস্থিত স্থানীয় লোকজনও ঘটনার সাক্ষ্য দেন।
মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা- জয়নাল আবেদিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই আইনে মোঃ মানিক মিয়া (৩২), পিতা- আব্দুল মতিনকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনানুগ সহায়তা প্রদান করে ত্রিশাল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।