মোঃ হাসান হাওলাদার, লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক পরাণ মাহমুদের বাসভবনে গভীর রাতে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী সাংবাদিক পরাণ মাহমুদ জানান, গত পরশু দিন তার বাসার বিদ্যুৎ মিটার পুড়ে যাওয়ায় পুরো বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এই অন্ধকারের সুযোগ নিয়ে গতকাল আনুমানিক রাত ১১টা থেকে ১টার মধ্যবর্তী সময়ে তার বাসভবনের দ্বিতীয় তলার রুমের থাই গ্লাসে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
ঘটনার পর বুধবার সকালে পরাণ মাহমুদ রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শাহীন মিয়া বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।
সাংবাদিক পরাণ মাহমুদ বলেন:"বাসার গ্লাসে গুলির চিহ্ন দেখে আমরা আতঙ্কিত। পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে রায়পুর থানা পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।"
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তার বিষয়ে পুলিশ সজাগ রয়েছে।