মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প, মনিহারি দোকান, বেকারি, ফলের দোকান ও মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।আজ ২৬ ফ্রেব্রুয়ারি বুধবার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন, মান ও মূল্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইভা ফিলিং স্টেশন-কে ওজন ও পরিমাপক মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে অন্যান্য প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দণ্ডিত করা হয়েছে।
মোট ৫টি পৃথক মামলায় সর্বমোট ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
অভিযানে আইনানুগ সহায়তা প্রদান করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক, ত্রিশাল থানা পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে বাজার তদারকি জোরদার করা হবে এবং ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।