সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) কুবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুযারি) বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউট্যাব কুবি শাখার সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিনের সঞ্চালনায় ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোঃ বেলাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, 'আমাদের দেশে এখন আমাদের সকলের কাঙ্ক্ষিত অবস্থা ফিরে এসেছে, আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। আমরা এখন সকলে চেষ্টা করবো একসাথে থাকার এবং সবার সমান অধিকার নিশ্চিত করা। এছাড়া আমরা যাতে আমাদের ভিশন ও মিশন অনুয়ায়ী চলতে পারি এবং শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলতে পারি সেই কামনা করবো।'
ইফতার মাহফিলে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, 'আজকে ইউট্যাবের আয়োজনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে এসেছে। আমরা ইউট্যাব থেকে বিভিন্ন কাজে মাঠে ছিলাম। আমরা শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেলের দাবিতে স্মারকলিপি প্রদান করেছি, আশাকরি সেটি দ্রুত বাস্তবায়ন হবে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার সকলে একসাথে থাকবো, সেই দোয়া করি।'
ইউট্যাব, কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, 'একদিনের প্রস্তুতিতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা অনেকদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক হতে পারিনা কারণ আমাদের শিক্ষক সমিতি নেই। যার ফলে প্রমোশনসহ অনেক বিষয়ে বৈষম্য সৃষ্টি হচ্ছে। আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হবে। আমাদের আজকের আয়োজনের উদ্দেশ্য শহীদ প্রেসিডেনলট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা। সেইসাথে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা। আমরা সকলেই দোয়া করবো, পাশাপাশি আমরা সকল শিক্ষক, শিক্ষার্থী যাতে একসাথে থাকতে পারি সেই কামনা করবো।'