সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ‘গণ মিষ্টি বিতরণ’ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটা বিভাগে এবং প্রশাসনিক ভবনের প্রত্যেকটা দপ্তরে গিয়ে মিষ্টি বিতরণ করেন।
শাখা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মো: আবুল বাশার বলেন, 'গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে। দীর্ঘ সাড়ে সতেরো বছরের সংগ্রামের পর জনগণের ভোটাধিকারের প্রত্যাশা পূরণ হয়েছে। বিএনপি একটি শক্তিশালী ও গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনের মাধ্যমে তার প্রমাণ দিয়েছে।'
তিনি আরো বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিগত সময়ের পেশীশক্তি ভিত্তিক ছাত্র রাজনীতির পুনরাবৃত্তি করবে না। আমরা শিক্ষার্থীদের পাশে থেকে তাদের মৌলিক অধিকার আদায় ও বাস্তবায়নে লক্ষ্যে কাজ করবো। পূর্ববর্তী সময়ে শিক্ষার্থীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং গত আঠারো মাসে প্রশাসন সেসব ঘাটতি পূরণে ব্যর্থ হয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কাজ করে যাবে।'
শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'দীর্ঘ ১৮ বছর লড়াই সংগ্রাম করে, বিএনপি'র সরকার গঠন উপলক্ষে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আনন্দে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে গণ মিষ্টি বিতরণ কর্মসূচি আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করি আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশে সুস্থ ধারার ক্যাম্পাস ও রাজনীতি পরিচালনায় শিক্ষার্থীবান্ধব সংগঠন গুলোও আমাদের সহায়ক হবে। সকলের সার্বজনীন প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস সকলকে উপহার দিতে পারবো।'
শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'আজকের মিষ্টি বিতরন কর্মসূচিতে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দকে স্বাগতম। সুখ-দুঃখ সবাই মিলে উপভোগ করলে জয়ের আনন্দ বহুগুণে বৃদ্ধি পায়। আমরা চাই আমাদের নিরঙ্কুশ জয়, ছাত্রদলের জয়, বিএনপির জয়, তারেক রহমানের জয়, সকলকে সঙ্গে নিয়ে আনন্দ উদযাপন করতে। ক্ষণিকের এই বিশ্ববিদ্যালয় জীবনে আমরা সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে চাই।'