মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকের মাওলানা ইব্রাহিম আল হাদীর নেতৃত্বে এক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর বাইপাস মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস মোড়ে এসে শেষ হয়। গণমিছিল চলাকালে মাওলানা ইব্রাহিম আল হাদী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে হাতপাখা প্রতীকে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি বলেন, দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে মুক্ত একটি কল্যাণরাষ্ট্র গড়তে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। জনগণ সুযোগ দিলে রাজাপুর–কাঁঠালিয়ার মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
তিনি আরও বলেন, এই নির্বাচন দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রকৃত রায় প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।
গণমিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ, নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ক্বারী তাওহিদুল ইসলাম, রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আলামিন দোহারী, সাধারণ সম্পাদক মাওলানা বাইজিদ হক ফরাজীসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যক সমর্থক গণমিছিলে অংশগ্রহণ করেন।