আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে ১০ম বার্ষিক নাট্যোৎসব-২০২৬-এর উদ্বোধন আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ ফেব্রুয়ারী) থেকে শুরু হওয়া এ নাট্যোৎসব চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চায়িত হবে।
নাট্যোৎসবের উদ্বোধন উপলক্ষে আজ দুপুর ১২টায় নতুন কলা ভবন থেকে একটি আনন্দ রযালি বের করা হয়। রযালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ড. জাহাঙ্গীর আলম বলেন, "সাহিত্য, নাটক ও সিনেমা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। নাটকের মাধ্যমে সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয় সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, যা সকল শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। যেহেতু এই নাটকগুলো শিক্ষার্থীদের পরীক্ষার অংশ, তাই এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবেও বিবেচিত হবে। ভবিষ্যতে তারা সমাজের অবিচার, অনাচার, অবহেলিত বাস্তবতা ও গ্রামীণ সংস্কৃতি আরও দক্ষতার সঙ্গে সকলের সামনে তুলে ধরতে পারবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা এবং কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। সঞ্চালনা করেন বিভাগটির সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।
বিভাগীয় সূত্রে জানা যায়, এ বছর নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় পরীক্ষার অংশ হিসেবে মোট ৭ দিনে ১৪টি নাটক মঞ্চায়িত হবে। নাটকগুলো হলো, উজানে মৃত্যু, টপ গার্লস, চোখের বালি, দ্যা ম্যারেজ প্রপোজাল, মুক্তি বন্দিদশা, নকশী কাথাঁর মাঠ, শনিবার, ফ্রাইড ব্রেইন, ৪০৪ ওপেলিয়া মেশিন, দ্য কোর্ট অব ডিসক্রিমিনেশন, নো এক্সিট, এবং ইন্দ্রজিৎ, নানারঙের দিন ও কাজলরেখা। নাট্যোৎসবে প্রাচ্য ও পাশ্চাত্যের খ্যাতনামা নাট্যকারদের নাটকের পাশাপাশি শিক্ষার্থীদের মৌলিক নাটকও প্রদর্শিত হচ্ছে।
আজ উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় শিক্ষার্থী রাজন বিশ্বাসের নির্দেশনায় সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘উজানে মৃত্যু’ নাটকটি মঞ্চায়িত হবে। এরপর রাত ৮টা ৩০ মিনিটে রেজুওয়ানা সুলতানা কনার নির্দেশনায় পরিবেশিত হবে কারিল চার্চিলের রচিত নাটক ‘Top Girls’।
উল্লেখ্য আগামী ৯ ফেব্রুয়ারি মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত নাটক ‘কাজলরেখা’ মঞ্চায়নের মধ্য দিয়ে নাট্যোৎসবের পর্দা নামবে।