আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন' বিষয়ক সাত দিনব্যাপী কর্মশালা।
পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসে'র নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’র উদ্যোগে একদল তরুণ শিক্ষার্থী এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় অংশগ্রহণকারী সকল নারী শিক্ষার্থীকে গ্রীন ভয়েস নজরুল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে টি-শার্ট উপহার দেওয়া হয়।
শুক্রবার দুপুর থেকে কর্মশালার মূল পর্ব শুরু হয়। এর আগে ২৯ জানুয়ারি কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণকারীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় গ্রীন ভয়েস ও বহ্নিশিখার কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং নারীদের আত্মরক্ষা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, এবারের প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬১ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মশালা। এতে নারীদের আত্মরক্ষা কৌশল, ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা, শারীরিক ও মানসিক সুস্থতা এবং আত্মবিশ্বাস উন্নয়ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানীর মাধ্যমে বিশেষ মেন্টাল হেলথ সেশন পরিচালিত হবে।
বহ্নিশিখা'র সমন্বয়কারী মো. আল হাশর বলেন, 'বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েসের নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখার উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাসী ও সচেতন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
সংগঠনটির সভাপতি পারিকা মোস্তফা বলেন, 'বহ্নিশিখা গ্রীন ভয়েসের শিশু ও নারী অধিকার রক্ষা বিষয়ক একটি কার্যক্রম। একজন নারীকে শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই বহ্নিশিখার লক্ষ্য।
তিনি আরও বলেন, ১৫ জুন ২০২০ সাল থেকে বহ্নিশিখা দেশজুড়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।'
প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থী রিক্তা রায় বলেন, 'বর্তমান সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষার কৌশল জানা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ ভয় নয়, সাহস নিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে শেখাচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিক শক্তি তৈরি করছে।'