Author: নিজস্ব প্রতিবেদক :

  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তিনি বলেন, মাঠপর্যায়ে এর বাস্তবায়ন দৃশ্যমান হবে। আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে থাকবে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘বৃহত্তর চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সেল’-এর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, বৃহত্তর চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনা করা হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় যেসব নিরাপত্তা-সংবেদনশীল বিষয় রয়েছে, সেগুলো চিহ্নিত করে সম্ভাব্য ঝুঁকি ও করণীয় নির্ধারণ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

    রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিকভাবে আচরণবিধি প্রতিপালনে তাদের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তঃদলীয় সংঘাতের মাত্রা তুলনামূলকভাবে কম, যা একটি ইতিবাচক লক্ষণ। নির্বাচন যতই ঘনিয়ে আসুক, কোনো দল যেন সহিংসতায় জড়িয়ে না পড়ে- এভাবে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন করাই সবার প্রত্যাশা।

    নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আমরা আজ যে সমন্বিত বাহিনীর প্রস্তুতি দেখেছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। বৃহত্তর চট্টগ্রামে একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।

    গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরা গণমাধ্যমের বড় দায়িত্ব। অপতথ্য ও গুজব রোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অপতথ্য ছড়ানো যেমন অপরাধ, তেমনি অপতথ্য শেয়ার করাও অপরাধ- এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

    নির্বাচন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কারও যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে নির্বাচনী ইনকোয়ারি কমিটি ও নির্বাচন কমিশনের কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, গত ১৩ ডিসেম্বর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে অভিযান চলছে। এ অভিযানে এখন পর্যন্ত ২০০টিরও বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    ভোটারদের কেন্দ্রমুখী হওয়ার বিষয়ে তিনি বলেন, ভোটাররা ভোট দিতে ভোটকেন্দ্রের দিকে তাকিয়ে আছেন। অতীতে যে নেতিবাচক অভিজ্ঞতা ছিল, সামনে তার পুনরাবৃত্তি হবে না- ইনশাআল্লাহ।

    এরআগে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আপনারা যে অপারেশনগুলো করছেন, অপারেশনের পরে তা মিডিয়ায় দিয়ে দিবেন। কোনো গোষ্ঠী বা দল যদি অপকর্ম করে পার পেয়ে যেতে চায় তাহলে তারা যেন উৎসাহিত বোধ না করে। কারণ তারা জানবে অপকর্ম করলে ধরা পড়তে হবে এবং অপকর্ম লোকালি থাকবে না জাতীয় বিষয় হয়ে যাবে। লোকাল ক্ষতির পাশাপাশি জাতীয় ক্ষতি হবে। আমরা চাই রাজনৈতিক দলগুলো আইন মেনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করুক।

    নির্বাচনকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যাতে সংখ্যালঘুদের ব্যবহার করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, এ এলাকায় (চট্টগ্রাম) সংখ্যালঘুদের আবাস আছে। নির্বাচনকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল সংখ্যালঘুদের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটানোর প্রয়াস চালাতে পারে। অতীতেও এমন ঘটনা ঘটেছে। সেদিকে লক্ষ্য রাখতে হবে।

    মতবিনিয়ম সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমদ খাঁন প্রমুখ।

  • হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

    হাসিনার মামলায় ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

    জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

    এর আগে, ৮ সেপ্টেম্বর ১৩তম দিনে তিনজন সাক্ষ্য দেন। তবে ৩৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া এসআই মো. আশরাফুল ইসলামের জেরা হয়নি। তাকে আজ জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

    গত ২ সেপ্টেম্বর ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এ মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তার জেরা শেষ হয় ৪ সেপ্টেম্বর। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে অজানা অনেক তথ্য ট্রাইব্যুনালের সামনে এনেছেন।

    এ মামলায় এখন পর্যন্ত ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা।

    এর আগে, ১ সেপ্টেম্বর দশম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এদিন জবানবন্দি দিয়েছেন ছয়জন। এর মধ্যে চিকিৎসক-সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছেন। এরই ধারাবাহিকতায় আজও সাক্ষ্যগ্রহণ হবে।

    গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন।

    আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার রয়েছে। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

  • ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

    ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। গণনার সময় ভোটকেন্দ্রেও থাকবেন সেনাসদস্যরা।

    মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান করবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনারা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

    রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এ ছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না।

    এদিকে আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।

  • বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি!

    বাংলাদেশ বিমানের ১০ চাকা চুরি!

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

    বিমানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজের চাকা চুরির এ ঘটনায় এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

    বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একেকটি চাকার দাম ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। সেই হিসেবে আনুমানিক প্রায় কোটি টাকার চাকা বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চাকার ব্যবহার মেয়াদ শেষ হয়েছিল এবং সেগুলো হ্যাঙ্গারের পাশে ‘অকশন শেডে’ সংরক্ষিত ছিল। ঘটনাটি নিয়ে বর্তমানে তদন্ত চলমান।

    গত সোমবার বিমানবন্দর থানায় একটি জিডি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন। তবে জিডিতে ঘটনাটি সরাসরি ‘চুরি’ হিসেবে উল্লেখ করা হয়নি। এতে উল্লেখ রয়েছে, ১৬ আগস্ট (শনিবার) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অবস্থিত অকশন শেড থেকে খুঁজে পাওয়া যায়নি।

    জিডিতে আরও উল্লেখ করা হয়, চাকার খোঁজ না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হককে।

    তাদের দেওয়া তথ্যমতে, দেশের একটি বেসরকারি বিমান সংস্থার এক কর্মকর্তাকে ১০টি চাকা ‘ব্যবহারের জন্য’ দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

    বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, উড়োজাহাজের চাকার বিষয়ে বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। পুলিশ নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

    উল্লেখযোগ্য, সম্প্রতি বিমানের একাধিক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এসব ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে নতুন করে সামনে এলো উড়োজাহাজের চাকা চুরির অভিযোগ।

  • শিবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

    শিবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা

    আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সফল কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে।

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোকামতলা আদর্শ থানা শাখার সভাপতি আব্দুল আলিমের সঞ্চালনায় এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ সোহানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ আঃ হক সরকার।

    এইসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সহ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, সেক্রেটারি আল ইমরান, সাবেক জেলা সভাপতি রুকোনুজ্জামান, সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও ফাউন্ডেশন সম্পাদক নুরুল ইসলাম আকন্দ, সাবেক শহর সভাপতি আনিসুর রহমান , সাবেক কেন্দ্রীয় গবেষণা সম্পাদক এ্যাডভোকেট সাকিল উদ্দিন।

    এসময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক আবু হানিফা ,জেলা অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন ,জেলা প্রকাশনা সম্পাদক মেহেদুল ইসলাম,জেলা সাংস্কৃতিক সম্পাদক আবু হুজাইফা , মহাস্থান আদর্শ থানা শাখার সভাপতি জোবায়ের, পিরগাছা আদর্শ থানা শাখার সভাপতি আলি হাসান সহ আরো অনেকেই।

    বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করার পরামর্শ দেন এবং আদর্শ, নৈতিকতা ও উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠান শেষে ৩৫০ জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন অতিথিরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃতি শিক্ষার্থীরা ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ ইসলাম

    জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ ইসলাম

    নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বলেছেন, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী বা জুলাইয়ের নাম বিক্রি করে কেউ যদি  অপকর্মের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

    শনিবার (০২ আগস্ট) বিকালে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, শুধু বৈষম্যবিরোধী নয়, রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে, সেটাতেও কঠোর হতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিলোপ ঘটাতে হবে। এটাই কিন্তু আমাদের সবারই আকাঙ্ক্ষা ও প্রত্যাশা।

    জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে প্রাপ্তি কী, এমন এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পূর্ণতা হয়নি। অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল সবারই দায়িত্ব ছিল। যেহেতু অন্তর্বর্তী সরকারের কাছেই সব ক্ষমতা, তাদের বেশি দায়িত্ব ছিল। জুলাই সনদের মাধ্যমে হয়তো এর আংশিক প্রাপ্তি পাওয়া যাবে।

    তিনি বলেন, ৩ আগস্ট (২০২৪ সাল) একটা ঐতিহাসিক দিন। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা (আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ) ঘোষণা করা হয়েছিল। তাই ৩ আগস্ট (আজ রোববার) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে হচ্ছে। তবে চেষ্টা থাকবে যাতে মানুষের ভোগান্তি কম হয়। এ কর্মসূচির মাধ্যমে এনসিপির ভবিষ্যৎ রূপরেখা হাজির করা হবে।

    নাহিদ বলেন, এনসিপির অনুরোধে ছাত্রদল শহীদ মিনার থেকে তাদের কর্মসূচি (৩ আগস্ট) সরিয়ে শাহবাগে এনেছে। এ জন্য ছাত্রদলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

    যেহেতু একই এলাকায় বড় দুটি কর্মসূচি থাকবে, পাশাপাশি এইসএসসি-বিসিএস পরীক্ষাও হবে, তাই ঢাকা শহরে যানজটে ভোগান্তি হবে বলে আগাম দুঃখ প্রকাশ করেন নাহিদ।

  • জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা ও উপহার প্রদান করবে তথ্য মন্ত্রণালয়

    জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা ও উপহার প্রদান করবে তথ্য মন্ত্রণালয়

    জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করবে। সম্প্রতি মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    এ উপলক্ষ্যে আগামী ৫ জুলাই জাতীয় জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো আয়োজন করা হবে।

    সারা দেশে ও বিদেশে বাংলাদেশ মিশনসমূহে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।  এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হবে।

    গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আগামী ০১ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন পত্রিকায় বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা  হবে। জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ব্যানার ও বিলবোর্ড স্থাপন, ফটোকার্ড তৈরি ও প্রচার এবং পোস্টার, ফেস্টুন মুদ্রণ ও বিতরণ করা হবে।

    জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত প্রকাশনা উৎসব, গণ-অভ্যুত্থানের আলোকচিত্র ও গ্রাফিতিসমূহ প্রদর্শন করা হবে।

    এছাড়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার অংশ গ্রহণে বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা  হবে।

  • শিক্ষা মানুষকে রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে : গণশিক্ষা উপদেষ্টা

    শিক্ষা মানুষকে রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে : গণশিক্ষা উপদেষ্টা

    প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে।

    তিনি বলেন, শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে- একটি হচ্ছে- শিক্ষা ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা রয়েছে তার বিকাশ সাধন করে। অন্যটি হচ্ছে- শিক্ষা মানুষকে তার সমাজের বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে এ দু’টি দিকের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

    উপদেষ্টা আজ ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত ‘স্কিল ফোকাস লিটারেচি ফর আউট অব স্কুল এডোলেসেন্টস’ (স্কিলফো) পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

    ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘স্কিলফো’ প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এ সফলতাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। বরং এর সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. কে. এম. কবিরুল ইসলাম।

    এ সময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।

  • গবাদি পশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

    গবাদি পশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

    মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গবাদি পশুর রোগ প্রতিরোধে সময় মতো ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।

    শনিবার (২৮ জুন) মানিকগঞ্জ পৌরসভার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে নির্বাচিত চারটি জেলায় গবাদিপশুর ফুরা রোগের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার সময় একথা বলেন প্রাণিসম্পদ উপদেষ্টা।

    তিনি বলেন, ‘গবাদিপশু পালনের ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। গবাদিপশু যাতে রোগে আক্রান্ত না হয়, এ লক্ষ্যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়।’

    ফরিদা আখতার আরও বলেন, শুধু মাংস উৎপাদন বা রপ্তানির জন্য নয়, পশুর স্বাস্থ্যের সুরক্ষার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।’

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ভ্যাকসিন যেন নির্দিষ্ট সময়েই দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খামারিদের সর্বোচ্চ সেবা দিতে আপনাদের সব সময় সচেষ্ট থাকতে হবে।

    এলএসডি’র জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন দেশে উৎপাদনের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই এ রোগে আক্রান্ত গরু কোরবানির হাটে এসেছে বলে দাবি করলেও প্রকৃতপক্ষে এ ধরণের গরু হাটে আসেনি।

    দুধের ন্যায্য দাম না পাওয়ার বিষয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, গরুর দুধের সঠিক দাম না পাওয়ার কারণে খামারিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই চিলিং সেন্টার স্থাপন করা জরুরি। যে অর্থ দিয়ে বিদেশ থেকে গুড়া দুধ আমদানি করা হয়, তা দেশের চিলিং সেন্টার স্থাপনে ব্যয় করলে খামারিরা উপকৃত হতেন।

    তিনি আরও বলেন, গুড়া দুধ আমদানি আমাদের জন্য লজ্জার বিষয়।

    এ খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    বিশেষ অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের সফলতা খামারিদের সহযোগিতার ওপর নির্ভরশীল।

    তিনি আরও বলেন, খামারিদের উৎপাদনই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে ও অর্থনীতিকে শক্ত ভিত্তি দিচ্ছে।

    প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন- মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন ও অধিদপ্তরের পরিচালক ডা. মোঃ বয়জার রহমান।

    পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প সম্পর্কে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ডা. অমর জ্যোতি চাকমা।

    এতে স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান।

    সুফল ভোগীদের পক্ষে বক্তৃতা করেন সেবিকা মন্ডল, আতাউর রহমান।

    এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গবাদিপশু খামারিরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (২য় সংশোধিত) প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় গরু-মহিষের ক্ষুরারোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকল্পভুক্ত নির্বাচিত চারটি জেলায় (মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও ভোলা) আজ সকালে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

  • একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

    একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর পক্ষ থেকে মাস ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ২০২৫ এ কার্যক্রম কে লক্ষ করে ইসলামী ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা এবং কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সমন্বয়ে আজ (১৯) এ জুন কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন রকম ফল ফলাদি ও ঔষধি মিলে প্রাথমিক ভাবে ২৫ টি গাছ রোপন করা হয়।

    বৃক্ষ রোপন এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরে এর কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মো: মেজবাউল আলম, এবং জেলা শাখার সভাপতি মো: মুকুল মিয়া, সেক্রেটারী মোশাররফ হোসেন সহ তৃণমূলের সব কর্মীবৃন্দ, এ সময়ে বৃক্ষ রোপন স্লোগানে তারা বলেন।

    “একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, 

    সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে”

    দেশের সকল অভ্যন্তরীন সমস্ত উন্নয়ন মূলক কাজ, বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ, ও যুব সমাজকে বিশ্বের দরবারে এক উজ্জল নক্ষত্র হিসাবে উন্মোচন করার পরিকল্পনায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির , বলেছেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের দাওয়া সম্পাদক মো: মেজবাউল আলাম। বক্তব্যে এর আরো এক স্টেপে তিনি বলেন, আমাদের মূল লক্ষ যুব সমাজকে তাদের লক্ষ্যে পৌছানো এবং সুন্দর ও উন্নত দেশ বির্নিমানে অটুট থাকা।

    তার বক্তব্য কে কেন্দ্র করে ইসলামি ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো মুকুল মিয়া জানান প্রতিহিংসা নয়, ব্যালেন্সই সক্ষমতা।

    আমাদের কে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কিন্তু সেটাকে রুখতে আরেকটি অন্যায় হবে এমন কোন কাজ করা যাবেনা, কারো প্রতি পাল্টা আঘাত, রক্তপাট, হামলা, এগুলো থেকে আমরা বিরত্ থাকবো, নিজেরা ব্যালেন্স করে চলার চেষ্টা করবো, যেখানে নিয়ন্ত্রণ এর বাহিরে চলে যাবে, আইন শৃঙ্খলা বাহিনিকে সেটার তদারকি তুলে দিবো, কেউ আইনকে নিজের হাতে তুলে নিবোনা, এমনটাই আশা রাখেন বলে জানান তিনি।

  • ৬০ বছর পর রাজধানী ছাড়ছে গোল্ডলিফ-বেনসনের কারখানা: স্থানান্তর শুরু ১ জুলাই

    ৬০ বছর পর রাজধানী ছাড়ছে গোল্ডলিফ-বেনসনের কারখানা: স্থানান্তর শুরু ১ জুলাই

    বাংলাদেশের তামাক শিল্পে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) বাংলাদেশ তাদের দীর্ঘ ৬০ বছরের পুরনো কারখানা ও প্রধান কার্যালয় রাজধানী ঢাকার মোগলখালী এলাকা থেকে সরিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটি আগামী ১ জুলাই ২০২৫ থেকে ধাপে ধাপে কার্যক্রম আশুলিয়ার নতুন কারখানায় স্থানান্তর শুরু করবে।

    জানা গেছে, মোগলখালী এলাকায় আবাসিক অঞ্চলের মাঝে কারখানাটি দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং পরিবেশগত ঝুঁকির বিষয়টি সামনে আসার পর সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট BAT‑এর জমি ভোগদখলের নবায়নের আবেদন নাকচ করে দেয়। এর ফলে প্রতিষ্ঠানটি মোগলখালী কারখানা ও অফিস স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

    ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ১৯৬৫ সালে রাজধানীর মোগলখালীতে তাদের দ্বিতীয় কারখানার কার্যক্রম শুরু করে। গোল্ডলিফ, বেনসন অ্যান্ড হেজেসসহ তাদের একাধিক জনপ্রিয় ব্র্যান্ড এখানেই উৎপাদিত হতো।

    স্থানান্তরের বিষয়ে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, “আদালতের রায় এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে আমরা কারখানা ও প্রধান কার্যালয় আশুলিয়ার নতুন স্থাপনায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। নতুন জায়গায় আরও আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন অব্যাহত থাকবে।”

    বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের উদ্যোগ নগরায়নের জন্য ইতিবাচক হলেও কর্মসংস্থানের ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে আশুলিয়ায় স্থাপিত নতুন কারখানায় অধিক প্রযুক্তিনির্ভর ও বিস্তৃত পরিসরে কার্যক্রম চালানোর পরিকল্পনা থাকায় অনেকের মতে এটি ভবিষ্যতের জন্য লাভজনক পদক্ষেপ।

    এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “কারখানার কারণে আশপাশে প্রচণ্ড ধোঁয়া, শব্দদূষণ এবং যানজট লেগেই থাকত। অবশেষে স্থানান্তরের সিদ্ধান্তটি আমাদের জন্য স্বস্তির।”

    বলা চলে, দীর্ঘদিন ধরে রাজধানীর অভ্যন্তরে চলমান একটি ভারী শিল্প অবশেষে শহরের বাইরের একটি নির্ধারিত শিল্পাঞ্চলে চলে যাওয়ার মাধ্যমে শহর উন্নয়ন ও জনস্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।

  • লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান: সরকারকে সালাহউদ্দিন আহমদ

    লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান: সরকারকে সালাহউদ্দিন আহমদ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বলব, অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি; সেরকম কার্যক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরই ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়া কমিউনিকেট করবেন বলে আশা করি। যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে, তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে।

    রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোমবার ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে শুক্রবার লন্ডনের বৈঠকে মত দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    তবে রোববার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, লন্ডনে যে ঘোষণাটা এসেছে অন্যদের মতো সংবাদমাধ্যম থেকে যেটুকু জানা, এর বাইরে কিছু নেই। এ নিয়ে আমি মন্তব্য করতে পারব না। ভেতরে কী আলাপ হয়েছে। শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে, সেটা তো আন-সাইনড; এটাইবা কতটুকু জেনুইন, তাও তো জানি না। কারো স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন। তাহলে বুঝতাম এটা অফিসিয়াল ডকুমেন্ট।

    সিইসির এই বক্তব্যের পরদিন লন্ডনের বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানানোর অনুরোধ জানাল বিএনপি।

    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

  • করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ৭ নির্দেশনা

    করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ৭ নির্দেশনা

    বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। দেশেও করোনা ভাইরাসের নতুন একটি উপধরনে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    বুধবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সতর্কতার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

    তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল, নৌ, বিমান বন্দরের আইএইচআর ডেস্কসমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ থেকে বাঁচতে ৭ নির্দেশনা দেন।

    নির্দেশনাগুলো হলো:

    ১. জনসমাগম এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন।
    ২. শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন।
    ৩. হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখুন (কনুই বা টিস্যু ব্যবহার করে)।
    ৪. ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন।
    ৫. সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন।
    ৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না।
    ৭. আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

    সংবাদ সম্মেলনে করোনা শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতির বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়েছে।

    অধ্যাপক ডা. আবু জাফর বলেন, করোনা শনাক্তে আবারও আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি করোনার টিকা, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা, ভেন্টিলেটর, আইসিইউ ও এইচডিইউ সুবিধাসহ কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

    এছাড়াও সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা সরঞ্জাম যেমন—কেএন-৯৫ মাস্ক, পিপিই ও ফেস শিল্ড নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব প্রস্তুতি চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

    এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালার (আইএইচআর) আওতায় পরিচালিত ডেস্কগুলোকে আরও সক্রিয় করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

  • জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া

    জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া

    জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় এ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।

    এই জামাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    সঙ্গে এখানে নামাজ আদায় করেছেন উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ।

    এই ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান।

    সাড়ে সাতটায় জামাত থাকলেও ঈদের নামাজ আদায় করতে মুসল্লিরা ভীড় জমাতে থাকেন সকাল সাড়ে ছয়টা থেকেই। সব শ্রেণির মানুষ সেখানে সব ভেদাভেদ ভুলে নামাজ আদায় করেছেন।

    নামাজ শেষে খুতবা পড়া হয়। এরপর মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, ও নাগরিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এই দোয়ায় ফিলিস্তিনসহ মুসলিম জাহানের শান্তির প্রার্থনাও করা হয়।

    এবারের ঈদের জামাতে জাতীয় ঈদগাহে ৩৫ হাজারের কাছাকাছি মুসল্লির ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সঙ্গে ভিআইপি ব্লকে ছিল ২৫০ জনের নামাজের ব্যবস্থা। এই জামাতে নারীদের জন্যও আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। এই জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে উপস্থিত ছিল পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

  • আসছে ঈদুল আজহা রাজধানীতে প্রস্তুত গাবতলী পশুর হাট

    আসছে ঈদুল আজহা রাজধানীতে প্রস্তুত গাবতলী পশুর হাট

    সপ্তাহখানেক পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। কোরবানির এই ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকার গাবতলীতে জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো।

    ঢাকার একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতে গরু রাখার স্থানসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্নের পথে। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকযোগে গাবতলী হাটে আসছে কোরবানির পশু।

    শনিবার (৩১ মে) গাবতলী পশুর হাটে দেখা যায়, ঈদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রবেশপথে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গরু। এসব গরুর মধ্যে অনেকগুলোর দাম চাওয়া হচ্ছে ২ লাখ টাকা (প্রায়) পর্যন্ত।

    সাধারণত ঢাকায় গরু বেচাকেনা শুরু হয় ঈদের দুই-তিন দিন আগে, জায়গার স্বল্পতার কারণে। তবে যাদের নিজস্ব বাড়ি রয়েছে, তারা বেশ কিছু সময় আগেই কোরবানির পশু কেনার আগ্রহ দেখাচ্ছেন।

    একজন ক্রেতা বলেন, “এবার ইচ্ছে আছে আল্লাহর ওয়াস্তে দুই লাখ টাকার গরু কেনার।

    কোরহাটের হাসিল ঘরে দায়িত্ব পালন করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা। তারা জানান, হাটের ইজারা এখনও চূড়ান্ত হয়নি।

    ইজারা হলে তারা দায়িত্ব হস্তান্তর করবেন। বর্তমানে তারা প্রতি হাজারে ৩৫ টাকা খাস আদায় করছেন।

  • সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় সরকারকে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

    সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় সরকারকে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

    সংস্কার ও বিচারের আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘যারা বিচার চায় না, তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না। ২০১৪ সালে হলো বিনা ভোটের নির্বাচন, ২০১৮ দিনের ভোট রাতে হলো এবং ২০২৪ সালে নিজেরা নিজেরা ভোট দিয়ে ডামি নির্বাচন করেছে। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না।’

    শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জামায়াত নেতা বলেন, ‘যারা অন্যায়ভাবে হত্যা করেছে, ওই দল ও তাদের সঙ্গে যারা জড়িত সবার বিচার হওয়া উচিত। আমরা সরকারকে বলব- আগে বিচার হবে, এরপর সংস্কার এবং পরে নির্বাচন হতে হবে।

    এ সময় মুজিবুর রহমান আরও বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। কিন্তু তাদের স্লোগান ছিল তোমারটাও আমি দেব। এভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে। অতএব, ভোট ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। মৃত গণতন্ত্র মৃত ভোট ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। সেই জন্য আমরা সরকারকে বলব- সংস্কারের আগে নির্বাচন হবে না। বিচারের আগে নির্বাচন হবে না।

    দুই দশক পর খোলা মাঠে লক্ষাধিক কর্মী-সমর্থক নিয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতের এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

    কর্মী সম্মেলন উপলক্ষে সকাল থেকে জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মী অংশগ্রহণ করেন।

  • শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

    শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

    সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে, অবিলম্বে তা কার্যকর করে স্থানীয় সরকারকে শপথ পড়ানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

    বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে এসে সেখানে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন ইশরাক।

    সরকারের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘এই রায়ের পর অবিলম্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমার শপথ গ্রহণের জন্য পদক্ষেপ নিতে হবে। আপনারা শপথ নিয়ে যে টালবাহানা করছেন, তারই পরিপ্রেক্ষিতে আজ টানা দুই সপ্তাহ নগর ভবনের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এটি করার কোনো এখতিয়ার আপনাদের নাই।’

    এসময় নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন ইশরাক।

    তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণার পরপর আপনাদের উচিত ছিল শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। যেহেতু আগে এটা করেন নাই, এখন সর্বোচ্চ আদালতের এই নির্দেশনা আপনাদের ওপর এমনিতেই বর্তায়। যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের অবমাননার অভিযোগ চলে আসবে।’

  • ছাত্র দুই উপদেষ্টার সঙ্গে কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

    ছাত্র দুই উপদেষ্টার সঙ্গে কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

    অন্তর্বর্তী সরকারে যে দুই ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    ছাত্র উপদেষ্টাদের রাজনীতিতে আসার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে।’

    নাহিদ বলেন, তারা (দুই ছাত্র উপদেষ্টা) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না।

    এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর আভাস লক্ষ্য করছি। দেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেটি ব্যর্থ হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি।

    তিনি আরও বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা, নির্বাচন, সংস্কার ও বিচারসহ প্রতিটি বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন আখতার।

    করিডোর নিয়ে আখতার বলেন, এই ইস্যুতে সরকারের কাছ থেকে দুই ধরনের বক্তব্য শুনেছি। পরে অবশ্য তারা স্পষ্ট করেছে যে, এটি ত্রাণ দেওয়ার জন্য। তবে আমরা বলেছি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

    এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা: ইশরাক হোসেন

    কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা: ইশরাক হোসেন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সেখানে ট্রাকের ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন। পাশাপাশি আদালতের রায় দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি।

    ইশরাক হোসেন বলেন, ‘আজ হাইকোর্টের রায় শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব।

    আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে যে তারা (সরকার) কী করে। তাদের যে কর্মকাণ্ড, সেটার ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে।’

    ইশরাক হোসেন আরও বলেন, ‘একটা জিনিস স্পষ্ট বলতে চাই, রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবি করেছিলাম, ছাত্র দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না, সেই দাবি ।’

    ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি শুরু হয় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। আজ তাঁরা রাজধানীর কাকরাইল মোড়, মৎস্য ভবন মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করেন।

    আদালতের রায়ের প্রসঙ্গে কাকরাইল মোড়ে ইশরাক বলেন, হাইকোর্টে একটি ভুয়া রিট করানোর মাধ্যমে সরকারের পক্ষ থেকে মেয়র পদে তাঁর শপথ গ্রহণ করাকে বাধাগ্রস্ত করা হয়েছিল। শেষে আইনের শাসনের বিজয় হয়েছে। আইনের শাসনের প্রতিষ্ঠা হয়েছে।

    বর্তমান অন্তর্বর্তী সরকার আর কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবে বলে আশা করেন ইশরাক। যদি আবারও টালবাহানা করে এ সরকার, তাহলে আগামীকাল সকালেই আবার এখানে এসে ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে।

    বিএনপির এই নেতা তাঁদের এই কর্মসূচির কারণে চরম জনদুর্ভোগ তৈরি হওয়ায় ঢাকার সাধারণ মানুষের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘এটি আমাদের পরিকল্পনার অংশ ছিল না। বর্তমান সরকার আমাদের অধিকারবঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায়। বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি দেওয়া হয়।’

  • চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা

    চলছে ইশরাক সামর্থকদের ‘ব্লকেড’ কর্মসূচি, উত্তাল নগর ভবন এলাকা

    প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন এলাকায় ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকাবাসী।

    আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা।

    পূর্ব ঘোষণা অনুসারে সোমবার সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হতে থাকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নগরবাসী। বেলা ১১টায় কর্মসূচি থাকলেও তারও আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা। একইসঙ্গে গোলাপশাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেয়া হয়।

    কার্যত সকাল থেকেই অচলাবস্থা বিরাজ করছে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায়। আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র আদালত ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানায়। অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

    পুরান ঢাকার আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। একইসঙ্গে বলেন, এখন আমাদের দাবি শুধু ইশরাক ভাইয়ের মেয়রের দাবিই নয়, আসিফেরও পদত্যাগ করতে হবে। ওরা নব্য স্বৈরাচার।

    সকাল থেকেই নগর ভবনের সামনে স্টেজ করে অবস্থান করে নগর ভবন এলাকা ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা। আসিফ তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়, শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না, অবৈধ তালবাহানা মানি না মানবো নাসহ নানাবিধ শ্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা। হাজার হাজার নগরবাসী একসঙ্গে ইশরাক হোসেনের মেয়রের পক্ষে আওয়াজ তুলেন।

    আজ নিয়ে গেল পাঁচ দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন ঢাকাবাসী। এর আগে গত শনিবার এবং রোববার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।

    আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের। তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

    পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে চান তারা।

    উল্লেখ্য, টানা চারদিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর রোববার (১৮ মে) নগর ভবন ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকাবাসীর পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান।