Author: নিউজ ডেক্স

  • সিরাজগঞ্জে শাহজাদপুরে বিএনপি’র দুই নেতার পদ স্থগিত

    সিরাজগঞ্জে শাহজাদপুরে বিএনপি’র দুই নেতার পদ স্থগিত

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনার পর উভয় গ্রুপের বিএনপির দুই নেতার দলীয় সব পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি।

    গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

    পদ স্থগিত হওয়া নেতারা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ড. এম. এ মুহিত এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার পত্র প্রাপ্তি ও পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

    পত্রে উল্লেখ করা হয়েছে, দলের মধ্যে বিশৃঙ্খলা ও হানাহানি সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই দুই নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

    গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের সময় গোলাম সারোয়ারকে বাধা দেওয়া হয়।
    ওই সময় ড. এম. এ মুহিতের সমর্থকদের মারধরে গোলাম সরোয়ারসহ অন্তত ১৫জন নেতাকর্মী আহত হন।
    এ ঘটনার তদন্তে গতকাল সোমবার দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি।

  • সাব-রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে দাতা গ্রহিতা

    সাব-রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে দাতা গ্রহিতা

    আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

    টানা ৪ কর্মদিবস পেড়িয়ে গেলেও এখনো কাজে ফেরেনি চৌদ্দগ্রাম সাব রেজিস্ট্রার মেহেদী হাসান (অতিরিক্ত দায়িত্ব)। কুমিল্লার চৌদ্দগ্রামে সাব রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রি কার্যক্রম। কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এতে ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দলিল দাতা, গ্রহীতা ও নকল দলিল উত্তোলনকারীরাসহ বিভিন্ন সেবা গ্রহীতারা। সাব রেজিস্ট্রারের অনুপস্থিতি তথ্য না জানায় ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা গ্রহীতারা এসে নানান মন্তব্য করে ফিরে যান।

    সোমবার (১০ই ফেব্রুয়ারি) সাব-রেজিস্টার অফিস সূত্রে ও নাম প্রকাশে অনিচ্ছুক দলিল লেখক জানান , গুনবতী সাব-রেজিস্টার অফিস দলিল লেখক সমিতির অন্তর্ভুক্ত দলিল লেখক মোহাম্মদ হানিফ গত মঙ্গলবার (৪ ফেব্রæয়ারী) বিকেলে পৌরসভার ২২ শতক জায়গার দলিল সম্পাদনের জন্য সাব রেজিস্টারের খাস কামরায় প্রবেশ করেন। এসময় অতিরিক্ত দায়িত্বে থাকা সাব-রেজিস্টার মেহেদী হাসান ত্রুটিপূর্ণ কাগজ দেখে ভেন্ডার হানিফকে শতভাগ নির্ভুল দলিল নিয়ে আসতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ভেন্ডার সহ দলিল গ্রহীতা সাব-রেজিস্টারকে লাঞ্চিত করেন। এ ঘটনার জেরে ১০ই ফেব্রæয়ারী (সোমবার) পর্যন্ত সাব-রেজিস্টার কর্মস্থলে আসেননি। এতে ভোগান্তিতে পড়েছেন দলিল দাতা ও গ্রহীতারা।
    গত বুধবার, বৃহস্পতিবার, রবিবার, সোমবার চার কর্ম দিবসে দেখা যায় সাব-রেজিস্টার অফিসে এসে দেখা যায় ২২ শতক জায়গার কবলা দিতে আসা বুদ্দিন গ্রামের রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, ফরিদা বেগম গং জানান, ‘আমরা পূর্বনির্ধারিত বুধবার (৫ই ফেব্রæয়ারী) একটি দলিল সম্পাদনের জন্য এসেছিলাম ঢাকা থেকে। কিন্তু এখানে জানলাম অভ্যন্তরীণ ঝামেলায় সাব-রেজিস্টার অনুপস্থিত। কর্মসূত্রে আমরা সবাই ঢাকা থাকি, মাইক্রোবাস ভাড়া করে ঢাকা থেকে এসেছি, এখন দলিল সম্পাদন না করেই ফিরে যেতে হবে।’
    উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা গ্রাম থেকে আসা আবদুল মমিন বলেন, ‘টাকার জন্য জমি বিক্রি করেছি, কিন্তু আজকে সাব-রেজিস্টার না থাকায় ফিরে যেতে হচ্ছে। জমি রেজিস্টি ছাড়া ক্রেতা টাকা দিচ্ছেনা। বিপদের সময় টাকা-ই যদি না পাই তাহলে জমি বিক্রি করে কী লাভ হলো!
    ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রাম থেকে নতুন বাড়ি নির্মাণের জন্য ক্রয়কৃত জমির দলিল সম্পাদন করতে আসা ইদ্রিস মিয়া বলেন, ‘চাকরিসূত্রে এলাকার বাইরে থাকি। ছেলেমেয়ে বড় হয়েছে। সন্তানদের তাগাদায় একটি নতুন বাড়ি করার উদ্দেশ্যে দলিল সম্পাদন করতে এসে ফিরে যাচ্ছি।’
    দলিল লেখক মমিনুল ইসলাম জানান, আমার দুইটি দলিল রেজিস্ট্রি হওয়ার কথা ছিল। যার একটি বন্টননামা। বন্টননামার একজন অংশীদার আগামীকাল দেশের বাইরে চলে যাবে। কয়েকজন আসছেন শহর থেকে। এমন পরিস্থিতিতে সকলেই ক্ষতিগ্রস্থ।
    আরেক দলিল লেখক মোহাম্মদ রায়হান জানান, সাব রেজিস্ট্রারে সাথে দুর্ব্যবহারের কারণে তিনি অফিসে আসছেন না বলে জেনেছি।
    তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, চৌদ্দগ্রাম সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ সবসময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। সাব-রেজিস্ট্রার মেহেদী(অতিরিক্ত দায়ীত্ব) চৌদ্দগ্রাম অফিসে যোগ দেয়ার কয়েক দিনের মাথায় সমিতির নেতৃবৃন্দের দ্বারা হেনস্থার শিকার হন। ঘটনার সত্যতা জানতে গিয়ে জানা যায়, ভুল দলিল সংশোধন ব্যতিরেকে সম্পাদন না করায় ক্ষিপ্ত হয়ে সমিতির অন্তত দুই নেতা সাব-রেজিস্ট্রারের সাথে বাজে আচরণ করেন।
    দলিল লেখক সমিতির নেতারা নিজেদের সুবিধামত ইচ্ছানুযায়ী কার্য সম্পাদন না হলে তারা রামকেও রাবণ বানিয়ে ছাড়েন।

    দলিল লেখক মোহাম্মদ হানিফ বলেন, দলিল গ্রহীতাগণের সাথে রেজিস্ট্রারের ঝামেলা হয়েছে। ঐদিন ঘটনার সময়ে সমিতির সভাপতি শাহনেওয়াজ শাহিন ও দলিল লেখক মমিনুল ইসলাম ঘটনাস্থলে ছিলেন। আমাদের সাথে কোন ঝামেলা হয়নি। সম্ভবত ব্যক্তিগত কারণে তিনি (সাব রেজিস্ট্রার) আসছেন না।
    চৌদ্দগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি শাহনেওয়াজ শাহিন জানান, সন্ধার পরে হওয়ায় ঐদিন (৪ই ফেব্রæয়ারী) আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে জেনেছি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সাব রেজিস্ট্রার অফিসে আসছেন না বলে জেনেছি।
    চৌদ্দগ্রাম সাব রেজিস্ট্রার মেহেদী হাসান (অতি: দায়িত্ব) জানান, এখানে কাজ করার বিষয়ে মনমানসিকতা নাই। আমি ইতোমধ্যেই বিষয়টি জেলা রেজিস্ট্রার মহোদয়কে জানিয়েছি। আমি এখন থেকে নিয়মিত গুনবতী সাব রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন করবো।
    জেলা রেজিস্ট্রার মনিরুল হাসান বলেন, মেহেদী হাসান অতিরিক্ত দায়িত্ব হিসেবে চৌদ্দগ্রাম সাব রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন করছে। গত ৪ই ফেব্রæয়ারী মঙ্গলবার জনৈক দলিল লিখক ও তার দলিলের গ্রহীতা কর্তৃক মেহেদী হাসানকে লাঞ্চিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে চৌদ্দগ্রাম সাব রেজিস্ট্রি অফিসে অনেকেই (সাব রেজিস্ট্রার) আসতে রাজি হচ্ছেন না। আশা করছি দ্রæতই সমস্যার সমাধান হবে।

  • গাজীপুরের শ্রীপুর থেকে আটক সিরাজগঞ্জ -৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম

    গাজীপুরের শ্রীপুর থেকে আটক সিরাজগঞ্জ -৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম

    গাজীপুরের শ্রীপুর থেকে আটক হয়েছেন সিরাজগঞ্জ -৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলাম (৬১)। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে শ্রীপুর থানা-পুলিশ।

    সাবেক এই সংসদ সদস্যের আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) চৌধুরী মো. যাবের সাদেক। তিনি বলেন, মো. চয়ন ইসলামকে আটক  করা হয়েছে। এ বিষয়ে পরবতী আইনগত কার্যক্রম চলছে।

    শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন প্রথম আলোকে বলেন, রোববার রাতে শ্রীপুর থানা-পুলিশ ওই এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে মো. চয়ন ইসলামকে আটক করে। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

    মামুন আকন আরও বলেন, চয়ন ইসলাম শ্রীপুরের ওই বাড়িতে অবস্থান করছেন, এমন তথ্য পান স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতা কর্মীরা। বিষয়টি শ্রীপুর থানায় জানানো হয়। এর পর সেই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  পুলিশ তাকে ওই বাড়ি থেকে আটক করে শ্রীপুর থানায় নিয়ে যায়।

    খোঁজ নিয়ে জানা গেছে, মো. চয়ন ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ -৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছিলেন। গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়। তার বিরুদ্ধে আরও মামলা আছে।

  • সিরাজগঞ্জের ৫ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

    সিরাজগঞ্জের ৫ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

    জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জের ৬টি নির্বাচনী আসনের মধ্যে জামায়াতে ইসলাম পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীর না ঘোষণা করেছে। সোমবার সকালে সিরাজগঞ্জ শহরের দারুল ইসলাম একাডেমী হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল ব্যক্তিদের সাথে মতবিনিময় শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

    সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড।

    জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদরের একাংশ) আসনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা আমির অধ্যাপক মিজানুর রহমান। জেলার অপর আসন রায়গঞ্জ-তাড়াশ উপজেলা নিয়ে গঠিত

    সিরাজগঞ্জ-৩ আসনে যাচাই বাচাই করে কিছুদিনের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

  • পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে ৩ দিন ধরে কলেজ ছাত্রীর অনশন

    পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে ৩ দিন ধরে কলেজ ছাত্রীর অনশন

    মানিকগঞ্জের শিবালয়ে মো. হাসান আলী নামের এক পুলিশ সদস্যের বাড়িতে তিন দিন ধরে বিয়ের দাবিতে অবস্থান করছেন কলেজ ছাত্রী।
    তবে ওই কলেজ ছাত্রীর উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দিয়েছে প্রেমিক হাসানের পরিবার।

    এ ঘটনা এলাকায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিদিন আশপাশের গ্রামের শত শত নারী-পুরুষ ওই বাড়িতে কলেজ ছাত্রীকে দেখতে ভিড় করছে।

    ওই কলেজছাত্রী বলেন, ‘চার বছর ধরে পুলিশ সদস্য হাসান আলীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক।
    এরই জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করেছে।

    ওই ছাত্রী জানান, হাসান তাকে তার বাড়িতে আসতে বলেন।

    পরে উপায় না পেয়ে তিনি বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে আসলে হাসানের মাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ৪০ দিন পরে বিয়ে দেওয়ার কথা বলে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

    ওই নির্ধারিত সময় শেষ হওয়ায় ভুক্তভোগী আবারও গত তিন দিন ধরে বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান করছেন। তবে তার উপস্থিতি বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়েছেন হাসানের মা,বোন ও পরিবার।

    ভুক্তভোগী বলেন, ‘হাসান নাটোরে পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত রয়েছেন। সে আমাকে বিয়ে না করলে সমাজে আর মুখ দেখাতে পারব না।’

    এ বিষয়ে পুলিশ কনস্টেবল হাসানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

  • গাজীপুরে আ.লীগের ৮২ নেতাকর্মী আটক

    গাজীপুরে আ.লীগের ৮২ নেতাকর্মী আটক

    “অপারেশন ডেভিল হান্ট”

     

    সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। শনিবার থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় গাজীপুরেও পরিচালিত হয়েছে অভিযান। জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। আর মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৪২ জনকে।

    আটক সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

    রোববার সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে।’

    তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (রোববার সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে।

    এদিকে মহানগরীতে অপারেশ ডেভিল হান্ট পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগরীর আট থানায় মোট ৪২জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পূবাইল ও কোনাবাড়ি থানায় দুজন করে, বাসন ও টঙ্গী পূর্ব থানায় ৭ জন করে, মেট্রো সদর থানায় ১৬ জন, গাছা থানায় পাঁচজন ও কাশিমপুর থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

    গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশন মো. জাহিদুল হাসান বলেন, ‘অভিযান চলমান রয়েছে।’

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার বসছে বিএনপি

    প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার বসছে বিএনপি

    দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।  সোমবার সন্ধ্যা ৬ টায় বিএনপির প্রতিনিধি দল যমুনায় যাবে।

    এ বিষয়ে জানতে চাইলে রোববার (৯ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে বলেন, সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে।

    বিএনপির প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বর্তমানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মির্জা ফখরুল আজ সন্ধ্যা ৫ টায় দেশে ফিরবেন।

    এর আগে, গত শুক্রবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • শেখ হাসিনার উস্কানিমুলক বক্তব্য এদেশের শান্তিপ্রিয় মনোভাবকে অশান্ত করে তুলছে

    শেখ হাসিনার উস্কানিমুলক বক্তব্য এদেশের শান্তিপ্রিয় মনোভাবকে অশান্ত করে তুলছে

    জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

    আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা জামাল হায়দার বলেছেন, দেশ এক ক্রান্তিলগ্নে পার করছে। আপনারা জানেন, ৬মাস আগে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে পলায়ন করেছে কিন্তু শেখ হাসিনার অশুভ প্রেতাত্না বাংলাদেশের আনাচে কানাচে এখনো ঘোরাফেরা করছে। তারা একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। গত ৪৮ ঘন্টার জনতার তীব্র ক্ষোভের বহি: প্রকাশ হিসেবে ধানমন্ডির ৩২ নাম্বারের শেখ মুজিবের বাড়ী এবং সারাদেশের বহু জায়গায়া আওয়ামী লীগের বাড়িঘর, অফিস ভাংচুর হয়েছে। কিন্তু চৌদ্দগ্রামে কি হয়েছে আমি জানিনা। এসব ঘটনার জন্য এককভাবে শেখ হাসিনা দায়ী। তিনি দিল্লীতে বসে একটার পর একটা উস্কানীমুলক বক্তব্য দিয়ে এদেশের শান্তিপ্রিয় মনোভাবকে অশান্ত করে তুলছেন। জাতিয় পার্টি হানাহানির রাজনীতিতে বিশ^াস করেনা।

    শনিবার (৮ই ফেব্রুয়ারী) সকালে চৌদ্দগ্রাম পৌর মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জাতিয় পার্টি (জাফর) আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট বিরোধী আগামী নির্বাচনে জাতীয় পার্টির চৌদ্দগ্রাম আসনে প্রার্থী হবে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য (কাজী জাফরের ভাতিজা) কাজী নাহিদ। ঈনশা আল্লাহ আমরা বিজয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ আসন উপহার দিব।
    সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব, সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেন, জাতীয় পার্টির নেতাকর্মী তথা চৌদ্দগ্রামের জনতার দুর্দিনের সাথী সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা কাজী নাহিদ। আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান আগামীর চৌদ্দগ্রামের কান্ডারী হিসেবে কাজী নাহিদকে আপনাদের হাতে তুলে দিবেন। আপনারা তাকে আগামী নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠাবেন। যাতে তিনি চাচা কাজী জাফর আহমেদের মতো বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অবদান রাখতে পারেন।

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, চৌদ্দগ্রামের কৃতিসন্তান কাজী নাহিদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, কাজী জাফর উত্তরাধীকার সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হননি। তিনি তার যোগ্যতা, মেধা এবং বিচক্ষতার কারণে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ৮ম প্রধানমন্ত্রী হয়ে তিনি এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষনা করেছিলেন। আজ থেকে ৪০ বছর আগে তিনি চৌদ্দগ্রামে বিদ্যুৎ এনে দিয়েছিলেন। যখন দেশের অধিকাংশ উপজেলায় সরকারী কলেজ ছিলনা তখণ তিনি চৌদ্দগ্রামবাসীকে ২টি সরকারী কলেজ উপহার দিয়েছেন। তিনিই প্রধান চৌদ্দগ্রামে বিসিক শিল্পনগরী স্থাপন, টেলিফোন এক্সচেঞ্জ এনে দিয়েছেন। এছাড়াও চৌদ্দগ্রামের দৃশ্যমান বড় সড়কগুলো সবি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান কাজী জাফর আহমেদের অবদান।

    চৌদ্দগ্রাম উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে, উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী শহিদের সঞ্চালনায় কর্মী সভায় আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা জাতীয় পার্টির নেতা ওবায়দুল হক পাটোয়ারী, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুল, গুনবতী আহবায়ক জানে আলম দ্বোভাষী, সদস্য সচিব জাকির হোসেন জিকির, মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নুর হোসেন, ইউনিয়ন নেতা আবদুল মালেক, বাতিসা ইউনিয়ন যুব সংহতির আহবায়ক মাহফুজ প্রমুখ।
    সভাশেষে সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশাকে সভাপতি, চৌদ্দগ্রাম উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরকে সাধারন সম্পাদক এবং ওবায়দুল হক পাটোয়ারীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন।

  • শিবির নেতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

    শিবির নেতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাবেক শিবির সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারীর খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিলে করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার বিকেলে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে। এরআগে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।

    কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনির সভাপতিত্বে ও সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমীর কাজী এয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, শহীদ সাহাব উদ্দিনের পিতা জয়নাল পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আবদুর রব ফারুকী, জেলা পূর্বের সাবেক সভাপতি ইব্রাহিম ফয়সাল, সাবেক সেক্রেটারী ফরিদুজ্জামান রুবেল, অফিস সম্পাদক মোশারফ হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল আমিন রাসেল, রবিউল হোসেন মিলন, মাঈন উদ্দিন, কফিল উদ্দিন, জোবায়ের মাসুম, উপজেলা শিবিরের সভাপতি মোজাম্মেল হক, জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক রবিউল করিম মজুমদার শামীম, সাবেক সাহিত্য সম্পাদক বোরহান উদ্দিন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেলে পৌর এলাকার চান্দিশকরা গ্রামে নিজ বাড়িতে মায়ের সামনে থেকে উপজেলা শিবিরের সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারীকে আটক করে পুলিশ। পরে ফ্যাসিস্ট মুজিবুল হকের নির্দেশে ও স্থানীয় আ’লীগ নেতাদের পরামর্শে পরদিন মহাসড়কের লালবাগ এলাকায় সাহাব উদ্দিন পাটোয়ারীর মাথায় গুলি করে হত্যা করে। আমরা এই সরকারের নিকট অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করছি।

  • চৌদ্দগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা

    চৌদ্দগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা

    আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়াদোত্তীর্ণ ভেটেরিনারি ওষুধ পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পালিয়ে যায় আবুল কাশেম নামের এক ভুয়া চিকিৎসক। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার শ্রীপুর ও কাশিনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমা।

    উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রায় ১৫ দিন যাবৎ আবুল কাশেম নামে একজন ব্যক্তি চিকিৎসক সেজে দুইটি এলএসডি আক্রান্ত বাছুর চিকিৎসা করেছিলেন। এরমধ্যে একটি মারা যায় এবং অন্যটি মৃত প্রায়। এমন অভিযোগের প্রেক্ষিতে আবুল কাশেমকে প্রাণিসম্পদ অফিসে ডাকা হলে তিনি আসতে অস্বীকৃতি জানান। ফলে বৃহস্পতিবার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী বাজারস্থ রাসেল ভেটেরিনারি ফার্মেসিতে অভিযান পরিচালনার টের পেয়ে তিনি দোকান বন্ধ করে পালিয়ে যান।

    এরপর একই বাজারের ওয়ালিদ পোল্ট্রি ও ফিস ফিডের কোন ধরনের লাইসেন্স না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কাশিনগর বাজারস্থ মুন্নী ফার্মেসিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ফার্মেসীর আব্দুল মোতালেব প্রায় ১৫ বছর এলাকায় অপচিকিৎসা দিয়ে বেড়াতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া দোকানেরও কোন লাইসেন্স নেই। গাজি ভেটেরিনারি হাউজের মালিক অবৈধভাবে চিকিৎসা করার দরুন তার চিকিৎসার ব্যাগটি জব্দ করা হয় এবং মুচলেকা দিয়ে সতর্ক করা হয়। সকল লাইসেন্স করার জন্য নির্দেশনা দেয়া হয়।

    উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। নিবন্ধন ও সনদ ব্যতীত প্র্যাকটিশ করলে আইনে ৩ বছরের কারাদন্ড, ২ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে উল্লেখ করে ভুয়া চিকিৎসকদের সতর্ক করেন তিনি’।

  • গোপালগঞ্জে  লুকিয়ে আছে শেখ হাসিনা:যে তথ্য দিলেন পিনাকী

    গোপালগঞ্জে লুকিয়ে আছে শেখ হাসিনা:যে তথ্য দিলেন পিনাকী

    বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার পিনাকী ভট্টাচার্য সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ নিয়ে তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে এপোস্ট করেছেন।

    পোস্টে বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৪ টার হাসিনা নাকি ভারতের অভিজাত এলাকায় আছে। তো তার নেট বিচ্ছিন্ন হয় কেন মাঝে মাঝে? ভারতের সময় না উল্লেখ করে পিনাকী আরো বলেন,এতিমের টক শোতে তার স্থানীয় সময় যেইটা উল্লেখ করছে সেইটা বাংলাদেশ সময়, ভারতের সময় না।

    গোপালগঞ্জের নেট কালকে বিচ্ছিন্ন করে দেখা যাইতে পারে সে বক্তৃতা মারাইতে পারে কিনা।

    লুকানোর কথা উল্লেখ করে পিনাকী আরো বলেন,হইতেই পারে সে গোপালগঞ্জে লুকায়ে আছে।

  • উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ।

    উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ।

    বিনা নোটিশে ‘সওজ’ কর্তৃপক্ষ বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশে জ্বালানী তেলের পাম্পে উচ্ছেদ অভিযান শুরু করার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীস্থ উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় শ্রমিক ইউনিয়ন ও উত্তরবঙ্গ পাম্প মালিকরা ধর্মঘট শুরু করেছে। তারা বিপিসি’র বাঘাবাড়ী জ্বালানী তেলের ডিপো পদ্মা,মেঘনা ও যমুনা থেকে সব ধরনের তেল উত্তোলন বন্ধ ও উত্তরাঞ্চলের ১৬ জেলায় সরবরাহ বন্ধ রেখেছে। ফলে স্থবির হয়ে পড়েছে বাঘাবাড়ি নৌ-বন্দরস্থ বিপিসি’র ৩টি ওয়েল ডিপো।

    ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল আটটা থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে পাম্প মালিক ও ট্যাংকলরি শ্রমিকেরা এ ধর্মঘট শুরু করে। উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আজিজুল ইসলাম গ্যাদা, সড়ক ও জনপথ অধিদপ্তর বগুড়ার আদমদীঘি উপজেলায় বিনা নোটিশে ২টি পেট্রোল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে উত্তরাঞ্চল পেট্রোল পাম্প মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেছে।

    উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে স্থাপিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ৩টি তেল বিপনন কেন্দ পদ্মা, যমুনা ও মেঘনার ওয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সব ধরনের জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। এ ধর্মঘট শুরু হওয়ায় উত্তরাঞ্চলবাসীর ওপর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ার আশংকা করছেন বিজ্ঞমহল।

  • শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

    শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

    তিন দশক আগে ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সাজাপ্রাপ্ত সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

    বুধবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক শুনানি নিয়ে নিম্ন আদালতের রায় বাতিল করে বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন।
    একই সঙ্গে রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, মামলাটি বিদ্বেষপূর্ণ। রায়ে পক্ষপাতিত্ব করেছে বিচারিক আদালত।

    আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
    তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

    মামলা সূত্রে জানা যায়,তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেনযোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন।
    পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ তার নেতৃত্বে মামলার অন্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

    এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই একটি মামলা করেন।
    পরে মামলাটির তদন্ত শুরু করে সিআইডি। ১৯৯৭ সালের ৩ এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এদের মধ্যে পাঁচজন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়।
    ২০১৯ সালে ৩ জুলাই জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
    সেই সঙ্গে ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর মেয়াদ কারাদণ্ড ঘোষণা করা হয়।

    পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আসামিরা।

  • বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি

    বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি

    বাল্যবিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ এবং ছেলের বয়স ১৮ করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি।
    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড.মো. গোলাম কিবরিয়া। বিয়ের কর বাতিল করায় আইন উপদেষ্টা ড.আসিফ নজরুলকে ধন্যবাদ জানান তিনি।

    বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির উল্লেখযোগ্য দাবিগুলো হলো,বাল্যবিয়ে রোধে বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬ এবং ছেলের বয়স ১৮ করতে হবে;নিকাহ রেজিস্ট্রারদের সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে; নিকাহ রেজিস্ট্রার অস্থায়ী নিয়োগ বন্ধ রাখতে হবে।
    নিকাহ রেজিস্ট্রার নিয়োগের জন্য একটি নতুন কমিটি গঠন করে প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে; নিকাহ রেজিস্ট্রারের সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন সন্তানকে শূণ্য পদে বাবার স্থানে ছেলেকে সরাসরি নিয়োগ দেওয়ার বিধান রাখার ব্যবস্থা করতে হবে;নিকাহ রেজিস্ট্রারদের শিক্ষাগত যোগ্যতা আলিম পাশের পরিবর্তে কামিল করতে হবে।

    সংবাদ সম্মেলনে আরও ছিলেন– বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মো. মামুনুর রশিদ,সহ-সভাপতি প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, মহাসচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন,সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া সায়েম প্রমুখ।

  • পরনের কাপড় আর জুতা দেখে স্ত্রী লাশ খুজে পেলেন স্বামী

    পরনের কাপড় আর জুতা দেখে স্ত্রী লাশ খুজে পেলেন স্বামী

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের টাংকির ভিতর থেকে সাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহেদা আক্তার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পূর্ব ধনুসাড়া গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন নিহতের তথ্যটি নিশ্চিত করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাসসুম।

    জানা যায়, সোমবার (০৩ই জানুয়ারী) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া পূর্বপাড়ায় নিহতের বসতঘরের পাশ^বর্তী টয়লেটে লাশটি পাওয়া যায়। নিহতের স্বামী মাওলানা আব্দুল মমিন জানান, আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। প্রতিদিনের ন্যায় আজও আমি ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাই। এসময় আমার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখি। আমার বাড়িতে আমরা ২জনই বসবাস করি। আমি মসজিদে নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে আমার স্ত্রীকে খোঁজ করি। ঘরে এবং বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ^বর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখি। তাৎক্ষনিক আমি স্থানীয় লোকজনের সহযোগীতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের টাংকির উপরে তুলে আমার স্ত্রীর পোশাক বিহীন নিথর দেহ দেখতে পাই। পরে পুলিশ এসে টয়লেট থেকে লাশ উদ্ধার করে।

    নিহতের ছেলে পল্লী চিকিৎসক মাছুম বিল্লাহ ওয়াহেদ জানান, আমরা পুরাতন বাড়িতে থাকি। নতুনবাড়িতে শুধুমাত্র আমার পিতা-মাতা থাকে। কি কারণে কে বা কাহারা আমার মাকে হত্যা করেছে তা আমার জানা নাই।

    চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। নিহতের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পি.বি.আই তদন্তদল কাজ করছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে।

  • এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যায় আ’লীগের ৩০ জনের নামে মামলা

    এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যায় আ’লীগের ৩০ জনের নামে মামলা

    সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর কর্মী ওয়ারেছ আলী (৫৫) হত্যার ঘটনায় দীর্ঘ ১২ বছর পর মামলা হয়েছে।

    এ মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ মোস্তফা খান বাচ্চু, সহ-সভাপতি রাসেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি ও দলের নেতা জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগের ৩০ জনকে আসামি করা হয়েছে।এতে আরও ৩৫ থেকে ৩৬ জন
    আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

    সোমবার দুপুর ১২ টার দিকে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টের এনায়েতপুর থানা আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন।

    বাদীপক্ষের আইনজীবি আবু তালেব আকন্দ এমামলার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, এনায়েতপুর থানা আমলী আদালতের বিচারক ওমর ফারুক মামলাটি আমলে নিয়েছেন।

    মামলার এজাহারে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর এনায়েতপুর থানার একজন সক্রীয় কর্মী ওয়ারেছ আলী। তিনি ২০১২ সালের ৯ ডিসেম্বর ভোরে এনায়েতপুর হাটে কাপড় বিক্রয়ের উদ্দেশ্যে ভ্যান গাড়িতে রওনা হন।
    এই হাটের মধ্যে কাপড় বেচাকেনা শেষ হলে হাফেজ আল-আমিনের সঙ্গে তার দেখা হয়। পরবর্তীতে তারা দুজন একত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
    এরই এক পর্যায়ে সকাল ১১ টার দিকে এনায়েতপুর থানার দক্ষিণ পাশের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে আসামিরা হত্যার উদ্দেশ্যে তার উপর দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।
    এতে রক্তাক্ত অবস্থায় ওয়ারেছ আলী মাটিতে নুয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা কাপড় বিক্রির ৫০ হাজার টাকা ও মোবাইন ফোন নিয়ে নেয় তারা। এরপর জয় বাংলা স্লোগান দিয়ে হাফেজ আল-আমিনকে কিল ঘুসি মেরে এনায়েতপুর থানার দিকে নিয়ে যায়।

    এরপর রক্তাক্ত অবস্থায় ওয়ারেছ আলীকে উদ্ধার করে খাজা ইউনুস আলী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত ওয়ারেছ আলীর ছেলে মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, আমার বাবাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছিল তারা। এই হত্যার পর আমাদেরকে তারা সতর্ক করে দেয়, এটা নিয়ে যেন কোন প্রকার মামলা করা না হয়। পরে আমার পরিবার ও আত্মীয়-স্বজনদের পরামর্শ অনুযায়ী এতোদিন মামলা করা হয়নি।
    কিন্তু সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর অবশ্যই মামলা করবো।

  • এবার শেখ হাসিনার ছবি লাগানো ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ

    এবার শেখ হাসিনার ছবি লাগানো ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পর এবার শেখ হাসিনার ছবি সংবলিত একটি ডাস্টবিনে ময়লা ফেললেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    রবিবার (০২ ফেব্রুয়ারি) রাতে অমর একুশে বইমেলায় গিয়ে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন ।

    নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন,নগরবাসী! যেখানে সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।

    পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।’

  • বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে বরের মৃত্যু

    বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে বরের মৃত্যু

    লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম (২২) নামের এক বরের মৃত্যু হয়েছে।

    (৩ ফেব্রুয়ারি) সোমবার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
    এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিয়ে করে ফেরার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানাযায়,সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যান। বিয়ে শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন।
    পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

    কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, “ঘটনাটি শুনে সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। গতরাতে বিয়ে করে ফেরার পথে নববিবাহিত বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে মারা যান।

    এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, “বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।

  • শাহজাহান খান ও স্ত্রী-সন্তানের নামে তিন মামলার সিদ্ধান্ত

    শাহজাহান খান ও স্ত্রী-সন্তানের নামে তিন মামলার সিদ্ধান্ত

    সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাহজাহান খান ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার দুদক তিনটি মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থ মানিলন্ডারিং করার অভিযোগ রয়েছে।

    দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক নৌপরিবহণমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন। এছাড়াও তার নিজের নামে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।

    অন্যদিকে শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকয়া বেগম স্বামীর ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, দন্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এছাড়াও শাহজাহান খানের ছেলে মো. আসিবুর রহমানের নামে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়ে ঐশি খান ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়ায় তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।

  • অনিরাপদ খাদ্যের কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে

    অনিরাপদ খাদ্যের কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে

    পুষ্টি নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। আমাদের পুষ্টির সমস্যার মূল কারণই হচ্ছে অনিরাপদ খাদ্য। আর অনিরাপদ খাবার গ্রহণের ফলে শিশু, গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিহীনতা তৈরি হয়। আবার অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

    জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ পালন উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

    রোববার সকালে রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’।

    বিএফএসএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমাম। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম।

    খাদ্য সচিব মো. মাসুদুল হাসান বলেন, ‘খাদ্য, স্বাস্থ্য ও সুস্থতা- এ তিনটি জিনিসকে আলাদা করে দেখার সুযোগ নেই। এগুলো একে অপরের পরিপূরক। আর সুস্থ থাকতে হলে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। কেননা বর্তমানে বিশ্বে ৭০০ বিলিয়ন লোকের খাদ্য কত নিরাপদ আজ সেই প্রশ্নটি জেগেছে।’

    তিনি বলেন, ‘অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে দিনে ৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। বর্তমান বিশ্বে নানা কারণে আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ইকোনাইটের সংক্রমণে সবজি পর্যন্ত আক্রান্ত হচ্ছে, এসব বিদেশে রপ্তানি করতে সমস্যায় পড়তে হয়। আজকের সেমিনার থেকে আলোচনার মাধ্যমে একটি দিকনির্দেশনা বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করছি।’

    স্বাগত বক্তব্যে বিএফএসএর চেয়ারম্যান জাকারিয়া বলেন, ‘আজ আমাদের তিনটি কাজ একসঙ্গে হচ্ছে। তার মধ্যে রয়েছে- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দশ বছর পূর্তি, একনেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জন্য কিছু শর্ত সাপেক্ষে ২ হাজার ৪০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। তাছাড়া খুলনায় ল্যাব স্থাপনে গণপূর্ত থেকে জমি বরাদ্দ পেতে যাচ্ছি।’

    তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আমাদের দেশে দৈনিক ৮০ জন ও বছরে ৩০ হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এর অন্যতম কারণ অনিরাপদ খাদ্য গ্রহণ করা। আমরা শিশুদের নিরাপদ খাদ্যে উদ্বুদ্ধ করতে লুডু খেলা ঘর তৈরি করেছি। যাতে তাদের মধ্যে খাদ্য নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ে।’

    ড. খালেদা ইসলাম বলেন, ‘ব্যাকটেরিয়া, কেমিক্যাল, কাঁচের টুকরা ইত্যাদির কারণে খাদ্য অনিরাপদ হয়। তাছাড়া পানিবাহিত ভাইরাস, বিষাক্ত পদার্থের কারণেও অনিরাপদ হয়। এ খাদ্যের কারণে ১০ জনের একজন অসুস্থ হয়। অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে বিশ্বে পাঁচ বছরের নিচে ৪ লাখ ২০ হাজার শিশুর মৃত্যু হয়। বাংলাদেশে বছরে ৩৫ হাজার মানুষ অনিরাপদ খাদ্যের কারণে মারা যায়।’

    ২০২১ সালের বাংলাদেশ খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউটের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের খাবারে অনেক ভেজাল রয়েছে। ঘির মধ্যে ৬৬ দশমিক ৬৭, গুড়ে ৪৩ দশমিক ৭৫, মধুতে ৩৩ দশমিক ৩৩, মিষ্টিতে ২৮ দশমিক ৫৭, হলুদে ২৭ দশমিক ৯৩, ডাল/ছোলায় ৫, চালে ৮ দশমিক ৩৩, মরিচে ১৪ দশমিক ৬৩, গুঁড়াদুধে ১৬ দশমিক ৬৭ এবং লবণে ১৭ দশমিক ৩৩ শতাংশ ভেজাল রয়েছে।’

    খাদ্য নিরাপদ রাখার উপায় সম্পর্কে ড. খালেদা ইসলাম বলেন, ‘খাদ্য নিরাপদ রাখতে হলে খাবার পরিষ্কার রাখতে হবে, রান্না ও কাঁচা খাবার একসঙ্গে রাখা যাবে না, রান্না করতে হবে ঢেকে, খাবার সঠিক তাপমাত্রায় রাখতে হবে এবং রান্নায় নিরাপদ পানি ব্যবহার করতে হবে।’

    বাজার থেকে কী ধরনের খাবার কিনতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ফল, শাক-সবজি কেনার সময় রঙ ঠিক আছে কিনা, তা দেখতে হবে। মৌসুমি ফল, শাক-সবজি কিনতে হবে। পঁচা বা গন্ধযুক্ত খাবার কেনা যাবে না। হাত দিয়ে দেখতে হবে। তেলের ক্ষেত্রে চর্বির পরিমাণ কতটা সেটা দেখতে হবে।’

    সেমিনারে খাদ্য মন্ত্রণালয়, শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, খাদ্য ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন।