Author: নিউজ ডেক্স

  • এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি, ১ জন বহিষ্কার

    এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি, ১ জন বহিষ্কার

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরিক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগে ০১ কেন্দ্র সচিব, ০১ কক্ষ পরিদর্শক, ০২ অফিস সহায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং ০১ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
    রবিবার (২৭এপ্রিল) পরীক্ষা চলাকালীন উপজেলার বিজয়করা স্কুল এন্ড কলেজ কেন্দ্র, ধোপাখিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও নজমিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

    সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন।

    জানা গেছে, এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ও অনিয়ম বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় অনিয়মের অভিযোগে বিজয়করা স্কুল এন্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল্লাহ খালিদ, ০২ অফিস সহায়ক আজিজুল হক ও আলেক হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর ধোপাখিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ পরিদর্শক গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ভুঁইয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বহিস্কার করা হয় কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের কক্ষ পরিদর্শক মোহাম্মদ আবু জাফরকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, ‘নকলমুক্ত সুষ্ঠ পরিবেশে পরীক্ষা নিশ্চিতে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এবং অনিয়মে জড়িত কাউকে কোনো ছাড় দেয়া হবেনা সে যে-ই হোক। এ ব্যাপারে জিরো টলারেন্স।’

  • চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, এলাকা ছাড়ার হুমকি

    চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, এলাকা ছাড়ার হুমকি

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পরিচয়ে বিধবাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও এলাকা ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মারধরের ঘটনায় ভুক্তভোগী মাফিয়া বেগম বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের পরানপুর গ্রামের ছাত্রলীগ নেতা মহিন উদ্দিনের দীর্ঘদিন ধরে এমন কর্মকান্ডে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে। রোববার মামলার স্বাক্ষীদেরও হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠেছে মহিন উদ্দিনের বিরুদ্ধে।

    প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বিধবা মাফিয়া বেগম ও ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন পরানপুর গ্রামে পাশাপাশি বাড়ির বাসিন্দা। মহিন উদ্দিন ও তার পিতা আবদুল বারেক মাফিয়া বেগমের স্বামী মরহুম মোসলেম মিয়ার রেখে যাওয়া সম্পত্তির লোভে দীর্ঘদিন যাবত জোরপূর্বক জবর দখলের পাঁয়তারা করছে।

    মাফিয়া বেগমের দুই ছেলে প্রবাসে অবস্থান করায় এবং বাড়িতে উপযুক্ত পুরুষ লোক না থাকায় মহিন উদ্দিন গং মানসিক হয়রানীসহ জুলুম অত্যাচার করে আসছে। ইতোপূর্বে মহিন উদ্দিন গং মোসলেম মিয়ার জায়গা থেকে জোরপূর্বক অন্যায়ভাবে গাছ কেটে নেয়। এতে বাধা দেয়ার চেষ্টা করলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখে। স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক বসলেও মহিন উদ্দিন গং সিদ্ধান্ত মানে না। গত ২২ মার্চ দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ও পরিকল্পিতভাবে মহিন উদ্দিন গং বাড়ির উঠানে পেয়ে মাফিয়া বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট ও গলা টিপে ধরে হত্যার চেষ্টা চালায়। এছাড়াও তারা মাফিয়া বেগমের পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। পরে স্থানীয় লোকজন আহত মাফিয়া বেগমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

    স্থানীয়রা অভিযোগ করেন, ৫ আগস্টের আগে মহিন উদ্দিন নিজেকে কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পরিচয় দিয়ে মানুষকে হুমকি-ধমকি, কাঁকড়ি নদীর মাটি বিক্রিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এছাড়া মহিন উদ্দিনের দাদা মুক্তিযোদ্ধা ও চাচা পুলিশ হওয়ায় কাউকে পাত্তা দিতো না। তাকে আইনের আওতায় আনতে দাবি করেছে ভুক্তভোগী মাফিয়া বেগমসহ আরও অনেকে।

    অভিযোগ অস্বীকার করে মহিন উদ্দিন বলেন, আমি কখনো ছাত্রলীগ করিনি। মাফিয়া বেগমের সাথে গাছ কাটা নিয়ে বিরোধ। আমাকে সামাজিকভাবে হেয় করতেই পাশের ঘরের দাদি মাফিয়া বেগম অপপ্রচার করছে।

    রোববার বিকেলে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, ‘ভুক্তভোগী মাফিয়া বেগম আদালতে মামলা করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

  • মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি

    মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি

    থানায় কেউ মামলা করতে এলে সেটার সত্যতা যাচাইয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

    সোমবার পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা বলেন।

    আইজিপি বলেন, ‘কেউ মামলা করতে এলে সেটার সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ পুলিশের নেই। মামলা এখন সবাই নিজের হাতে লিখে নিয়ে আসে। সেটি পুলিশকে মামলা হিসেবে রুজু করতে হয়। যাচাই করার সুযোগ নেই।’

    তিনি বলেন, ‘পরে তদন্ত করে দেখা হয় অভিযোগ কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সত্যটুকু তদন্তে উঠিয়ে আমরা আদালতে পাঠাই।’

    ‘যতটুকু সম্ভব অন্যায় আবদার কম করার’ অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই। ওমককে বন্দি করেন, ওমককে ছেড়ে দেন, ওমককে পদক দেন—এসব আবদারও আসে।’

    তবে, কারা তার কাছে এসব ‘অন্যায় আবদার’ করেন সে বিষয়ে কিছু বলেননি আইজিপি।

    দেশবাসীর উদ্দেশ্যে ‘ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া’র আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘পাঁচ আগস্টের পরে অনেকে অসৎ উদ্দেশ্যে মানুষের কাছ থেকে টাকা-পয়সা আদায়ের জন্য, হ্যারাস করার জন্য মামলা করে। অপরাধ হয়তো করেছে ৫-১০ জন, তার সঙ্গে আরও ৩০০ জনের নাম দিয়ে মামলা করেছেন। গতকালও এমন একটি মামলা হয়েছে।’

    তিনি নিশ্চিত করেন, ‘ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি, কাউকে যেন হয়রানিমূলকভাবে গ্রেফতার না করা হয়। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, শুধু তাদেরকেই গ্রেফতার করা হবে।’

  • নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    নরসিংদী প্রতিনিধি: 
    ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই ।’
     প্রতিপাদ্যে নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
    আজ সোমবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও জেলা দায়রা জজ শেখ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ,পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডাঃ আমিরুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূইয়া ,পাবলিক প্রসিকিউটর,আব্দুল বাছেদ ভূইয়াসহ আইন বিভাগ ও বিচার বিভাগের কর্মকর্তারা ছিলেন।
  • পুলিশি হামলার প্রতিবাদে নরসিংদীতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

    পুলিশি হামলার প্রতিবাদে নরসিংদীতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

    নরসিংদী প্রতিনিধি:
    ডিপ্লোমাকে ডিগ্রি’র সমমান করার দাবি আদায়ের বিক্ষোভ সমাবেশে ঢাকায় বিএনএমসি ভবনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছে নার্সিং শিক্ষার্থীরা।
    সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করে।
    এ সময় নরসিংদী মর্ডাণ নার্সিং ইসিস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে পরিণত হয়।
    সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মাসুদ মিয়া ,অমিত হাসান , মুস্তাকিমা আক্তার নিপা আব্দুর রাজ্জাক।
    এসময় শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতকোত্তর সমমানের স্বীকৃতির দাবিতে টানা আন্দোলন করে আসলেও সরকারে আমাদের দাবি পূরণে কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ঢাকায় বিএনএমসি ভবনে কর্মসূচীতে নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার চালানো হয়। এই ঘটনা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
    ডিপ্লোমাকে ডিগ্রি’র সমমান করা ও রেজিস্টারের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
  • নরসিংদী স্টেডিয়ামের নাম ডা. সজীব সকারের নামে চাইলেন জাতীয় নাগরিক পার্টি

    নরসিংদী স্টেডিয়ামের নাম ডা. সজীব সকারের নামে চাইলেন জাতীয় নাগরিক পার্টি

    নরসিংদী প্রতিনিধি:
    নরসিংদীতে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ ডা. সজিব সরকারের নামে নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি), নরসিংদী জেলা শাখা।
    মানববন্ধনে বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নরসিংদীর ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল। সেই আন্দোলনে শহীদ ডা. সজিব সরকার জীবন উৎসর্গ করেন। অথচ আজও তাঁর স্মৃতিকে যথাযোগ্য সম্মান জানানো হয়নি। স্বাধীনতার ৫৩ বছরে এদেশে যে যখন ক্ষমতায় এসেছে তারা নিজেরা নিজেদের মতো ইতিহাস রচনা করেছে,প্রকৃত ইতিহাস বিকৃত করে। জুলাই আন্দোলনকে মুছে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। ২৪ এর গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হবে। ভুয়া লোকের ভীড়ে ২৪ এর আসল নায়ক হারিয়ে যাচ্ছে।
    জাতীয় নাগরিক পার্টি( এনসিপি) নেতারা বলেন,
    ২৪ এর গণ অভ্যুত্থানে নিহত শহীদদের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট সরকারের দেয়া নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ ডা. সজিব সরকারের নামে নামকরণ করলে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হবে এবং জুলাই আন্দোলনের শহীদদের অবদান স্মরণ রাখবে।
    উপস্থিত বক্তারা দ্রুততম সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
    মানববন্ধনে নাগরিক পার্টির সংগঠক(উত্তরাঞ্চল) এডভোকেট শিরিন আক্তার, নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান
    ইমতিয়াজ খান বিলাল,ডা. সজিব সরকারের বাবা, দলটির অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
  • মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট

    মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট

    আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন এ বছর।

    এর মধ্যে ৫ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

    প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন।

    হজযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ তিনটি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। পবিত্র হজ উপলক্ষে এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ১১৮টি, সাউদিয়া ৮০টি এবং নাস এয়ারলাইনস ৩৪টি ফ্লাইট।

    হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাতের ময়দানে হজের খুতবা, যা ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে প্রদান করা হয়। এবারও বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে হজের খুতবা, এবং তাৎক্ষণিক অনুবাদ করা হবে ২০টি ভাষায়।

    যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে সেগুলো হলো- বাংলা, ফরাসি (ফ্রেঞ্চ), মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান।

    উল্লেখ্য, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

  • টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

    টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

    গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছে শ্রমিকরা। রোববার সকাল থেকে টঙ্গীর মিলগেট এলাকায় এই বিক্ষোভ হয়।

    জানা যায়, গত মঙ্গলবার যমুনা অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার ১১৬ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে শ্রম আইন অনুযায়ী তাদের সকল পাওনা পরিশোধ করা হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তা এড়াতে গত বুধবার ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়।

    শনিবার সকালে কারখানার অন্যান্য শ্রমিকরা কাজে যোগ দেন। সেদিন চাকরিচ্যুতদের পুর্নবহালের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বিকেল ৫টার দিকে তারা কারখানা ছেড়ে চলে যায়।

    অন্যান্য দিনের ন্যায় রোববার সকালে ফের কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে তারা।

    যমুনা অ্যাপারেলস লিমিটেডের মালিক মো. রাকিব সাজ্জাদ বলেন, ‘শ্রমিকদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। উশৃঙ্খল শ্রমিকরা কারখানা ভাঙচুর করতে পারে। এর জন্য অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

    গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসনাইল হোসেন বলেন, কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক রোববার সকালে কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা কারখানার সামনে অবস্থান করছে। সেনাবাহিনী ও পুলিশদের সদস্যরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন।

  • চৌদ্দগ্রামে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের সরবরাহের অভিযোগ

    চৌদ্দগ্রামে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের সরবরাহের অভিযোগ

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে চলছে নকল সরবরাহ। সোমবার চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালিন কয়েকজন কিশোর তাঁর পরিচিত পরীক্ষার্থীকে দেয়াল টপকে নকল সরবরাহ করে। সাংবাদিকদের গোপন ক্যামেরায় বিষয়টি ধরা পড়লেও অস্বীকার করছেন কেন্দ্র সচিব নালঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হোসেন। ওই কেন্দ্রে নালঘর উচ্চ বিদ্যালয়, চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয়, ভাটরা কালজয়ী বিদ্যানিকেতন ও বগৈড় উচ্চ বিদ্যালয়ের ২০৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

    জানা গেছে, গত ১০ এপ্রিল চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা শুরু হয়। ২১টি কেন্দ্রের মধ্যে প্রথম দিন থেকে চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করে কতিপয় কিশোর। অন্য সব কেন্দ্রে গত ১৫ বছরের চেয়ে সন্তোষজনক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার দ্বিতীয় দিন চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের দেয়াল টপকে নকল সরবরাহ করছে সন্দেহে দুই কিশোরকে ‘সামান্য’ শাস্তি দেয়া হয়।

    সোমবার গণিত পরীক্ষার দিন সরেজমিন কেন্দ্র এলাকায় গিয়ে দেখা যায়, চৌমুহনী বাজারের রাইট টেলিকম এন্ড ফটোকপি দোকানে কয়েক কয়েকজন বহিরাগত কিশোর ফটোকপি করতে দেখা যায়। হল থেকে একজন পুলিশ বের হয়ে রাস্তায় পর্যবেক্ষণ করা শুরু করলে পিছন থেকে দুই কিশোর বলতে শোনা যায়, দ্রুত কম্পিউটার দোকানে ফোন কর। না হয় পুলিশ গিয়ে জরিমানা করবে। এর কিছুক্ষণ পরে শিক্ষক বাবুলের নেতৃত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের মজুমদারসহ একটি টিম কেন্দ্র সংশ্লিষ্ট এলাকায় ফটোকপি দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ করে।

    কেন্দ্র সচিব মামুন হোসেন বলেন, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে দেয়াল টপকিয়ে পার হওয়ার একটি স্থিরচিত্র দেখেছি। কেন্দ্রের পশ্চিম পাশে একটি পুকুর। দেয়াল টপকিয়ে নকল বিষয়টি সত্য নয়।

    সচেতন অভিভাবকরা অভিযোগ করেন, গত ১৭ বছর পরীক্ষার যে হাল ছিল, মনে করেছিলাম এবার পরীক্ষা ভালো হবে। কিন্তু এখানে শর্ষের ভেতরেই ভূত। শিক্ষকরা এমসিকিউ’র অধিকাংশই বলে দেয়। তাছাড়া প্রায় সময় দেখা যায়, কতিপয় কিশোর দেয়াল টপকিয়ে নকল সরবরাহ করছে।
    হল সুপার রফিকুল ইসলাম বিএসসিকে অঙ্কের শিক্ষক হয়ে কিভাবে কেন্দ্রে অবস্থান করছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি হল সুপারের দায়িত্ব পালন করেছি। অফিস কক্ষেই বসে ছিলাম। উপরের হলে যাইনি।

    চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন বলেন, চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ে চলমান এসএসসি পরীক্ষার অনিয়মের কিছু অভিযোগ পেয়েছি। সবে মাত্র তিনটি পরীক্ষা শেষ হয়েছে। আগামী পরীক্ষাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, ‘বিষয়টি জানার সাথে সাথে কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট পাঠানো হয়েছে। দেয়াল টপকিয়ে যে জায়গা দিয়ে নকল সরবরাহের কথা বলা হচ্ছে-ওই জায়গা দিয়ে নকল সরবরাহ সম্ভব না’

  • চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

    চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

    আনু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী পক্ষ উপলক্ষে চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলকরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পদুয়া বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সূরা সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আীর সাহাব উদ্দিন, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ। আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহমেদ মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশ সূত্রধর, শংকর কুমার পাল, মাখন চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা মনোরঞ্জন পাল, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল ওয়াদুদসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ভিন্ন ধর্মাবলম্বীরা জামায়াতের কর্মকান্ড ও সমাজসেবায় উদ্বুদ্ধ হয়ে সহযোগী ফরম পূরণ করে।

    অপরদিকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতি কাজের লিফলেট বিতরণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

  • চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হোটেল ব্যবসায়ী

    চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হোটেল ব্যবসায়ী

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও তাঁর স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান। বিএনপি নেতা ইমাম হোসেন রুবেলের প্রশ্রয়ে গ্রাম্য শালিশের সিদ্ধান্ত মানছে না তালাকপ্রাপ্ত ওই নারী রেহেনা আক্তার।

    শুক্রবার চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের নিকট এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের সামুকশার গ্রামের মরহুম আবদুল কাদেরের ছেলে।

    বিভিন্ন দপ্তরে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ রাস্তার মাথায় খাবার হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান ২০ বছর আগে সদর দক্ষিণ উপজেলার গজারিয়া গ্রামের মৃত আবদুল মালেকের মেয়ে রেহানা আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান থাকলেও রেহেনা আক্তার পর-পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে।

    একাধিক নিষেধ করার পরও সে অবৈধ কর্মকান্ড চালিয়ে যাওয়া এবং স্বামী মিজানুর রহমানকে অবহেলা করায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তাকে তালাক দেয়া হয়। এতে ক্ষীপ্ত হয়ে রেহেনা আক্তার, তার ভাই কামাল হোসেন, জামাল হোসেন ও স্থানীয় বিএনপি নেতা ইমাম হোসেন রুবেলসহ কয়েকজন তাকে প্রাণে হত্যার হুমকি দেয়।

    এছাড়া রেহেনা আক্তার ২০২৩ সালের ২০ ডিসেম্বর কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করলে আদালত সেটি খারিজ করে দেয়। এরই জের ধরে রেহেনা আক্তার নিজ বাবার বাড়িতে না গিয়েই স্বামীর জায়গায় নতুন বিল্ডিং ঘর নির্মাণ করছে। বিএনপি নেতা ইমাম হোসেন রুবেলসহ স্থানীয় প্রভাবশালী মহলের প্রশ্রয়ে রেহেনা আক্তারকে সরানো যাচ্ছে না।

    গত ৭ এপ্রিল বিকেলে মিজানুর রহমান দোকান থেকে বের হয়ে বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে তাঁর উপর হামলা করে ঘরের ভিতরে নিয়ে যায় রেহেনা আক্তারসহ তাঁর স্বজনরা। তারা ইটের আদলা, লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারী আঘাতে মিজানুর রহমানের দাঁত, মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে।

    এ সময় তারা জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর করতে মিজানুর রহমানকে বাধ্য করে। এক পর্যায়ে রাতে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানকে উদ্ধার শেষে হাসপাতালে পাঠায়। বিষয়টি সামাজিকভাবে মিমাংশার চেষ্টা করলেও রেহেনা আক্তার ও তাঁর স্বজনরা রাজি হয়নি। এর আগে একাধিকবার শালিশ বৈঠকে রেহেনা আক্তারকে মিজানুর রহমানের বাড়ি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হলেও বিএনপি নেতা ইমাম হোসেন রুবেলের প্রশ্রয়ে তা মানছে না।

    এ ব্যাপারে বিএনপি নেতা ইমাম হোসেন রুবেল বলেন, ‘রেহেনা আক্তার আমার আত্মীয়। জনগণের প্রতিনিধি হিসেবে রেহেনা আক্তারের বাড়িতে বিভিন্ন সময় শালিশ বৈঠকে গিয়েছি। এরই জের ধরে আমাকে হেয় প্রতিপন্ন করতে আ’লীগের কামাল ও যুবলীগের হোসেনের নেতৃত্বে মিজানুর রহমানসহ একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। তাছাড়া আমার বিরুদ্ধে দেয়া অভিযোগ সঠিক নয়’।

    অভিযোগের বিষয়ে তালাকপ্রাপ্ত রেহেনা আক্তার বলেন, ‘আমার জায়গায় ঘর নির্মাণ করছি। মিজানুর রহমানের কোন অভিযোগ সত্য নয়। শালিশ বৈঠকে হেরে গিয়ে সে আমার আত্মীয় ইমাম হোসেন রুবেলের নামে অপবাদ দিচ্ছে’।

  • সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না; জামায়াতের সেক্রেটারি

    সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না; জামায়াতের সেক্রেটারি

    আবুবক্কার সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রফেসর ড. ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালিন সরকার ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী সে প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। দেশে একটি গণতান্ত্রিক ফ্রি-ফেয়ার ইলেকশনের জন্য প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। গত ১৫ বছরে শেখ হাসিনা ও তার সঙ্গীরা আমাদেরকে রক্তের সাগরে ভাসিয়ে গুম ও খুন করেছে। কারাগারে নির্দয়ভাবে আটকে রেখেছে।

    শাপলা চত্বরের খুনি, বিডিআরের খুনি ও সাঈদী সাহেবের খুনিদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নির্বাচনের আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এক কথায়-সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিন, সে নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।

    তিনি শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন।

    উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা মু. ইব্রাহিম , উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা মসলিসে সূরা সদস্য নুরে আলম মিয়াজী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, অধ্যাপক আবদুল কাদের, মাওলানা আবুল হাশেম, সাহাব উদ্দিন, মাওলানা হাসান মজুমদার, ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, মহসিন কবির, ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন, আলহাজ¦ শাহনেওয়াজ কাজল, মেশকাত উদ্দিন সেলিম, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা সদর শিবির সভাপতি মোজাম্মেল হক, উত্তর শাখা শিবিরের সভাপতি মাসুম মিয়াজী।

    অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর।

    এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে পথসভাটি জনসভায় রূপান্তরিত হয়।

  • দাবি আদায়ে কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

    দাবি আদায়ে কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

    ৬ দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে গণমিছিল করছে কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে তেজগাঁও পলিটেকনিক থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

    এর আগে, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে দাবি আদায়ে দীর্ঘ বৈঠক করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। পরে বৈঠকে অসন্তুষ্টির কথা জানিয়ে রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

    এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান।

    জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত। নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

    ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে-কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

    উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) থেকে পা করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ। এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

    কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

    পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

  • চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারীর আগমনে স্বাগত মিছিল

    চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারীর আগমনে স্বাগত মিছিল

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের শুক্রবার বিকেলে চৌদ্দগ্রামে আগমন ও পথসভা উপলক্ষে স্বাগত মিছিল করেছে উপজেলা জামায়াত।

    এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী আবদুর রহিম, পৌর নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান বলেন, শুক্রবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পথসভা জনসভায় রূপান্তরিত হবে। চৌদ্দগ্রামের মানুষকে দাওয়াত দেয়ার উদ্দেশ্যেই স্বাগত মিছিল করা হয়েছে।

  • চৌদ্দগ্রামে টাকা আত্মসাত ঘটনায় প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

    চৌদ্দগ্রামে টাকা আত্মসাত ঘটনায় প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে কাতারের ভিসা দেয়ার কথা বলে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাত করে উল্টো প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পিতাসহ পরিবারকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে মোহাম্মদ জাবেদ ওমর নামে আরেক প্রবাসীর বিরুদ্ধে। হয়রানীমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে বুধবার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ তাহের।

    লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রামের মোঃ দুদু মিয়ার ছেলে মোহাম্মদ জাবেদ ওমর(৩৫) বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী আশরাফ তাহেরের আপন ভাতিজা। গত তিন বছর আগে কাতারের ভিসা দেয়ার কথা বলে জাবেদ ওমর মুক্তিযোদ্ধা তাহেরের ছোট ছেলে তারেক থেকে সাড়ে ৭ লাখ টাকা নেয়। কাতারে থাকাকালিন ওই সময় দুইজনের মধ্যে বাকবিতন্ডার ঘটনাকে কেন্দ্র করে কাতার প্রশাসন মোহাম্মদ জাবেদ ওমরকে আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে এক মাসের বেশি সময় জেল খেটে সে দেশে ফিরে আসে।

    এরপর জাবেদ ওমর আবার ওমান চলে যায়। কিন্তু চতুর জাবেদ ওমর মুক্তিযোদ্ধার ছেলে তারেকের পাওনা টাকা পরিশোধ করেনি। এনিয়ে দুইজনের মধ্যে প্রায় সময় মোবাইল ফোনে কথা কাটাকাটি হতো। এরই জের ধরে বেশ কয়েকবার তারেকের উপর হামলার ঘটনা ঘটায় জাবেদ ওমরসহ তার নেতৃত্বে থাকা কিশোর গ্যাং সদস্যরা। সর্বশেষ গত ৬ এপ্রিল মোঃ তারেক তার পাওনা টাকা আদায়ের জন্য মুন্সিরহাট কলেজের সামনে জাবেদ ওমরের সাথে কথা বলে।

    এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টিকে মিথ্যা ও ভিন্নভাবে উপস্থাপন করে জাবেদ ওমর কুমিল্লার বিজ্ঞ আদালতে তারেক, তাঁর পিতা মুক্তিযোদ্ধা আলী আশরাফ তাহের, আপন ভাই দুবাই প্রবাসী তুহিন, চাচাতো ভাই অটোচালক মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদালত মামলাটি ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলায় উল্লেখিত মোবাইল, মানিব্যাগ ও টাকা নেয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।

    এরআগে গত বছরের নভেম্বর মাসেও জাবেদ ওমর তার বাবা দুদু মিয়াকে দিয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। ওই সময় শালিশ বৈঠকে তাদের বিরুদ্ধে জরিমানা করে স্থানীয় শালিশদাররা। বার বার সামাজিকভাবে হেরে তারা এখন আদালতে গিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ তাহের।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাস্টার ইউসুফ শরীফ, দুবাই প্রবাসী মোঃ তুহিন, মোঃ নবী হোসেন, মামুনুর রশীদ দাউদ, মোঃ জাকারিয়া, সাইমন, কাজী নাসির, কামাল হোসেন, কাজী আবু বক্কর, ইমরান হোসেন, মারুফ হোসেন, বেলাল হোসেন, মোঃ নয়ন, সিহাব, রাব্বি, রাকিব প্রমুখ।

    এ ব্যাপারে মোহাম্মেদ জাবেদ ওমর বলেন, সংবাদ সম্মেলনের অভিযোগ সঠিক নয়। কাতারের ভিসা দেয়ার বিষয়টি কাতারেই সমাধান হয়েছে। মুক্তিযোদ্ধা আলী আশরাফ তাহেরের ছেলেরা আমার উপর বারবার আক্রমণ করছে। সঠিক বিচারের জন্য আদালতে মামলা করেছি।

  • চৌদ্দগ্রামে বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ভীড়

    চৌদ্দগ্রামে বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ভীড়

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে নববর্ষ উপলক্ষে চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।

    বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ২-১ গোলে পৌরসভা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মিয়াবাজার স্পোর্টিং ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা।

    বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। উপজেলা বিএনপির নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, নুরুন্নবী পাটোয়ারী, সদস্য ডাঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, রফিকুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, আবির চৌধুরীসহ বিভিন্ন পৌরসভা ও মিয়াবাজার এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও দর্শক। নববর্ষে ভিন্নরকম আয়োজনে মুগ্ধ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা

    চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ১লা বৈশাখ ১৪৩২ খৃষ্টাব্দ কে স্বাগত জানাতে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সোমবার (১৪ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীরউত্তম হল প্রাঙ্গণ থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার নেতৃত্বে বিশাল শোভাযাত্রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রেনিং সেন্টার পদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমান হল প্রাঙ্গণে এসে শেষ হয়। বৈশাখের ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার, ফেস্টুন ও ঢোল বাদ্য বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম রাজু, পৌর বিএনপি আহ্বায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্তু, আ ন ম সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরায়েজি লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী, গিয়াসউদ্দিন। পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী রাকিবুল আহসান মহব্বত, মাইনুল আহসান মাসুদ, ফরিদ আহমেদ শাহীন, নাসির উদ্দিন। উপজেলা বিএনপি সদস্য এনামুল হক চুট্টু, কাজী নুরুল ইসলাম শাহীন রেজা, ইসমাইল হোসেন, ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ মাইন উদ্দিন আহমেদ মজুমদার।

    উপজেলা যুবদল আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিড, উপজেলা তাঁতি দলের সভাপতি ইব্রাহীম খলিল সহ উপজেলা ও পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন

    চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠান শুরু হয়।

    সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢোল বাদ্য বাজিয়ে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী সাজে সজ্জিত শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়।

    এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চৌদ্দগ্রাম ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম, সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর।

  • ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

    ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

    আব্দুল আওয়াল, এনায়েতপুর, (সিরাজগঞ্জ):

    ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে আজ এনায়েতপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এনায়েতপুর হাট জামে মসজিদ সামনে থেকে শুরু হয়ে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রচুর সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদী সমাবেশে বক্তব্য প্রদান করেন

    বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার
    সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহসভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি মাওলানা যাকারিয়া হুসাইন সিরাজী প্রমুখ।

    বক্তাগণ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীগণ বলেন, ইসরায়েল ফিলিস্তিনে বর্বর হামলার মাধ্যমে গণহত্যা চালাচ্ছে, তারা জাতিসংঘের কাছে এর জবাব চান। আমরা এর তীব্র ধিক্কার জানাই। তারা জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানান। তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের ঝরানো রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। ফিলিস্তিনে মুসলমানরা একদিন বিজয়ী হবে ইনশা আল্লাহ।

  • দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার

    দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার

    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় ওমর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভিকটিম এক শিশুর পিতা মোঃ জাফর। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

    মামলায় উল্লেখ করা হয়, শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মোঃ জাফরের স্ত্রী জেসমিন আক্তার এক সপ্তাহ আগে গজারিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকেলে গজারিয়া গ্রামের ওমর আলী কোদালের জন্য আবদুল হামিদের বাড়িতে আসে। এ সময় আবদুল হামিদসহ পরিবারের লোকজন পাশের ক্ষেতে মরিচ তুলছিল। এ সময় বাড়ির পশ্চিম পাশের একটি ঘরে দুই শিশু খেলছিল। বাড়িতে কাউকে না দেখে ওমর আলী ওই দুই শিশুর সাথে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে জোরপূর্বক শরীরের বিভিন্নস্থানে স্পর্শসহ শ্লীলতাহানি করে। ভয়ে ওই শিশু চিৎকার করলে পরিবারের লোকজন এগিয়ে আসলে ওমর আলী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওমর আলীর বিচার চেয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

    চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুই শিশুকে নিপীড়নের ঘটনায় ওমর আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের পরিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে ওমর আলীকে জেলে পাঠানো হয়েছে’।