Author: নিউজ ডেক্স

  • প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

    প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

    প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ বুধবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর বলছে, সম্প্রতি প্রতারকচক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারকচক্র যাত্রীদের নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে।

    আবার যাত্রীদের অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোনকল করিয়ে বিকাশে অর্থ দাবি করছে। এ ধরনের অপরাধী থেকে সজাগ ও সতর্ক থাকতে যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে। এ ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীদের পথিমধ্যে থেকে মাইক্রোবাস বা এ জাতীয় যানবাহনে না উঠার জন্য পুলিশ অনুরোধ জানাচ্ছে।

    ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যাত্রাপথে অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে কোনো খাবার গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারকচক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

    একাকী ভ্রমণের সময় সাবধান থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। নিজের অবস্থান এবং গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখার পরামর্শ দিয়েছে।

  • ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

    ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

    মোঃ সাহিবুল ইসলাম, ভোলাহাটঃ

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ০৮ (আট) জন ব্যক্তি আটক করেছে বিজিবি সদস্যরা।

    বিজিবির ৫৯ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মঙ্গলবার (৩ জুন)ভোর প্রায় সাড়ে ৪ টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন হোসেনভিটা ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮জন (পুরুষ-০৪ জন, মহিলা-০৪ জন) ব্যক্তি অনুপ্রবেশ করে।

    পরবর্তীতে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ ফায়েক (২৮), পিতা-মোঃ গোলাব, গ্রাম-শেখালীপুর, পোষ্ট-চাঁপাইনবাবগঞ্জ, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    মোঃ আজিম সরদার (২৫), পিতা-আব্দুর রহমান সরদার, গ্রাম-ডোমরা, পোষ্ট-আমবাড়ীয়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা।

    রুস্তম আলী (৪৪), পিতা-মোঃ শফির উদ্দিন, গ্রাম-বেলদহী, পোষ্ট-হরছুয়া, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও।

    মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫), পিতা-তোফাজ্জেল হোসেন, গ্রাম-চকমুক্তাপুর, পোষ্ট-মুক্তাপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী। দুঃখী দাস (৫৫), স্বামী-গোবরধন দাস, গ্রাম- হরিদেবপুর, পোষ্ট-তালন্দ, থানা-তানোর, জেলা-রাজশাহী।

    মোছাঃ মিম খাতুন (১৯), স্বামী-আজিম উদ্দিন, গ্রাম-ডোমরা, পোষ্ট-আমবাড়ীয়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা।মোছাঃ রত্না আক্তার নুপুর (২২), পিতা-আতিকুর রহমান, গ্রাম-কাঞ্চনরানীপুর, পোষ্ট-কাঞ্চন, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।মোছাঃ নাদিরা খাতুন (৩৭), স্বামী-ইব্রাহিম, গ্রাম-পিছি বারইখালী, পোষ্ট-গুলশাখালী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট।

    আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে আটক অবস্থায় ছিল।

    আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে। উল্লেখ্য, উক্ত ঘটনার প্রেক্ষিতে ৩ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

  • ‎পাবনা চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন

    ‎পাবনা চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন

    মোঃ পলাশ হোসাইন, চাটমোহরঃ

    নিরাপদ পাবনা চাটমোহর গড়ি, দূর্ঘটনা-মাদক-ইভটিজিং-কিশোর গ্যাং মুক্ত জীবন গড়ি’ এই শ্লোগানে পাবনার চাটমোহরে অভিভাকদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।

    বুধবার (০৪ জুন) সকালে চাটমোহর পৌর সদরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলের উদ্যোগে ও তার নেতৃত্বে চাটমোহর বাসস্ট্যান্ড, শাহী মসজিদ মোড়, উপজেলা গেট, জিরো পয়েন্ট, থানা বাজার, স্টার মোড় সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, পথচারী অভিভাবকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

    লিফলেটের মাধ্যমে সচেতনতামূলক বিভিন্ন বার্তা পৌঁছে দেয়া হয়।এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান, চাটমোহর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাসুম আকাশ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজুল, পৌর ছাত্রদল নেতা সাজেদুর রহমান সেজান প্রমুখ উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, ‘ঈদ আসলেই চাটমোহরে কিশোর তরুণদের মাঝে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বাড়ে। ফলে প্রায়ই দুর্ঘটনায় ঝরে পড়ে অনেক প্রাণ।

    বাবা-মাও সন্তানদের আব্দার রাখতে মোটরসাইকেল কিনে দেন কিন্তু তারা কার সাথে কোথায় যায়, কিভাবে মোটরসাইকেল চালায় তার খোঁজ অভিভাবকরা রাখেন না।’এছাড়া মাদক ও ইভটিজিং এ জড়িয়ে পড়ছে কিশোর তরুণরা। উদ্বেগ তৈরী হয়েছে কিশোর গ্যাং। খেলার মাঠ থেকে দূরে সরে যাচ্ছে তারা।

    যাদের কারণে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতাও বাড়ছে। তাই আমরা এই লিফলেট বিতরণের মাধ্যমে অভিভাবকদের সচেতন করার চেষ্টা করছি।’তাইজুল আরো বলেন, ‘অভিভাবক সচেতন না হলে এসকল দূর্ঘটনা আর অপরাধ প্রবণতা কমবে না। বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সন্তানদের ধর্মীয় ও পারিবারিক শিক্ষায় গড়ে তুলতে হবে। সন্তানদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

    এই সচেতনতার বার্তা আমরা চাটমোহরবাসীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। একজন অভিভাবকও যদি এর মাধ্যমে সচেতন হয় তাহলে আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে বলে মনে করি।

  • মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

    মাভাবিপ্রবি ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য, চলছে অশ্লীল ও অসামাজিক কার্যক্রম

    মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)–তে ঈদের ছুটির ফাঁকা সময়কে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়ছে বহিরাগতদের আগমন। দিন দিন বেড়ে চলেছে আড্ডা, মাদকসেবন, বাইক রেসিং, অশ্লীল ও অসামাজিক কার্যকলাপ এবং টিকটকের নামে অশোভন ভিডিও ধারণের মতো কর্মকাণ্ড। ফলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, সৃষ্টি হয়েছে চুরির আশঙ্কা এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগও বাড়ছে।
    সরেজমিনে দেখা যায়, ১ম গেট দিয়ে বাইক নিয়ে প্রায় বাধাহীনভাবে প্রবেশ করছে বহিরাগতরা। হাতির কবর, বিজয় অঙ্গণ, শহীদ মিনার, পুরাতন ছাত্রলীগ কার্যালয়, বুদ্ধিজীবী চত্বর, ক্যাফেটেরিয়া ও প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা সহ একাডেমিক ভবনের আশপাশে চলমান এসব অনিয়ন্ত্রিত কার্যক্রম ক্যাম্পাসের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। মুক্তমঞ্চের পেছন ও সেন্ট্রাল ফিল্ড এলাকায় মাদক সেবনের ঘটনাও দেখা যাচ্ছে। ছেলেদের আবাসিক হলের আশপাশেও ছেলেমেয়েদের অশ্লীল টিকটক ভিডিও তৈরির অভিযোগ উঠেছে।
    শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
    গণিত বিভাগের শিক্ষার্থী সাইদুল হাসান সোহাগ বলেন,“শিক্ষাপ্রতিষ্ঠান মানেই জ্ঞানচর্চার কেন্দ্র। কিন্তু ছুটির সময়ে বহিরাগতদের অবাধ বিচরণ এখন ভয়াবহ সামাজিক সমস্যায় রূপ নিচ্ছে। এতে শিক্ষার পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ক্যাম্পাসের ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়ছে।”
    পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন,“ক্যাম্পাস যেন ছাত্রদের নয়, বরং বহিরাগতদের জন্য বানানো হয়েছে! এখন মনে হয় এটা বিশ্ববিদ্যালয় না, যেন টিকটক স্টুডিও! নিরাপত্তা ব্যবস্থা বলতে গেলে অদৃশ্য, প্রশাসনের ভূমিকা কার্যত অকার্যকর।”
    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব বলেন, “অন্য বিশ্ববিদ্যালয়ে যেখানে ছুটির সময় বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত, সেখানে আমাদের ক্যাম্পাসে নজরদারির ঘাটতি প্রকট। এতে নিরাপত্তার পাশাপাশি পরিবেশও বিপন্ন হচ্ছে।”
    এফটিএনএস বিভাগের শিক্ষার্থী সমাপ্তি খান জানান, “ক্যাম্পাসে নিরাপত্তা কর্মী থাকলেও, তাদের নজরদারির অভাবে বহিরাগতদের কর্মকাণ্ড বেড়েই চলেছে। প্রশাসনের কাছ থেকে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করছি।”
    প্রশাসনের বক্তব্য
    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, “আমরা নিয়মিত টহল দিচ্ছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। নিরাপত্তা রক্ষায় নিরাপত্তাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছে। শিক্ষার্থীদেরও সহায়তা প্রয়োজন।”
    নিরাপত্তা শাখার উপ-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম বলেন, “আমাদের দায়িত্ব পালনে অবহেলা নেই। গেট দিয়ে বাইক প্রবেশের সময় জিজ্ঞাসাবাদ করা হয়। আনসার সদস্য সীমিত হওয়ায় সব জায়গায় কভার করা যাচ্ছে না। তবে অসামাজিক কার্যকলাপ দেখলে আমরা ব্যবস্থা নিচ্ছি।”
    উদ্বিগ্ন শিক্ষক ও সচেতন মহল
    বিশ্ববিদ্যালয়ের চলমান নিরাপত্তাজনিত অবস্থান নিয়ে উদ্বিগ্ন শিক্ষকগণ ও সচেতন মহল প্রশাসনের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন, বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে আরও সচেতন ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
  • ঈদযাত্রায় ট্রেন চলাচলের নতুন নির্দেশনা

    ঈদযাত্রায় ট্রেন চলাচলের নতুন নির্দেশনা

    ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় এড়াতে ঢাকাগামী ৯টি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের ঈদ উপলক্ষে নেয়া কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়।

    কর্মপরিকল্পনায় বলা হয়, ৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

    অন্যদিকে সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।

    টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধায় ঈদের আগে ৩ জুন থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজেলা আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।

  • শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

    শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ

    আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ
    মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তাই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়।
    আজ বুধবার (৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১৫৫০টি ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়।
    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব এর নেতৃত্বে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়।
    এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মামুনুর রহমান, সহকারী সচিব মশিউর রহমান, কম্পিউটার উদ্যোক্তা সুমন ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য রেশাদুল ইসলাম (লেবু), ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম পলাশ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীনুর আলম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হায়দার আলী মন্ডল, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য তাববিরুল ইসলাম শাহীন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম, ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য জলেদা বেগম, ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ রোমানা আক্তার এবং ৭/৮/৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য খুশির্দা আক্তার খুশি।
    চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল হালিম, শ্রী রনজিত কুমার, মুকুল হোসেন, দুলাল চন্দ্র ও শ্রী রামধনি।
    চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব জানান, সরকারের সহায়তায় অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ঈদ উপহার ভিজিএফ চাল আমরা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করেছি। আমরা চেষ্টা করছি যেন প্রকৃত উপকারভোগীরাই এই সহায়তা পান এবং কেউ যেন বঞ্চিত না হন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই কার্যক্রমে সর্বোচ্চ সততা ও দায়িত্ববোধের সাথে কাজ করা হয়েছে।
  • বঞ্চিত মুখে হাসি: মাভাবিপ্রবিতে এতিম ও আহতদের পাশে ‘বৈছাআ’

    বঞ্চিত মুখে হাসি: মাভাবিপ্রবিতে এতিম ও আহতদের পাশে ‘বৈছাআ’

    মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) শাখার উদ্যোগে এতিম শিশু ও আহত শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে এক মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
    মঙ্গলবার (৩ জুন ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত ‘শাহ্ নাসির উদ্দীন বোগদাদী ইয়াতিমখানা’ প্রাঙ্গণে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল নতুন পায়জামা-পাঞ্জাবি (জুব্বা), একজোড়া জুতা ও ঈদ সালামি। এছাড়া নবম শ্রেণিতে অধ্যয়নরত এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর জন্য ফুল সেট গাইড বই কিনে দেওয়া হয়।
    বৈছাআ মাভাবিপ্রবি শাখার আহ্বায়ক মো. তুষার আহমেদ বলেন, “ঈদ উদযাপনের পাশাপাশি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে জুলাই-আন্দোলনে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সংগঠনের পক্ষ থেকে আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। আমরা আরও কিছু আহত শিক্ষার্থীর সাথেও যোগাযোগ করে যাচ্ছি।”
    তিনি জানান, “এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সংগঠনের কোনো স্থায়ী তহবিল নেই। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত চাঁদা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং কিছু নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাঙ্ক্ষীদের সহায়তায়ই পুরো আয়োজন সম্পন্ন হয়েছে।”
    সংগঠনের মুখপাত্র সাকিব আল হাসান রাব্বি বলেন, “একটি নতুন জামা, একজোড়া জুতা কিংবা একটি গাইড বই—এই ছোট ছোট জিনিসই কারো মুখে হাসি ফোটাতে পারে, ভবিষ্যতের জন্য ভিত্তি গড়ে দিতে পারে। আমরা চাই, কেউ যেন ঈদের আনন্দ বা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।”
  • কুয়েটে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির, বেতন-বোনাস ছাড়াই ঈদ কাটাতে যাচ্ছেন হাজারো শিক্ষক-কর্মচারীরা

    কুয়েটে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির, বেতন-বোনাস ছাড়াই ঈদ কাটাতে যাচ্ছেন হাজারো শিক্ষক-কর্মচারীরা

    কুয়েট প্রতিনিধিঃ
    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসনিক ও আর্থিক অচলাবস্থা চরমে পৌঁছেছে। প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম। এমন অবস্থায় আসন্ন ঈদুল আযহার ঠিক এক সপ্তাহ আগে বেতন ও উৎসব ভাতা না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কুয়েটের প্রায় ১,১০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
    গত ২২ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী কুয়েট শিক্ষক সমিতির আন্দোলনের মুখে পড়ে দায়িত্ব ছেড়ে দিলে বিশ্ববিদ্যালয় কার্যত ‘অভিভাবকহীন’ হয়ে পড়ে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, উপাচার্য ছাড়া কোনো আর্থিক বিল অনুমোদন করা সম্ভব নয়। ফলে শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদের বোনাস এখনও অনিশ্চিত হয়ে আছে।
    এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া গত ২৯ মে চ্যান্সেলর ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি আবেদনপত্র পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়, উপাচার্য পদ শূন্য থাকায় সকল আর্থিক কার্যক্রম বন্ধ রয়েছে। অতএব, জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে অন্ততপক্ষে বেতন ও উৎসব ভাতা পরিশোধের অনুমোদন প্রদানের জন্য প্রশাসনিক নির্দেশনা প্রদান করা হোক।
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, তারা একদিকে বেতন পাচ্ছেন না, অন্যদিকে প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। রোববার (১ জুন) দুপুরে ‘দুর্বার বাংলা’ চত্বরে মানববন্ধনে অংশ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।
    একজন কর্মকর্তা বলেন, “শুধু আমাদের পরিবার নয়, আমাদের সঙ্গে জড়িত হাজারো মানুষ এই সংকটে পড়েছেন। ঈদের সময় হাতে টাকা না থাকলে পরিবারের মুখে হাসি ফোটানো অসম্ভব।”
    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে জানান, “উপাচার্য ছাড়া কোনো বিল অনুমোদন সম্ভব নয়, তাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। এখন মন্ত্রণালয়ের দিক থেকে দ্রুত সিদ্ধান্ত আসার অপেক্ষায় আছি।”
    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার বলেন, “বিশ্ববিদ্যালয় যদি আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করব।”
    অচলাবস্থার কারণে শুধু শিক্ষক-কর্মচারীরাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরাও। ঈদুল ফিতরের আগে থেকে শুরু হওয়া ছুটি, চলমান আন্দোলন ও একের পর এক প্রশাসনিক সংকটে কুয়েটে গত ১০৪ দিন ধরে বন্ধ রয়েছে নিয়মিত ক্লাস ও পরীক্ষা।
    গতকাল (৩ জুন) থেকে শুরু হওয়া ঈদুল আযহার ছুটিতে ক্যাম্পাস আবারও বন্ধ হয়েছে। শিক্ষাবর্ষ কার্যত ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।
    উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল,যুবদল ও স্থানীয় সন্ত্রাসী হামলার ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্যসহ শীর্ষ প্রশাসনের পদত্যাগ দাবি করেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়।
    ১ মে চুয়েটের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি ১৯ মে ক্যাম্পাস ত্যাগ করেন এবং শিক্ষক সমিতির আন্দোলনের মুখে পড়ে ২২ মে পদত্যাগ করেন।
    বর্তমানে কুয়েট কার্যত ‘অভিভাবকশূন্য’ অবস্থায় রয়েছে। সুষ্ঠু প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আর্থিক লেনদেন কবে স্বাভাবিক হবে—তা নিয়ে চরম অনিশ্চয়তা বিরাজ করছে।
  • রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

    রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে।

    ৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় শুরু হওয়া এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

    মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন

    উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ, রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শাহনাজ পারভীন, উপজেলা আইসিটি অফিসার মোঃ জাহাজীর আলম।

    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।

    অনুষ্ঠানে উপজেলার ৭০ জন কৃষক-কৃষাণী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • পাটগ্রামে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    পাটগ্রামে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    এম এইচ মানিক সরকার, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

     

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মানব কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার পাটগ্রাম আদর্শ কলেজ, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজ, সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ, পাটগ্রাম আহারতুল্লাহ প্রধান সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ উপজেলার আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপণ করা হয়।

    সংগঠন টি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে বিনামূল্যে গ্রুপ নির্ণয় কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম, অসহায় দুস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান সহ আরও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অংশীদার হচ্ছে।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বলেন জলবায়ূর প্রভাব সারা পৃথিবীতে পড়ছে।

    আমাদের দেশেও প্রকৃতির নানান বিরূপ আচরণ লক্ষ করা যাচ্ছে, যা আগে ছিলোনা। এ থেকে দেশকে রক্ষা করতে সবুজ বনায়ন ও বৃক্ষ রোপণ খুবই জরুরী। তিনি বিভিন্ন সামাজিক সংগঠন এবং সবাইকে নিজ উদ্যোগে অন্তত একটি করে বৃক্ষ রোপণ করার আহ্বান জানান।

  • পাটগ্রামে পুশইনের শিকার ২ ভারতীয় নাগরিকের সন্ধান

    পাটগ্রামে পুশইনের শিকার ২ ভারতীয় নাগরিকের সন্ধান

    এম এইচ মানিক সরকার, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রেল স্টেশন এলাকায় পুশ ইনের শিকার ২ ভারতীয় বৃদ্ধের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২ জুন) রাত ৯ টার দিকে তাদের সন্দেহ জনক ভাবে দেখা গেলে স্থানীয়রা তাদের আটক করে।

    জানা গেছে এক সপ্তাহ আগে বাংলাদেশে পুশ ইন’র স্বীকার হয়েছে ভারতের আসাম রাজ্যের এই দুই নাগরিক। তারা হলেন ইউসুফ আলী (৭০) ও শামসুল হক (৬৫) নামে দুই ভারতীয়। ইউসুফ আসামের দড়ং ও শামসুল আসামের চিরাং জেলার বাসিন্দা।

     

    তাদের ভাষ্যমতে, এক সপ্তাহ আগে বুড়িমারী সীমান্ত দিয়ে রাতে পুশ ইন করে বিএসএফ। এরপর বুড়িমারী স্টেশনে ট্রেনে উঠে লালমনিরহাটে পৌঁছায় ইউসুফ ও শামসুল। এরপর পুনরায় আবারও বুড়িমারী স্টেশন অভিমুখে আসার পথে পাটগ্রাম স্টেশনে নামেন এবং এক সপ্তাহ ধরে এভাবে বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

    তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতীয় বিএসএফ একটি গাড়িতে মোট ৫ জনকে বাংলাদেশে জোর করে ঢুকিয়ে দিয়েছে । এদের মধ্যে তারা দু’জন একসাথে ছিলেন এবং বাকি ৩ জন অন্যত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

    এছাড়া অন্য একটি গাড়িতে আরও বেশ কয়েকজনকে পুশ ইন করার জন্য বিএসএফকে প্রস্তুতি নিতে দেখে বলে জানা গেছে। এদিকে একটি সূত্র বলছে তারা মুলত লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এরপর তারা ট্রেনযোগে পাটগ্রাম স্টেশনে আসেন।

     

    এঘটনার পর স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে ঘটনার প্রায় ৩ ঘন্টা পেরিয়ে গেলেও কারও উপস্থিতি দেখা যায় নি। আজ মঙ্গলবার সকাল পেড়িয়ে দুপুর হলেও এখন পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপ পাওয়া যায় নি, ফলে এখন পর্যন্ত একই জায়গায় অবস্থান করছেন ভারতীয় এই দুই নাগরিক।

  • জামায়াতে ইসলামীর ১ মেয়র ও ৬ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

    জামায়াতে ইসলামীর ১ মেয়র ও ৬ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

    মোঃ পলাশ হোসাইন, চাটমোহরঃ

    পাবনা চাটমোহর মডেল মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলার দায়িত্বশীলদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

    উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার সম্মানিত শূরা ও কর্মপরিষদ সদস্য এবং তারবিয়াত সেক্রেটারি জনাব মো: আ: রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসন কমিটির অফিস সেক্রেটারি মো: জিয়াউর রহমান।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সম্মানিত আমীর মাও. আব্দুল হামিদ।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি মাও.হাবিবুর রহমান।

    আজকের এই বিশেষ দায়িত্বশীল বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ টি ইউনিয়ন এবং চাটমোহর পৌরসভার যথাক্রমে চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।

    প্রার্থী হিসেবে চাটমোহর পৌরসভার জন্য শহিদুল্লাহ মাস্টার,গুনাইগাছা ইউনিয়নের জন্য উপজেলা সেক্রেটারি মাও. হাবিবুর রহমান,ফৈলজানা ইউনিয়নের জন্য মো: সোলাইমান হোসেন,নিমাইচড়া ইউনিয়নের জন্য সাবেক শিবিরের জেলা সভাপতি মো: আজাদুজ্জামান আজাদ,হান্ডিয়াল ইউনিয়নের জন্য মাওলানা হাবিবুর রহমান মাস্টার,ছাইকোলা ইউনিয়নের জন্য মাওলানা আশরাফুল ইসলাম এবং প্বার্শডাঙ্গা ইউনিয়নের জন্য মো: মোক্তার হোসেন খান মাস্টার এর নাম ঘোষণা করা হয়।

  • নলছিটিতে টিসিবি ডিলারকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

    নলছিটিতে টিসিবি ডিলারকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রমর এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (১ জুন) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী নজরুল ইসলাম হাওলাদার (৬০) বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আহত নজরুল ইসলাম ছোট প্রমর এলাকার মৃত গয়েজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার হিসেবে পণ্য বিক্রি করে বাড়ি ফিরছিলেন বলে জানান তার ছেলে সাব্বির হাওলাদার।

    সাব্বির বলেন, “রাতে টিসিবির পণ্য বিক্রি করে বাড়ি ফিরছিলাম। বাবা সাইকেল চালিয়ে সামনে ছিলেন, আমি একটু পেছনে হেঁটে আসছিলাম। হঠাৎ ৫-৭ জন দুর্বৃত্ত এসে বাবার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে। পরে তারা বাবার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। আমাকে আক্রমণ করতে এলে আমি দৌড়ে পালিয়ে যাই।”

    স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান টিটু বলেন, “এলাকায় এমন নৃশংসতা আগে কখনও ঘটেনি। সবাই আতঙ্কিত।”

    এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ দ্রুত শুরুর দাবি

    হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ দ্রুত শুরুর দাবি

    মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া:

    হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কটি অতিগুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কটি হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কয়েকটি উপজেলার সঙ্গে রাজধানী ঢাকার যাতায়াত সহজ করেছে। প্রতিদিন অর্ধলক্ষাধিক যানবাহন ও কয়েক লাখ মানুষ দৈনিক এ সড়ক দিয়ে যাতায়াত করেন। ৪ জেলার মধ্যে আর্থ-সামাজিক, কৃষি ও শিল্পসংশ্লিষ্ট যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এ সড়ক উন্নয়ন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে বিকল্প ও কার্যকর সংযোগ গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে বেগবান করবে। পণ্য পরিবহন সহজ হবে, স্থানীয় জনগণের ভ্রমণ ব্যয় ও সময় সাশ্রয় হবে এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে। কিন্তু সড়কটির নাসিরনগর-সরাইল অংশ কাজ শুরু করলেও হবিগঞ্জ-লাখাই অংশ প্রকল্প থেকে বাদ দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অথচ প্রকল্পটি হবিগঞ্জ সড়ক বিভাগের অধিন। এমন খবর চাউর হলে লাখাই উপজেলাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।

    বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী শনিবার সংবাদ সম্মেলন করে প্রকল্পের হবিগঞ্জ-লাখাই অংশের কাজ দ্রুত শুরু করার দাবি জানান। রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, স্থানীয় মুরুব্বি আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, এডভোকেট আয়াতুল ইসলাম। পরে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেন।

    বক্তারা বলেন, সব প্রক্রিয়া শেষ করে এখন এসে প্রকল্প থেকে হবিগঞ্জ-লাখাই অংশটি বাদ দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। যদি প্রকল্পের হবিগঞ্জ-লাখাই অংশ প্রকল্প থেকে বাদ দেয়া হয় তবে তীব্র আন্দোলন গড়ে তুলবেন। প্রয়োজন ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারিও দেন তারা।

    এডভোকেট শামছুল ইসলাম বলেন, বার বার হবিগঞ্জবাসীর সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। ক’দিন পর পরই একেকটি প্রকল্প বাতিল করা হচ্ছে। এটি কোনো অদৃশ্য ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। তবে যেকোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।

    তিনি বলেন, এ সড়কটি উন্নয়ন হলে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেট বিভাগের দূরত্ব কমবে প্রায় ৪০ কিলোমিটার। যাতায়াত খরচও কমবে। এ সড়কের পাশে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হবে। অর্থনৈতিক উন্নয়ন হবে।

    সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আয়াতুল ইসলাম, এডভোকেট ইয়ারুল ইসলাম, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ প্রমুখ।

  • ঈদে ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

    ঈদে ১০ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্টধারী মানুষ পারাপার ও বন্দরের অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে

    সোমবার (২ মে) সকালে বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ সব তথ্য নিশ্চিত করেছেন।
    জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জুন শনিবার পর্যন্ত টানা ১০ দিন বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ)।
    এ সংক্রান্ত চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বুড়িমারী উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বুড়িমারী বিজিবি কমান্ডার, পুলিশ ইমিগ্রেশন, ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন , চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন , সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।
    বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থল বন্দরের আমদানি- রপ্তানি কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন বন্ধ থাকবে।
    বুড়িমারী স্থলবন্দরের অভিবাসনচৌকির (ইমিগ্রেশন পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ঈদে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের ইমিগ্রেশন বন্ধ থাকবে না। এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।,
     এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) রাহাত হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি- রপ্তানি না করলে স্বাভাবিক ভাবে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এ সময় বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস কার্যালয় খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রী যাতায়াত চালু থাকবে।
  • মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

    মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা

    মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

     

    পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগ, আত্মসমর্পণ ও মানবিকতার এক উজ্জ্বল প্রতীক। কোরবানির এই উৎসবকে ঘিরে মানুষের মনে যেমন আনন্দ, তেমনি অন্তর্নিহিত রয়েছে আত্মত্যাগ ও সহমর্মিতার গভীর বার্তা। এই ভাবনাই প্রতিফলিত হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের অনুভবে।

    এফটিএনএস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধী-বুনিয়ানুম মারসুস বলেন, “ঈদুল আজহা কেবল উৎসব নয়, এটি হালাল উপার্জন, ন্যায্যতা ও দরিদ্রদের কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। কোরবানির মূল বার্তাই হলো ত্যাগ এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা পালন। ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন মানুষকে আর্থিক ও সামাজিকভাবে সুশৃঙ্খল হওয়ার শিক্ষা দেয়।”

     

    সিপিএস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাবিয়া সুলতানা প্রীতি বলেন, “ঈদ আমাদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। গ্রামের ঈদের আমেজ, আত্মীয়-স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি—এসব শহুরে জীবনে পাওয়া যায় না। তবে ঈদের প্রকৃত শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে সমাজে বৈষম্য অনেকটাই কমে আসবে।”

     

    টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল হাসান বলেন, “ঈদুল আজহা হলো মুসলিমদের জন্য একটি বড় আনন্দ ও উৎসবের দিন। এই দিনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকি—কেউ গরু, কেউ ভেড়া ইত্যাদি কোরবানি করেন। তবে কিছু মানুষ কোরবানি দেন শুধুমাত্র মাংস খাওয়ার জন্য বা লোক দেখানোর উদ্দেশ্যে—যা ইসলামের মূল দর্শনের পরিপন্থী। লোক দেখানো কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না।”

     

    তিনি আরও বলেন, “হাদিসের কিতাব জামে আত-তিরমিজি-এর ১৫৩৫ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে: ‘নিশ্চয়ই লোক দেখানোর মনোভাব শিরকের সমতুল্য।’ এছাড়া, পবিত্র কুরআনের সূরা আল-আন’আম-এর ১৬২ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন:

    ‘বল, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত।’”

     

    বিজিই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, “ঈদুল আজহা শুধুই একটি উৎসব নয়, এটি ত্যাগ, শিক্ষা এবং আত্মশুদ্ধির এক মহামিলন। ইসলামের মহান আদর্শ আমাদের শিখিয়েছে—আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিসও কোরবানি করতে পিছপা হওয়া যাবে না। এই শিক্ষা কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং জীবনের প্রতিটি স্তরে, নিজের স্বার্থ, অহংকার কিংবা অন্যায় প্রবৃত্তির বিরুদ্ধে কোরবানির বার্তা দেয়।”

     

    তিনি আরও যোগ করেন, “আজকের তরুণ প্রজন্মকে এই চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে—পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে ন্যায়, সহানুভূতি ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠায়। ঈদুল আজহার আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে, যখন আমরা কোরবানির আত্মা নিয়ে চারপাশের মানুষদের সুখ-দুঃখ ভাগাভাগি করি, বৈষম্যের দেয়াল ভেঙে মানবতার সেতুবন্ধন গড়ি।”

     

    শিক্ষার্থীদের এসব অনুভব ও মতামত থেকে স্পষ্ট—ঈদুল আজহা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মিক সংযোগ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য শিক্ষা। তরুণ প্রজন্ম যদি এই মূল্যবোধ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে সমাজে গড়ে উঠবে একটি ইতিবাচক, সহানুভূতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা। ঈদের অন্তর্নিহিত শিক্ষা যদি আমাদের আচার-আচরণ ও দৈনন্দিন জীবনে প্রতিফলিত হয়, তবেই তা হবে প্রকৃত কোরবানির বাস্তব রূপায়ণ।

  • আজ থেকে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা

    আজ থেকে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন টাকা

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার ব্যাংক নোট আজ থেকে বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মোট ১১টি ব্যাংকের মাধ্যমে এই নতুন টাকা বিতরণ করা হবে। এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকার ব্যাংক নোট আজ থেকে বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মোট ১১টি ব্যাংকের মাধ্যমে এই নতুন টাকা বিতরণ করা হবে। এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

    যেসব ব্যাংকে নতুন টাকা বিনিময় করা যাবে সেগুলো হলো— সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

    রেওয়াজ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক প্রতিটি ঈদ উৎসবের আগে বাজারে নতুন নোট ছাড়ে, যাতে মানুষ স্বচ্ছ, আকর্ষণীয় ও ঝকঝকে টাকা দিয়ে উপহার লেনদেন করতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন গতকাল বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি গ্রাহক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তাই কয়েকটি ব্যাংকে সীমিত পরিমাণে নতুন নোট সরবরাহ করা হয়েছে। এসব নোট সোমবার বা তার পরদিন থেকেই গ্রাহকদের কাছে পৌঁছাতে শুরু করবে।

    প্রথম ধাপে ২০, ৫০ এবং ১০০০ টাকার নতুন নোট ছাড়া হচ্ছে। ধাপে ধাপে আরও নতুন নোট ছাপানো হবে এবং সরবরাহের পরিমাণ বাড়ানো হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

  • ঝালকাঠিতে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা: নগরবাসীর আশঙ্কা, হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য

    ঝালকাঠিতে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা: নগরবাসীর আশঙ্কা, হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
    ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী পুকুরটি ভরাটের চেষ্টায় নেমেছিল শিক্ষা প্রকৌশল অধিদফতর। পাইপ স্থাপন ও বালু ফেলার প্রস্তুতি সম্পন্ন করার পর স্থানীয়দের প্রতিবাদে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। তাৎক্ষণিক হস্তক্ষেপে কাজ বন্ধ হলেও নাগরিক সমাজ ও পরিবেশবিদদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ।
    শুধু এই একটি পুকুর নয়—ঝালকাঠি শহরের অনেক ঐতিহ্যবাহী পুকুরই ইতোমধ্যে হারিয়ে গেছে, আর যেগুলো আছে তাও নষ্ট হয়ে যাচ্ছে ময়লা, আবর্জনা ও অব্যবস্থাপনার কারণে।
    ফায়ার সার্ভিসের ঝালকাঠি স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, “শহরের মধ্যে মাত্র ৩-৪টি পুকুর থেকে এখন জরুরি সময়ে পানি সংগ্রহ করা সম্ভব। বাকিগুলো ভরাট বা দূষণের কারণে অকেজো হয়ে গেছে। বড় অগ্নিকাণ্ড হলে আমাদের একমাত্র ভরসা নদী থেকে পানি উত্তোলন।”
    পরিবেশ আন্দোলনের নেতা আল আমিন বাকলাই বলেন, “শহরের খাল খননের উদ্যোগ ছিল আশাজাগানিয়া। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই এল হযবরল। একের পর এক পুকুর ভরাট হলে জলাবদ্ধতা ও জীববৈচিত্র্য রক্ষায় বিপর্যয় দেখা দেবে।”
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, “কাজটি শিক্ষা প্রকৌশল অধিদফতরের পরিকল্পনায় নেওয়া হয় কয়েক বছর আগে। ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করলেও এখন তা বন্ধ রয়েছে।”
    অন্যদিকে শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষের জমি নির্বাচন অনুযায়ীই আমরা পরিকল্পনা করি। বর্তমানে কাজ বন্ধ এবং পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি চলছে।
    গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক এসএ জুয়েল হাওলাদার বলেন, “আজ ভরাট করে বরাদ্দ খাবে, কাল আবার খননের নামে বরাদ্দ খাবে। এই তো পুরো খেলা।”
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ইয়াছিন ফেরদৌস ইফতি বলেন, “পুকুর শুধু পানি বা মাছের জন্য নয়, ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সচেতনতার অভাবে আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছি।”
    নারী নেত্রী হাসিনা আক্তার বলেন, “সুগন্ধা নদী থেকে আর যেন বালু না তোলা হয়, সেদিকে নজর দিতে হবে প্রশাসনকে। নদীর পাড়ে আমাদের বসতঘর, আর সহ্য করা যাচ্ছে না।”
    পরিবেশবিদ ও সাংবাদিক আমিন আল রশিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, পুকুরে কী হবে? চাইলে নদীও ভরাট করে দিন! রাস্তা আছে না? বিশিষ্ট আইনজীবী ও সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির বলেন, “শহরের পানি সরে না কারণ প্রায় সব পুকুরই ভরাট হয়ে গেছে। অগ্নিকাণ্ড বা অতিবৃষ্টিতে বিপদ বাড়বে। বাকি দুই-চারটি সরকারি পুকুরই শেষ ভরসা, সেগুলোও যদি চলে যায় তাহলে শহর হয়ে পড়বে চরম ঝুঁকিতে।”
  • লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও লুটপাট

    লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও লুটপাট

    আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধি:

    লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (৩১ মে) গভীর রাতে শহরের বিডিআর রোডে অবস্থিত পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, রাত আনুমানিক ১১টার দিকে হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলযোগে আসা ৮-১০ জন যুবক কার্যালয়ের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে ভাঙচুর করে, এরপর আগুন ধরিয়ে দেয় কার্যালয়ের আসবাবপত্র ও কাগজপত্রে।

    অগ্নিকাণ্ডে পুড়ে যায় অফিসের সোফাসেট, শতাধিক প্লাস্টিকের চেয়ার, বিভিন্ন দলীয় দলিল ও পোস্টারসহ দলের চেয়ারম্যান জিএম কাদের ও অন্যান্য নেতাকর্মীদের ছবি। একইসঙ্গে দুর্বৃত্তরা কার্যালয়ে থাকা একটি এলইডি টিভি ও আলমারিতে সংরক্ষিত মালামাল লুট করে নিয়ে যায়।

    ঘটনার পরপরই জাতীয় পার্টির লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি পুরো অফিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”

    জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহিদ হাসান লিমন বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা। বিনা উসকানিতে এবং রাতে যখন কার্যালয়ে কেউ উপস্থিত ছিল না, সেই সুযোগেই এ ঘটনা ঘটানো হয়েছে। ফায়ার সার্ভিসকে একাধিকবার ফোন করা হলেও তারা সময়মতো পৌঁছায়নি। থানায় খবর দিলেও পুলিশও ইচ্ছাকৃতভাবে দেরি করে আসে।”

    তিনি আরও বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

  • ঈদকে ঘিরে পাটগ্রামে রক্ত কণিকার ভিন্ন উদ্বেগ

    ঈদকে ঘিরে পাটগ্রামে রক্ত কণিকার ভিন্ন উদ্বেগ

    এম এইচ মানিক সরকার, পাটগ্রাম, প্রতিনিধি:

    ঈদের উৎসবের আনন্দ সারাদেশে ছড়িয়ে দিতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রক্ত কণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন*। সংগঠনের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দুস্থ, অসহায় ও রক্তদাতাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে চলেছেন।

    এই উদ্যোগের অংশ হিসেবে সংগঠনের স্বেচ্ছাসেবীরা দূরদূরান্তের গ্রাম, হাসপাতাল ও সুবিধাবঞ্চিত এলাকায় ঈদের আনন্দ পাশাপাশি রক্তদাতা ও থ্যালাসেমিয়া রোগীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের মনোবল বাড়ানো হবে।

    রক্ত কণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন এর সাংগঠনের উপদেষ্টা সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ঈদ সবাইকে নিয়ে উৎসব। আমাদের লক্ষ্য, সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানো এবং রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো।

    সংগঠনটি ইতিমধ্যেই দেশজুড়ে রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার ঈদে তাদের এই মানবিক উদ্যোগ অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

    ঈদের এই বিশেষ প্রচেষ্টা সামাজিক সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

    ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে
    বাংলাদেশের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে রক্তকণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের একটি প্রতিনিধি দল আগামী ৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলা সফর করবেন।

    ০৯/০৬/২৫ ইং রংপুর
    ০৯/০৬/২৫ ইং জলঢাকা
    ১০/০৬/২৫ ইং পাবনা
    ১২/০৬/২৫ ইং বগুড়া
    ১৩/০৬/২৫ ইং ঢাকা
    ১৪/০৬/২৫ ইং সোনারগাঁও
    ১৫/০৬/২৫ ইং ময়মনসিংহ
    ১৬/০৬/২৫ ইং চট্টগ্রাম
    ২০/০৬/২৫ ইং দিনাজপুর
    ১৯/০৭/২৫ ইং ঠাকুরগাঁও

    এমন টা জানিয়েছে সংগঠনটির উপদেষ্টা, সভাপতি এবং সাধারণ সম্পাদক।