Author: নিউজ ডেক্স

  • মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক

    মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    মোংলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে বিদেশি মদ, ইয়াবা এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও নৌবাহিনী।

    বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী মাদ্রাসা রোডস্থ একটি বাড়িতে এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাফিয়া বেগম (৫৬) নামে এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় মো: আব্দুর রহিমের স্ত্রী।

    এসময় ১৮ বোতল বিদেশি মদ ,২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা, ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

    মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাফিয়া বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

    মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

    মোংলা উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

  • শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা

    শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী আবু তালেব মোঃ সাইফুদ্দিন গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছেন।

    বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় শ্রীবরদী পৌরসভার কলাকান্দা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা অংশ নেন।

    আলোচনা সভায় আবু তালেব মোঃ সাইফুদ্দিন বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়া জরুরি। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটারদের সচেতন ও সক্রিয় ভূমিকা অপরিহার্য।”

    তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সবাইকে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

    সভায় বক্তারা গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

    অনুষ্ঠান শেষে প্রার্থীর পক্ষ থেকে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করা হয়।

  • কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

    কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লোক প্রশাসন বিভাগ (ছাত্র) ও বাংলা বিভাগ (ছাত্রী)। আন্তঃবিভাগ (ছাত্র) ভলিবল প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ২–০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লোক প্রশাসন বিভাগ। অন্যদিকে আন্তঃবিভাগ (ছাত্রী) ভলিবল প্রতিযোগিতায় প্রত্নতত্ত্ব বিভাগকে ২–০ সেটে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন বাংলা বিভাগ এবং মার্কেটিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে তৃতীয় হয়েছে একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

    বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্র ও ছাত্রীদের পৃথক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

    খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শারীরিক শিক্ষা ও খেলাধুলার গুরুত্ব রয়েছে। ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ।”

    অনুষ্ঠানের সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “খেলাধুলার এই ধারাবাহিকতায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা আশা করি। পরবর্তী টুর্নামেন্টগুলোতেও আজকের মতো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ থাকবে।”

    উল্লেখ্য, গত ১২ জানুয়ারি আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা শুরু হয়। এবারের ভলিবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৬ টি ও ছাত্রীদের ২ টি দল অংশগ্রহণ করে।

     

  • মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

    মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    মোংলায় যৌথ অভিযানে ৩২ হাজার টাকা মূল্যের গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশ এর সমন্বয়ে মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকার একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটক মোঃ শহিদুল ইসলাম (৩০) দিগরাজ বাঁশ বাজার এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে।

    জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়।

    মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

  • শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা

    শৈলকুপায় অবৈধ ইটভাটায় অভিযান : ২০ লাখ টাকা জরিমানা

    এ.এস আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

    ঝিনাইদহের শৈলকুপায় ৪ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিটি ইট ভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। ৪ টি ইটভাটায় মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷

    বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান।

    উপজেলার দুধসর গ্রামে শাহ ব্রিকস, মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামে মেসার্স মোল্লা ব্রিকস, ও মেসার্স রাতুল ব্রিকস কে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয় ও ভেঙে দেয়া হয়। ভাটা মালিকগণ আর ইটভাটা চালাবে না মরবে মুছলেকা প্রদান করেন।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

    অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান নিশ্চিত করেছেন।

  • চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন

    চাকসুর ৯০ দিনের কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন

    মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) শপথ গ্রহণের পর প্রথম ৯০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে। বুধবার (২১ জানুয়ারি) চাকসু ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে চাকসুর বিভিন্ন দপ্তরের কাজ ও সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইবরাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    লিখিত বক্তব্য পাঠ করেন চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব। তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর গত ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৩ অক্টোবর ২০২৫ শপথ গ্রহণের মধ্য দিয়ে চাকসুর সপ্তম ক্যাবিনেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

    তিনি অভিযোগ করেন, শপথ অনুষ্ঠানের আগেই চাকসু কার্যালয় প্রস্তুত থাকার কথা থাকলেও বারবার তাগাদা দেওয়ার পরও সংস্কারকাজ সম্পন্ন হয়নি। অপ্রস্তুত কার্যালয়, প্রশাসনিক জটিলতা, দাপ্তরিক স্থবিরতা ও বাজেট শূন্যতাসহ নানা সীমাবদ্ধতার মধ্যেই চাকসু প্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন।

    বিগত ৯০ দিনে ক্রীড়া বিভাগে কেন্দ্রীয় ও হল সংসদের মাঠ সংস্কার, যেসব হলে মাঠ নেই সেখানে নতুন মাঠ তৈরির উদ্যোগ, জিমনেশিয়ামের নষ্ট সরঞ্জাম মেরামত ও নতুন সরঞ্জাম ক্রয়ের দাবি, কেন্দ্রীয় স্পোর্টস ক্লাব গঠন, ইস্পাহানি প্রথম আলো ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় দল প্রেরণ এবং বিপিএড চালুর কথা উল্লেখ করেন তিনি।

    সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের কার্যক্রমের মধ্যে জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং মুক্ত মঞ্চ সংস্কারের জন্য বাজেট বরাদ্দ ও নতুন নকশা অনুমোদনের বিষয়টি তুলে ধরা হয়।

    এ ছাড়া স্বাস্থ্য, সমাজ ও পরিবেশ বিষয়ক বিভাগসহ অন্যান্য বিভাগে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিক স্মারকলিপি প্রদান করেছে চাকসু বলে জানান জিএস সাঈদ বিন হাবিব।

     

  • ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ

    ডিমলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    নীলফামারীর ডিমলা উপজেলায় ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কয়েকজন ছাত্রীকে প্রকাশ্যে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে।এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এক অভিভাবক।

    লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিদ্যালয় চলাকালীন আফিফা ইসলাম ও আরাবি ইসলামসহ কয়েকজন ছাত্রী জুতোর নকশায় লাল স্টেপ থাকায় শিক্ষকদের অসন্তোষের মুখে পড়ে। অভিযোগে বলা হয়, শিক্ষার্থীদের সবার সামনে দাঁড় করিয়ে প্রকাশ্যে গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাদের কান ধরে উঠ-বস করানো হয় এবং সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়।

    অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ মোত্তাসিম বিল্লাহ, সহকারী শিক্ষক আবুল কাশেম এবং সহকারী শিক্ষিকা মঞ্জুশ্রী রানী রায়ের নাম উল্লেখ করে তাঁদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে।

    ভুক্তভোগী শিক্ষার্থীদের পিতা আশিক-উল-ইসলাম লিমন বলেন, এ ধরনের অপমানজনক ও অমানবিক শাস্তির ফলে আমার সন্তানরা মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা এখন বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শিশু অধিকার আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনার পরিপন্থী।

    ঘটনার পর এলাকায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকরা জানান, জুতার রং গড়মিল থাকায় শাসন করা হয়েছে।

    ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলাম জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

    শিক্ষার্থীদের নিরাপদ ও মানবিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী।

     

  • নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির

    নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির

    মো: জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–০১ (ডোমার–ডিমলা) আসনে জোট প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।

    বুধবার (২২ জানুয়ারি) রাতে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনারা অবগত আছেন যে, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জোটগত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনারা আরও অবগত আছেন, আপনাদের নির্বাচনি এলাকা সংসদীয় আসন ১২, নীলফামারী ০১ (ডোমার-ডিমলা) আসনটি জোট প্রার্থী জনাব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে দেশ এবং জোটের স্বার্থে সব কিছুর ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশগ্রহণ করা অতীব জরুরি, অতএব, এই পত্র দ্বারা আপনাদের জোট প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

    উল্লেখ্য, এ আসনে খালেদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দেওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন খালেদা জিয়ার ভগ্নিপতি ও ইঞ্জিনিয়ার তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলাম। তবে গতকাল তিনি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

     

  • চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

    চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

    জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধিঃ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৫টা ৩০ মিনিটে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)-এর একটি টহল দল দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে চেকপোস্ট স্থাপনকালে এ অভিযান পরিচালনা করে।

    সেনা সূত্র জানায়, চেকপোস্ট চলাকালে হিরণ মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে মাদকসহ সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুনারুঘাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তবে অভিযানের খবর পেয়ে ইয়াকুব আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরবর্তীতে সেনাবাহিনী ইয়াকুব আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার দুই সহযোগী লিটন মিয়া (৩৩) ও জালাল মিয়া (৩০)-কে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার মধ্যে ৩টি স্মার্টফোন রয়েছে।

    আটককৃতদের মধ্যে লিটন মিয়ার পিতার নাম মনোয়ার আলী, জালাল মিয়ার পিতা তোয়্যেব আলী এবং হিরণ মিয়ার পিতা সাবু মিয়া।

    সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সময়োপযোগী হস্তক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টার ফলে পুরো অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চুনারুঘাট আর্মি ক্যাম্প।

     

     

  • কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম

    কুড়িগ্রাম-২ আসনে প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম

    কুড়িগ্রাম প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম খান (ডাঃ নজরুল) ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

    বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ পান তিনি।

    এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ এবি পার্টি প্রার্থী নজরুল ইসলাম খান (ডাঃ নজরুল) এর হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

    জানা যায়, কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে কুড়িগ্রাম-২ আসনে ৮ জন প্রার্থী।

  • অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন

    অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কুড়িগ্রামে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা।

    আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ টাউন হল মার্কেটে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহী, জেলা জামায়াতে ইসলামীর আমির আজিজুর রহমান স্বপন, সাবেক জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ইয়াসিন আলী সরকার, সহ-সেক্রেটারী শাহজালাল সবুজ প্রমুখ।

    এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশ নেয়।

  • নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

    নওগাঁয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

    মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁ জেলা পুলিশে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

    কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত বিষ্ণু সিং ও জনাব মোঃ বাবলু হোসেন-কে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

    র‍্যাংক ব্যাজ পরিধান করানোর পর পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের নতুন কর্মজীবনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন।

    এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পদোন্নতি যেমন সম্মানের, তেমনি এর সাথে দায়িত্ব ও জবাবদিহিতাও বৃদ্ধি পায়। পেশাগত সততা, শৃঙ্খলা ও জনগণের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে নিষ্ঠার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে।” তিনি পদোন্নতিপ্রাপ্তদের জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং অর্পিত দায়িত্ব পালনে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব জয়ব্রত পাল।

    পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের এই সাফল্যের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ

    বিলে পড়ে ছিল পাখি শিকারির মরদেহ

    মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর মান্দা উপজেলায় উথরাইল বিলের খালের ধার থেকে রায়হান আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

    মৃত রায়হান আলী উপজেলার ভারশোঁ মৎস্যজীবী পাড়ার আবুল কালামের ছেলে বলে শনাক্ত করা হয়েছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রায়হান আলী উথরাইল বিলে বিষ-টোপ ব্যবহার করে অতিথি পাখি শিকার করতেন।

    মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন খালের ধারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

    কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে বিষ-টোপ দিয়ে পাখি শিকারের সময় কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

    এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই

    বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই

    মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

    বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বরেণ্য শিক্ষাবিদ আব্দুল মান্নান মাস্টার আর আমাদের মাঝে নেই।

    বুধবার (২১ জানুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    মরহুমের মৃত্যুতে বানারীপাড়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ পুত্র ও বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি শোকবার্তা প্রকাশ করেন।

    আব্দুল মান্নান মাস্টার ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক। শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকেননি; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষাও দিয়েছেন অসংখ্য শিক্ষার্থীকে। তাঁর জ্ঞান, নিষ্ঠা, দায়িত্ববোধ ও স্নেহশীল আচরণ ছাত্রদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে।

    ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

    এই গুণী শিক্ষকের বিদায়ে শিক্ষাঙ্গনসহ পুরো বানারীপাড়া যেন একজন অভিভাবককে হারালো। শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মতে, তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
    আজ বুধবার বাদ আসর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বানারীপাড়া হাইস্কুল প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    মরহুমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম

    বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) সংসদীয় আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান নেতা এম এ সালাম।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই আবেদন জমা দেন।

    এম এ সালামের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত এবং নির্বাচনী কৌশলগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মূলত দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং একক প্রার্থীকে সমর্থন দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ।

    এম এ সালাম জানান, দলীয় শৃঙ্খলাই আমাদের কাছে শেষ কথা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। দল যাকে যোগ্য মনে করেছে, আমরা তার পক্ষেই কাজ করব।

    বাগেরহাট-২ আসনে এম এ সালাম বিএনপির একজন প্রভাবশালী এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। তার এই সরে দাঁড়ানোর ফলে নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এতে করে বিএনপির একক প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হলো এবং তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দূর হবে বলে মনে করা হচ্ছে।

    তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক নেতা-কর্মী। তারা মনে করছেন, বড় দলের মধ্যে এমন ত্যাগ ও সমন্বয় আন্দোলনের গতিকে ত্বরান্বিত করবে। এখন সবার দৃষ্টি এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী এডভোকেট জাকির হোসেনের দিকে, যিনি আগামী নির্বাচনে ধানের শীষের লড়াইয়ে অবতীর্ণ হবেন।

  • নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত

    নোবিপ্রবিতে শিক্ষা বিভাগের আয়োজনে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত

    সালমান হোসেন, নোবিপ্রবি প্রতিনিধি:

    আজ মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবি শিক্ষা বিভাগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

    কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে যারা কাজ করেন তাদের সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করে দেওয়া উচিৎ। আমাদের সন্তানরা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইংরেজী মাধ্যমে অধ্যয়ন করবে যা অভিভাবক হিসেবে আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বিশ্ববিদ্যালয়কে র‌যাঙ্কিংয়ে এগিয়ে নিতে হলে ইংরেজীসহ আর্টস এন্ড হিউম্যানিটিজ এর বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্বারোপ করতে হবে। যে বিষয়গুলোতে আমরা পিছিয়ে আছি সেসব বিষয়ে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে তবেই মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি হবে।

    শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার জনাব নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন শিক্ষা বিভাগের ৫ম ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর সৈয়দ মো. সিয়াম।

    কর্মশালায় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ অংশ নেয়।

  • ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা

    ঘোড়াঘাটে মোবাইল কোর্টের অভিজান : অর্থদণ্ড আদায় ৪২০০০ হাজার টাকা

    ইমরান প্রধান, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ এর নেতৃত্বে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

    মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স না থাকার কারণে ওসমানপুরে অবস্থিত আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫০০০/ টাকা, ডুগডুগি হাটে এসএ ডায়াগনস্টিকে রোগী দেখা অবস্থায় ভূয়া ডাক্তার কামাল হোসেনকে ৩০০০০/ টাকা, রানীগঞ্জে অবস্থিত লাইসেন্স বিহীন ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫০০০/ টাকা এবং অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০০০/ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। কমিশনার জানান প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে পরিচালনা করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

    মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী।

    এ সময় ঘোড়াঘাট থানার এসআই মোঃ মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির

    নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ স্থগিতের নির্দেশ ইউজিসির

    আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পদ শূন্য হওয়ার পূর্বেই তিনজন প্রার্থীর জন্য প্রভাষক পদের প্যানেল তৈরি করে রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসাথে সকল ধরনের চলমান নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

    গত বছরের ৭ ডিসেম্বর এক চিঠিতে সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইউজিসি জানায়, ইতিহাস বিভাগে পদ শূন্য হওয়ার পূর্বেই তিনজন প্রার্থীর জন্য প্রভাষক পদের প্যানেল তৈরি করে রাখা হয়েছে মর্মে উত্থাপিত অভিযোগ কমিশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। কমিশন কর্তৃক অনুমোদিত পদে জনবল নিয়োগের প্রাক্কালে নিয়োগ পরবর্তী প্রার্থীদের প্যানেল প্রস্তুত করে রাখার কোন সুযোগ নেই।

    চিঠিতে আরও বলা হয়, ইতিহাস বিভাগে নিয়োগের প্রাক্কালে পদ শূন্য হওয়ার পূর্বেই কেন প্রভাষক পদের প্যানেল তৈরি করে রাখা হয়েছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ০৫(পাঁচ) কর্মদিবসের মধ্যে কমিশনে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। একইসাথে সকল ধরনের চলমান নিয়োগ কার্যক্রম আপাতত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    তবে এই নির্দেশনাকে উপেক্ষা করেই ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ২৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় আমরা ইউজিসি থেকে কোন চিঠি পাইনি। চিঠিটি আমরা এই বছরের জানুয়ারি মাসের ১৩ কিংবা ১৪ তারিখে পেয়েছি। এর প্রেক্ষিতে আমরা ইতিমধ্যেই ইউজিসিতে চিঠি প্রেরণ করেছি। পরবর্তী জবাব অনুযায়ী আমরা ব্যবস্থাগ্রহণ করবো।

    উল্লেখ্য, গত ২৮ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় আগামী ১ বছরের মধ্যে ইতিহাস বিভাগের শিক্ষকদের মধ্যে ‘কেউ শিক্ষাছুটিতে গেলে/পদ শূণ্য বা পদ ছাড়’ হলে পূর্বনির্ধারিত ৩ জনের একটি প্যানেল থেকে নিয়োগের সুপারিশ অনুমোদন হয়। পরে বিষয়টিকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের জবাব চায় ইউজিসি।

  • নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

    নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

    মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:

    নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২০ জানুয়ারি (মঙ্গলবার) নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা “উই ডিমান্ড সেফ রোড” এবং “নিরাপদ সড়ক চাই” সম্বলিত ব্যানার হাতে নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

    বক্তারা বলেন, প্রতিনিয়ত সড়কে প্রাণহানি বাড়ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করা এখন সময়ের দাবি। নজিপুর বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ এবং চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর তারা জোর দেন।

    কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) পত্নীতলা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ এই মানববন্ধনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

  • চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু

    চাটখিলে পিকআপ ভ্যান চাপায় এক নারীর মৃত্যু

    মো জাকির হোসেন, নোয়াখালী প্রতিনিধি:

    নিহত আলেয়া বেগম (৪৬) উপজেলার নোয়াখোলা ইউনিয়নের শানুখালি গ্রামের বকশি বাড়ির মৃত শাহজাহানের স্ত্রী।

    মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুর ১২.৪৫মিনিটে উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারের আনিস টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    আটক চালকের নাম লিমন (২০)। চালকের বাড়ি ও খিল পাড়াতে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত নারী বাজার করতে খিলপাড়া যান। বাজার করে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিক আপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ বলেন ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যান সহ চালককে আটক করে। খবর পেয়ে পুলিশ পিকআপ ভ্যান জব্দ করে এবং চালককে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।