Author: বাসস

  • আওয়ামী লীগ গত ১৫ বছরে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে : মির্জা ফখরুল

    আওয়ামী লীগ গত ১৫ বছরে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে : মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।

    আজ বুধবার দুপুরে রাজধানীর তুরাগের রানাভোলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল ইসলাম বলেন, একদিন কারাগারে দেখলাম বৃদ্ধ বয়সে কয়েদির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে বোরহান নামে এক বিএনপি কর্মী। তাকে দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। বিগত ১৫ বছর আওয়ামী লীগ যা বলতো, তাই আইনে পরিণত হতো। উত্তরায় আমার বাসায় ডিশের লাইনের সংযোগ দিত তুষার নামে এক ব্যবসায়ী। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার ডিশের ব্যবসা কেড়ে নিয়েছে। বর্তমানে বিএনপির কর্মীরা এমন করলে আমরাও তো তাদের মতো হয়ে যাবো। তাদের মতো অন্যের ব্যবসা কেড়ে নেয়া যাবে না। এ বিষয়ে আমরা সব সময় সতর্ক আছি।

    মির্জা ফখরুল বলেন, এদেশের রাষ্ট্রনায়কোচিত নেতা তারেক রহমান। লন্ডনে ড. ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের কারণে জাতীয় নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে। এ বৈঠকের কারণে একটি দল মনোক্ষুণ্ন হয়েছে, তারা নারাজ। তারা জানে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করবে।

    তিনি আরো বলেন, আমরা জনগণের জন্য কাজ করি। দেশের জন্য কাজ করি। আমাদের দল ক্ষমতায় আসলে সর্বপ্রথম বেকার সমস্যার সমাধান করা হবে। এক কোটি বেকার মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। তরুণ যুবকদের প্রাধান্য দিয়ে সরকার চালানো হবে। বর্তমানে যারা চাঁদাবাজি করছে তারা প্রফেশনাল চাঁদাবাজ। ঐসকল চাঁদাবাজরা যেভাবেই হোক সরকারি দলে ভিড়তে চেষ্টা করে। বিএনপিতে কোন চাঁদাবাজের ঠাঁই হবে না। ১৯৯১ সালে বিএনপি কয়টা সিট পাবে গ্যারান্টি ছিল না। তবে বিএনপির ভাবমূর্তি ভালো ছিল, তাই তখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পেরেছিল।

    সদস্য ফরম নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক, সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন, এ বি এম আব্দুর রাজ্জাক, উত্তরা পশ্চিম থানা বিএনপির আব্দুস সালাম, মোস্তফা সরকার, আলমগীর হোসেন শিশির, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, আলমাছ আলী, চান মিয়া বেপারী প্রমুখ।

    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক বলেন, দুঃসময়ে যারা দলের পাশে ছিল এমন কর্মীদের সদস্য করা হবে। গত ১৭ বছর দলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, সমর্থন যুগিয়েছেন, তাদের সদস্য ফরম দেয়া হবে। তবে কোন আ.লীগের সদস্যকে সদস্য নবায়ন ফরম দেয়া হবে না। ৩ জুলাই পর্যন্ত সদস্য নবায়ন করা যাবে। নিজ নিজ ওয়ার্ডে সদস্য নবায়ন ফরম দেয়া হয়েছে। কেউ যদি আওয়ামী লীগের কোন নেতাকর্মীর সদস্য ফরম নবায়ন করেন, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

     

    সূত্রঃ বাসস

  • জনসংযোগ ও নিরাপত্তার মিশ্রণে দায়িত্ব পালনে এসএসএফ-এর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

    জনসংযোগ ও নিরাপত্তার মিশ্রণে দায়িত্ব পালনে এসএসএফ-এর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

    তিনি আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন।

    এছাড়া প্রধান উপদেষ্টা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী বক্তব্য দেন।

    অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শকসহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

     

     

    সূত্রঃ বাসস

  • জ্বালানির দাম এখনই বাড়ছে না : অর্থ উপদেষ্টা

    জ্বালানির দাম এখনই বাড়ছে না : অর্থ উপদেষ্টা

    ইরান-ইসরাইল যুদ্ধ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার এখনই জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না।

    তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা বেড়েছে। তবে আমাদের অর্ডার করা চালানে এখনো কোনো প্রভাব পড়েনি। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কিছুটা চাপ আসতে পারে।

    মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, হরমুজ প্রণালী ঘিরে তেল সরবরাহে বিঘ্ন বা দামের ঝুঁকি থাকলেও সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

    তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাস বা এলএনজির দাম বাড়লে আমরা সেটা বিবেচনায় নেব। আজ যে এলএনজি আমদানি অনুমোদন দেওয়া হয়েছে, তা আগের দরে হয়েছে। আমরা এখনো সৌভাগ্যক্রমে আগের দামেই তা পাচ্ছি।

    এই সংঘাত বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, না, আপাতত বাণিজ্যের ওপর প্রভাব পড়বে না।

    জ্বালানির বিকল্প ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে। যুদ্ধের প্রভাব শুধু জ্বালানির ওপর নয়, সার ও জাহাজ চলাচলের ওপরও পড়তে পারে। কারণ জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। সেক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আমি মনে করি, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।

    বিশ্বজুড়ে অনেক দেশে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা এখনই বিষয়টি নিয়ে ভাবছি না। আমরা আরও অপেক্ষা করব।

  • গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

    গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গত দেড় দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো ধরনের সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে গ্রহণ করবে।

    তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম, জাতিসংঘ আমাদের চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হোক। এতে প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে।’

    সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিআইডি) ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিয়ো পেরেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

    জাতিসংঘের কর্মকর্তারা গুমের ঘটনা প্রতিরোধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত উদ্যোগ, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে (আইসিপিপিইডি) বাংলাদেশের সংযুক্তির প্রশংসা করেন। তবে এ ক্ষেত্রে এখনো অনেক কিছু করার রয়েছে বলেও মন্তব্য করেন।

    তাঁরা গুমের ঘটনা তদন্তে সরকার গঠিত তদন্ত কমিশনের কাজ এবং প্রতিশ্রুতিকেও সাধুবাদ জানান।

    প্রধান উপদেষ্টা বলেন, সরকার ডিসেম্বর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়াচ্ছে।

    তিনি বলেন,‘তাঁদের নানাভাবে হুমকি দেয়া হলেও কমিশন গুরুত্বপূর্ণ কাজ করছে। তাঁরা যখন সর্বশেষ প্রতিবেদন জমা দিল, আমি বলেছিলাম, দর্শনার্থীদের জন্য একটি ‘ভয়ের জাদুঘর’ থাকা উচিত। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের সহায়তা ও একসঙ্গে কাজ করার দরকার।’

    তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে ১৩ বছর পর আমরা জাতিসংঘের একটি দলকে এখানে স্বাগত জানাতে পারছি। আমরা চাই আপনারা আমাদের কমিশনের কাজকে সহায়তা করুন এবং তাদের সঙ্গে যুক্ত থেকে দিকনির্দেশনা ও শক্তি জোগান।”

    বারানোস্কা জানান, ২০১৩ সাল থেকে তাঁরা বাংলাদেশে গুম ইস্যুতে কাজ করার চেষ্টা করছেন এবং তদন্ত কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

    তিনি বলেন,‘তদন্ত কমিশন ও এর কাজ আপনার সরকারের এক বিশাল প্রতিশ্রুতি। এজন্য আপনাদের ধন্যবাদ। এটি আমাদের জন্য এক বিশাল সম্মান।’

    তিনি আরও জানান, তাঁরা ঢাকার বাইরে গিয়ে ভুক্তভোগী, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন।

     

    সূত্রঃ বাসস

  • পবিত্র হজ সম্পন্ন করে সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

    পবিত্র হজ সম্পন্ন করে সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

    গত ৫ জুন পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর, ১০ জুন থেকে গতকাল (শনিবার) পর্যন্ত মোট ২০ হাজার ৫০০ জন বাংলাদেশি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

    হজ অফিসের দেয়া সরকারি তথ্য অনুসারে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন বাংলাদেশে ফিরেছেন।

    এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে ২৫ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ২৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৯ জন মক্কায়, ৯ জন মদিনায় ও একজন আরাফাতে মারা গেছেন। উল্লেখ্য, জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। হজ অফিস আরো জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ৬ হাজার ২০৭ জনকে পরিবহন করেছে।

    সৌদির জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স ৭ হাজার ৮৭৩ জনকে ও সৌদি-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৪২০ জনকে ফিরিয়ে এনেছে। এখন পর্যন্ত মোট ৫২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি বিমান।

    এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল এবং ৩১ মে তা শেষ হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের সুবিধার্থে এ বছর ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দেয়। হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।

    হজ অফিস জানিয়েছে, সকল বাংলাদেশি নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে, কর্তৃপক্ষ চলমান ফিরতি ফ্লাইট ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

  • নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    শনিবার বিকেলে র‌্যাব-১ অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সময় নির্বাচন হবে, সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার আমরা সেই ধরনের প্রস্তুত রয়েছি।

    অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোটখাট ঘটনা সব সময় ঘটে। যদি ৫৩ বছরের ইতিহাস দেখে থাকেন, তাহলে এই ছোটখাটো ঘটনা ঘটে থাকে। এসব ঘটনা ঘটে বলেই আমাদের এই বাহিনী রয়েছে। যদি কোনোকিছু না ঘটতো, তাহলে পুলিশ বাহিনীরই দরকার হতো না।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এটা আপনারাও বলছেন। গত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা খণ্ডিত সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান। তিনি বলেন, খণ্ডিত সংবাদ প্রকাশ হলে আমাদের দেশের বাইরে থেকে এই সংবাদগুলো নিয়ে আবার টুইস্ট করা হয়।

  • বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

    বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

    বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে।

    স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি (এসআইটিএ) শীর্ষক এই প্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোর আধুনিকায়ন, তথ্যের স্বচ্ছতা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ও আর্থিক তদারকির ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমকে সহায়তা করবে।

    এই প্রকল্পের আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ সরকারী ক্রয় কর্তৃপক্ষ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের শাসন কাঠামো ও সক্ষমতা শক্তিশালী করা হবে।

    বিশ্বব্যাংকের বাংলাদেশে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর ডিজিটালাইজেশনের মাধ্যমে এই বিনিয়োগ স্বচ্ছতা বৃদ্ধিতে ও দুর্নীতি হ্রাসে সহায়তা করবে। এতে বাংলাদেশ এমন আধুনিক সরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, যা একটি উদীয়মান অর্থনীতির চাহিদা পূরণে সক্ষম।’
    তিনি বলেন, ‘এই প্রকল্প সরকারি সেবার গুণগত মান ও প্রবেশগম্যতা বাড়াবে এবং এর মাধ্যমে জনগণের মধ্যে সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা বৃদ্ধি পাবে।’

    বিশ্বব্যাংক জানায়, এ প্রকল্পের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আরও একটি উন্নয়ন নীতিগত ঋণ নিয়ে আলোচনা চলছে, যা এই মাসের শেষ দিকে বোর্ড আলোচনার জন্য উপস্থাপন করা হবে। এতে রাজস্ব আহরণ, ব্যাংক খাত, তথ্য সংরক্ষণ ও বিতরণ, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, সামাজিক সেবা প্রদান এবং নিরীক্ষা ও জবাবদিহিতার স্বচ্ছতা উন্নয়নের জন্য সহায়তা প্রদান করা হবে।

    এসআইটিএ প্রকল্পটি এসব কার্যক্রমের পরিপূরক হিসেবে কাজ করবে এবং এসব গুরুত্বপূর্ণ সংস্কারের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তুলবে।

    বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও প্রকল্পের টিম লিডার সুলেমানে কুলিবালি বলেন, ‘পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাকে নিয়ে একটি সমন্বিত কৌশলে কাজ করার ফলে সরকারের কার্যকারিতা অনেক বেড়ে যাবে, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি আরও বলেন, ‘এই প্রকল্প ও প্রস্তাবিত উন্নয়ন ঋণ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং সরকারকে আধুনিক আর্থিক ব্যবস্থাপনা ও কার্যকর সেবাপ্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে।’

    স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে বিশ্বব্যাংক। এ পর্যন্ত বাংলাদেশে তারা ৪৫ বিলিয়ন ডলারেরও বেশি অনুদান, সুদমুক্ত ও স্বল্পসুদের ঋণ প্রদান করেছে।

    সূত্রঃ বাসস