Author: জনপদ সংবাদ রিপোর্ট

  • ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ

    ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছে। এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
    বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
    এদিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বৈঠক নিয়ে একটি যৌথ বিবৃতি পোস্ট করা হয়েছে।
    বিবৃতিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
    বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। জবাবে প্রধান উপদেষ্টা বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।  সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।
    বিবৃতিতে আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।
  • সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

    সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

    মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনাই পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার (২ জুন) জাতীয় বাজেট উপস্থাপনকালে এমন তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি কার্যকর হবে আগামী জুলাই মাস থেকে।

    অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী জুলাই থেকে বিশেষ প্রণোদনার হার বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা এই ৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ এবং ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তারা ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন। মূল্যস্ফীতির চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় অর্থ মন্ত্রণালয়।

    সোমবার (২ জুন) আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সরাসরি মহার্ঘ ভাতার কোনো ঘোষণা দেননি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে তিনি সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন। কীভাবে এই বিশেষ সুবিধা বাড়ানো হবে, তা প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে চূড়ান্ত করা হবে বলে অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

    আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব গ্রহণ করা হয়েছে যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ এবং বিগত অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।’ এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

  • ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

    ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

    দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ শুরু হয়েছে।

    সোমবার (০২ জুন) বিকাল ৫টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়েছে।

    ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সংলাপে বসেছেন সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল, এবি পার্টি, গণঅধিকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজীর নেতৃত্বে প্রতিনিধি দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

    আজকের আলোচনায় ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    ঐকমত্য কমিশন সূত্র জানায়, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক।

    পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে।

    বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ তৈরি করার লক্ষ্য রয়েছে ঐকমত্য কমিশনের।

    উল্লেখ্য, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত করার উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।

  • বাংলাদেশের আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ্টা

    বাংলাদেশের আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে আ.লীগ সরকার: অর্থ উপদেষ্টা

    আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    সোমবার (২ জুন) বিকালে সোমবার (২ জুন) বিকালে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে একথা জানান অর্থ উপদেষ্টা।

    অর্থ উপদেষ্টা জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে ঘোষণা করেছিলেন।

    বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। অনেক ঋণ খেলাপি হয়ে গেলেও সেগুলো বারবার পুনঃতফসিলিকরণের মাধ্যমে আসল অবস্থা গোপন রাখা হয়েছে। তবে বর্তমান বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং পদ্ধতি চালু করেছে। এর ফলে ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করেছে। ২০২৩ সালের জুন মাসে খেলাপি ঋণের হার ছিল ১০ দশমিক ১১ শতাংশ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ২০ দশমিক ২০ শতাংশে। অর্থাৎ খেলাপি ঋণ প্রায় দ্বিগুণ হয়েছে।

    ড. সালেহউদ্দিন বলেন, বিগত ১৫ বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এ খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। ৫ আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি এমন সব ঝুঁকির সময়োপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ প্রণয়ন করা হয়েছে।

    তিনি আরও বলেন, সংস্কারের অংশ হিসেবে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার প্রধান উদ্দেশ্য হলো- (ক) ব্যাংকিং খাত সংস্কার কর্মসূচির ভিত্তি তৈরি করতে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত পর্যালোচনা করা, (খ) নীতি ও প্রবিধানসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণে এবং ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং (গ) দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি/পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

  • নগরীর যানজট নিরসনের মনোরেল হচ্ছে চট্টগ্রামে: উপদেষ্টা আসিফ

    নগরীর যানজট নিরসনের মনোরেল হচ্ছে চট্টগ্রামে: উপদেষ্টা আসিফ

    উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নগরীর যানজট নিরসনের জন্য প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়ন হবে বন্দর নগরী চট্টগ্রামে।

    উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, ‘দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরের যানজট কমাতে এ প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ।’

    উল্লেখ্য, নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে জার্মানির প্রতিষ্ঠান ওরাসকম এবং মিশরের প্রতিষ্ঠান আরব কন্ট্রাক্টর গ্রুপের এ সংক্রান্ত সমঝোতা চুক্তি রোববার স্বাক্ষর করে। প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। তিনটি দেশের অর্থায়ন ও সমন্বয়ে তৈরি করা হবে প্রকল্পটি। ৩২ থেকে ৩৩টি স্টেশনসহ তিনটি রুটে ৫৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে মনোরেল। মাত্র ৩০ থেকে ৪০ মিনিটেই পুরো শহর ঘুরে দেখা যাবে। তবে এতে শুধু লজিস্টিক সাপোর্ট ও ভূমি দেবে সিটি করপোরেশন। মূলত নগরীর যানজট নিরসনের জন্যই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • শেখ হাসিনাকে দিয়ে শুরু ‘জুলাই গণহত্যার’ বিচার

    শেখ হাসিনাকে দিয়ে শুরু ‘জুলাই গণহত্যার’ বিচার

    ‘জুলাই গণহত্যা’ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্যে দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু হলো।
    চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার দুপুর ১২টার পর ট্রাইবুনালে অভিযোগ দাখিল করেন।
    এ বিষয়ে শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে।
    শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন- তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।
    জুলাই-আগস্টজুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গত ১২ মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা।
    আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের বিরুদ্ধেও আনা হয় পাঁচটি অভিযোগ।
    এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, আমরা বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। এ সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে।
    শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ বলে উল্লেখ করে তিনি আরও বলেন, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে। তবে তদন্ত শেষ করতে যুক্তিসংগত সময় লাগবে।
    সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানান, জুলাইয়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ‘উসকানিদাতা’ হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ আনা হয়েছে।
  • নিবন্ধন ফিরে পাওয়ার রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

    নিবন্ধন ফিরে পাওয়ার রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

    রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

    রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অভিব্যক্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    রোববার সকালে জামায়াত আমির তার ভেরিফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে। মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।

    তিনি আরও লিখেছেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই—আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।

    এর আগে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে।

    এরপর গত ১৪ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য ১ জুন দিন ধার্য করা হয়েছিল।

  • আজ (০১ জুন) সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস

    আজ (০১ জুন) সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস

    সন্ধ্যার মধ্যে দেশের ৯ অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

    রোববার (০১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    সকালের পূর্বাভাস সংস্থাটি জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • নির্বাচনের পরেও ড. ইউনূসের খ্যাতি কাজে লাগালে বড় ফায়দা হবেঃ মারুফ কামাল

    নির্বাচনের পরেও ড. ইউনূসের খ্যাতি কাজে লাগালে বড় ফায়দা হবেঃ মারুফ কামাল

    আগামী জাতীয় নির্বাচনের পরেও ড. ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে সারা দুনিয়ায় বাংলাদেশকে ব্র‍্যান্ডিং করার কাজে লাগালে অনেক বড় ফায়দা হাসিল হতে পারে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও লেখক; বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

    শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মারুফ কামাল খান। একই সঙ্গে পোস্টে জাতীয় সরকার গঠনের ওপর জোর দেন তিনি। সেই সঙ্গে সরকার দল ও বিরোধী দলের ভূমিকায় কারা থাকতে পারে সেই ধারণাও দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক এই প্রেস সচিব।

    মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনকারীদের নিয়ে নির্বাচনোত্তর জাতীয় সরকার হচ্ছে বিএনপির অঙ্গীকার। সেই ফয়সালাটা চটজলদি করে ফেলুন। দ্বন্দ্ব-সংঘাতের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। সমঝোতা ও ঐক্যই সাফল্যের একমাত্র পথ এখন। সবাই মিলে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়ে ফেললেই তো সব ঝুট ঝামেলা চুকে যায়।’

    সরকার দল ও বিরোধী দল নিয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি লিখেছেন, ‘বিরোধী দলের ভূমিকায় কারা থাকবে তাও নির্ধারণ করে ফেলা যায়। আমার চিন্তা মডারেট এবং রব, মান্না, সাকি, সাইফুল হকদের মতো লিবারাল বামেরা বিএনপির সঙ্গে সরকারে থাকবে আর ইসলামিস্টরা থাকবে বিরোধী দলে।’

    পতিত আওয়ামী লীগের ভবিষ্যৎ ও ড. ইউনূসের গ্রহণযোগ্যতা নিয়ে মারুফ কামাল খান লিখেছেন, ‘আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কেও সর্বসম্মত একটা সিদ্ধান্ত দরকার। নির্বাচনের পরেও ড. ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতাকে সারা দুনিয়ায় বাংলাদেশকে ব্র‍্যান্ডিং করার কাজে লাগালে অনেক বড় ফায়দা হাসিল হতে পারে।’

    পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘আমি মনে করি, এগুলো মোটেও ইউটোপিয়া নয়। সবাই ভেবে দেখতে পারেন। চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থানের বিজয় জাতীয় জীবনে যে অমিত সম্ভাবনা এনেছে সংকীর্ণ স্বার্থে ও আত্মশ্লাঘায় আমরা যেন তা ধ্বংস না করি।’

  • বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

    বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

    বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন (১০৬ কোটি)  ডলার দেওয়ার কথা জানিয়েছে জাপান।

    শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    প্রেস সচিব তার পোস্টে লিখেছেন, বাজেট সহায়তা, রেলপথের জন্য জাপান ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে।

    তিনি আরও লিখেছেন, জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে যার আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন (১০৬ কোটি) ডলার দেবে। মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে।

    তিনি আরও লিখেছেন, ‘টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য আরও ৪.২ মিলিয়ন ডলার অনুদান দেবে।’

    এর আগে, সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

  • জাইকা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    জাইকা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। বৃহস্পতিবার টোকিও’র ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ‘৩০তম নিক্কেই ফোরাম : এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে প্রধান উপদেষ্টা মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে (এমআইডিআই) সমর্থন জোরদার করার জন্য জাইকার প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে অঞ্চলটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়।

    অধ্যাপক ইউনূস বলেন, ‘এমআইডিআই অঞ্চল ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।’

    তিনি বলেন, ‘বঙ্গোপসাগরের প্রবেশাধিকারকে কাজে লাগিয়ে আমরা গভীর সমুদ্রবন্দর, মহাসড়ক এবং রেলপথ তৈরি করছি, যা এমআইডিআই অঞ্চলকে নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করবে।’

    জাইকা প্রথমে মাতারবাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রস্তাব দেয়। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করছে, যার মাধ্যমে পুরো এমআইডিআই অঞ্চলকে একটি বন্দর, লজিস্টিকস, মৎস্য, জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রিক হাবে রূপান্তরিত করা হবে।

    অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের স্বপ্ন হলো এই অঞ্চলে একটি মেগাসিটি গড়ে তোলা।’ তিনি উল্লেখ করেন যে বিমানবন্দরগুলোও যাত্রী চাহিদা মেটাতে উন্নত করা হচ্ছে।

    ড. তানাকা এমআইডিআই উন্নয়নের ক্ষেত্রে জাইকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, তবে তিনি প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

    উত্তরে অধ্যাপক ইউনূস এমআইডিআই প্রকল্প তদারকির জন্য একজন সিনিয়র কর্মকর্তা নিয়োগ এবং জাইকা ও অন্যান্য সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয়ের ঘোষণা দেন।

    প্রধান উপদেষ্টা আরও জানান, এমআইডিআই এলাকায় মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা রপ্তানিমুখী উৎপাদন কারখানা স্থাপন করতে পারবেন।

    এছাড়াও সরকার এই অঞ্চলে একটি একচেটিয়া মৎস্য অঞ্চল তৈরির পরিকল্পনা করছে, যাতে বড় মৎস্য জাহাজগুলো কার্যক্রম চালাতে পারে।

    অধ্যাপক ইউনূস ব্যাখ্যা করেন, ‘আমাদেরকে গভীর সমুদ্র মৎস্য আহরণে যুক্ত হতে হবে।

    তিনি বলেন, ‘বর্তমানে প্রতিবেশী দেশগুলোর মৎস্য জাহাজ আমাদের জলসীমা ব্যবহার করে, অথচ আমাদের ট্রলারগুলো গভীর সমুদ্রে চালানোর জন্য যথেষ্ট বড় নয়। আমরা যদি সক্ষমতা তৈরি করি তাহলে সেই মাছগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা যাবে।’

    ড. তানাকা বলেন, সম্ভবত এই প্রথম তিনি কোনো বাংলাদেশি নেতার মুখে গভীর সমুদ্রে মৎস্য আহরণের উদ্যোগ সম্পর্কে শুনলেন।

    উভয় নেতা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংস্কার কর্মসূচি, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবিরোধী প্রচেষ্টা সম্পর্কেও আলোচনা করেন।

    অধ্যাপক ইউনূস নিশ্চিত করেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তিনি তার আগের কাজে ফিরে যাবেন।

    এছাড়াও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়, এক্ষেত্রে প্রধান উপদেষ্টা মানবিক সহায়তা বৃদ্ধিতে জাইকার সমর্থন কামনা করেন।

    ড. তানাকা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় জাইকার অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

  • দেশে সুষ্ঠ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

    দেশে সুষ্ঠ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

    দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া।

    বৃহস্পতিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দেয়া ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

    খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধা প্রাপ্ত হচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

    বিএনপির চেয়ারপারসন বলেন, ‘শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার।’

    গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

    খালেদা জিয়া বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

    আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের উপদেষ্টাদের সাথে জনগণের যোগাযোগ নেই। তারা মানুষের দুঃখ নিয়ে অবগত নয়। তাদের কেউ কেউ ফাইল নির্ভর কাজ করছেন। মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে প্রস্তুত তবে সরকার তা উপলব্ধি করতে পারছে না।

    তারেক রহমান আরও বলেন, সংস্কারে কোনও রাজনৈতিক দলের আপত্তি নাই তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ নিয়ে আপত্তি আছে। প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।

  • দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

    দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

    বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    সেইসঙ্গে ঢাকাসহ নয় অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এ অবস্থায় বেলা ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝড়ের আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

    সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

  • যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

    যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

    আওয়ামী লীগ, নর্থ ও দিল্লী জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    বৃহস্পতিবার রাতে ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    ফেসবুক পোস্টে আসিফ লেখেন:

    ‘BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে। You’re not one of them—just co-opted temporarily (তুমি ওই দলের স্থায়ী সদস্য নও, শুধুই ক্ষণিকের জন্য)।

     

     

    স্থানীয় সরকার উপদেষ্টা লেখেন, ‘আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রুপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি।

    স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য।’

  • প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, জানালেন বিশেষ সহকারী

    প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, জানালেন বিশেষ সহকারী

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    তিনি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। শুক্রবার নিজের ফেসবুক পেজে এ পোস্টে এসব তথ্য জানিয়েছেন তিনি।

    ওই পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বরং ক্যাবিনেটকে আরো গতিশীল হতে হবে।

    সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব।

    তিনি বলেন, আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরো নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে।

    কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি।

    তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না।

    বিশেষ সহকারী ফয়েজ বলেন, তেমনি, ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।

    নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সব দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র মধ্যেই অনুষ্ঠিত হবে বলেই আশা করি।

    এ সময়ে সব যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে, করতে হবে জুলাই সনদ। জুলাই-আগস্ট ২০২৫ এ আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব, ইনশাল্লাহ। এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি।

    সবশেষে তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা হারব না, আমাদের হারানো যাবে না। ইনকিলাব জিন্দাবাদ। প্রফেসর ইউনূস জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।

  • নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

    নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

    নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

    বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,

    ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল- সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

    ‘সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী শ্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্টীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যত রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।’

    মাহফুজ আরও লিখেছেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।

     

  • রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, ‘আমরা আবারও বলছি, বর্তমানে যে রাজনৈতিক সংকট এই সংকট দূর করবার একটিমাত্র পথ হচ্ছে, অতি দ্রুত নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই।’

    বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি গণমাধ্যমকে একথা বলেন।

    তিনি বলেন, সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এটাও প্রপোজ করবে যারা জাতীয় ঐক্যমত্য কমিশনে আছে তারা অতিদ্রুত যেগুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো তারা ঘোষণা করবেন। যেসব বিষয়ে ঐক্যমত্য করে সনদ তৈরি করবেন।

    সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা কিংবা এটা নিয়ে টানাহেঁচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে। সেই কারণে জনগণের প্রত্যাশা যে, অতিদ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং চলমান যে সংস্কার প্রস্তাবগুলো যেগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করবেন। আর যেসব সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হবে না সেগুলো সনদের ভেতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন।’

    প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ পড়ানো ইস্যুতে বৃহস্পতিবার উচ্চ আদালতে রায় ঘোষণার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগের উচ্চ আদালত তারা আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরণের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে।’

    ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

    গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য বিএনপি মহাসচিব ব্যাংকক যান। পরদিন ব্যাংকক রুটনিন আই হসপিটালে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালে আছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।

  • মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

    মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

    নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে, তবে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে।

    মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কত শতাংশ মহার্ঘভাতা দেওয়া হবে পরে জানানো হবে।

    মহার্ঘভাতা হচ্ছে কি? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হওয়ার চান্স মোটামুটি। হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্ক আউট করে দেখি, কখন থেকে দিতে পারব, কত দিতে পারব।

    অ্যামাউন্ট কত হতে পারে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা যাবে না, এটা বললে তো সব বলা হয়ে যাবে।

    ১০-১৫ শতাংশের একটা কথা শুনা যাচ্ছে বিষয়টা কী এ রকম? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি বিষয়টা ওয়ার্কআউট করছি। যখন ফাইনাল করব, এরপর কেবিনেটে যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন, তারপর জানতে পারবেন।’

    মহার্ঘ ভাতার বিষয়ে সরকারি চাকরিজীবীরা কিছুটা হতাশ হয়ে পড়েছেন, সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন, সেটা হওয়ার সুযোগ নেই, আমরা কনসিডার করব।

  • সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল

    সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল

    সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। হেঁটে ৮৪ দিন কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার (১৯ মে) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল।

    দুপুরের দিকে ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে ইকরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়কেরা জানিয়েছেন, ‘এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প ৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না।’

    এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’ অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।

    চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে ১২ দিন পর ঢাকায় পৌঁছান। কয়েক দিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে ২৮ মার্চ পৌঁছান পঞ্চগড়ে। ইকরামুল হাসান পরদিন বাংলাদেশ থেকে প্রবেশ করেন ভারতে। সে দেশের জলপাইগুড়ি, দার্জিলিং হয়ে ৩১ মার্চ পা রাখেন নেপালে। এভাবে ১ হাজার ৪০০ কিলোমিটারের বেশি পথ হেঁটে গত ২৯ এপ্রিল এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান তিনি।

     

    তার পর থেকে সেখানেই অবস্থান করছিলেন ইকরামুল হাসান। মাঝে ৬ মে রোটেশনে বের হন। একে একে ক্যাম্প–৩ পর্যন্ত পৌঁছে আবার বেজক্যাম্পে নেমে আসেন ১০ মে। এই পুরো রোটেশন এভারেস্ট অভিযানের মূল শৃঙ্গারোহণের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর মূল অভিযানের জন্য বেজক্যাম্প থেকে ১৬ মে ক্যাম্প–২-এ পৌঁছান ইকরামুল।

    ১৭ মে ক্যাম্প-৩ এবং ১৮ মে ক্যাম্প-৪-এ পৌঁছান। এই ক্যাম্প থেকেই আজ সামিট পুশ (সর্বশেষ ক্যাম্প থেকে চূড়ার পানে যাত্রা) করেন।

  • প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু করছে বাংলাদেশ

    প্রথমবারের মতো চীনে আম রপ্তানি শুরু করছে বাংলাদেশ

    আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে চীনে আম রপ্তানি শুরু করছে বাংলাদেশ। প্রথমবারের মতো চীনে আম রপ্তানির বিষয়ে এ মাসে দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি সই হতে যাচ্ছে।

    কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল রোববার দুপুরে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় আম রপ্তানির বিষয়ে কথা বলেছেন।

    প্রসঙ্গত, ২০১৯ সালে চীনে আমসহ কিছু কৃষিপণ্য রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছিল বাংলাদেশ। তবে করোনাভাইরাসের সংক্রমণসহ নানা কারণে ছয় বছর পর দেশটিতে আম রপ্তানির উদ্যোগ সফল হতে চলেছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে আম উৎপাদিত হয়েছে ২৪ লাখ টন। এর মধ্যে রপ্তানি হয়েছে মাত্র ১ হাজার ৩২১ টন। বাংলাদেশ থেকে গত বছর ২১টি দেশে আম রপ্তানি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইতালি ও সিঙ্গাপুরের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের আরও কয়েকটি দেশ রয়েছে।

    জানা গেছে, চীনের রাষ্ট্রদূত গতকাল সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনার সময় কাঁঠাল রপ্তানির বিষয়ে বেইজিংয়ের আগ্রহের বিষয়টি তোলেন। ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন, চীনে কৃষিপণ্য রপ্তানির শর্ত পূরণ করে আগামী বছর থেকে বাংলাদেশ থেকে কাঁঠাল যাওয়ার পথ সুগম হবে।

    চীনে যেকোনো খাদ্যপণ্য রপ্তানি করার ক্ষেত্রে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টম অব চায়না (জিএসিসি) থেকে নিবন্ধন নিতে হয়। জিএসিসি গত বছরের জুলাইয়ে আম রপ্তানির নিবন্ধন দিয়েছে। তবে বাংলাদেশ এখনো কাঁঠাল ও পেয়ারা রপ্তানির অনুমোদন এখনো পায়নি জিএসিসি থেকে।

    জানা গেছে, পররাষ্ট্রসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির বিষয়েও কথা বলেন।