Author: ডেক্স রিপোর্ট

  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা

    আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা

    বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে একুশে পদক প্রদান করা হবে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

    এবারের একুশে পদকপ্রাপ্তরা হলেন-চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান, শিক্ষায় ড. নিয়াজ জামান।

    এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহদী হাসান খান (দলনেতা), রিফাত নবী (দলগত), মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত) ও শাবাব মুস্তাফা (দলগত)। সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর)। সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

    প্রসঙ্গত, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদান রাখা ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

  • প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, প্রেমিককে নিয়ে যে উপলব্ধি মধুমিতার

    প্রতিদিন ঝগড়া লেগেই থাকে, প্রেমিককে নিয়ে যে উপলব্ধি মধুমিতার

    গত বছর পূজার সময় টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার তার জীবনে নতুন মানুষের আগমনের খবর জানান। দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স পাঁচ মাস। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন তিনি— এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে এই পাঁচ মাসে কেমন কেটেছে দিন-রাত, কতখানি বুঝলেন প্রেমিককে? তা ভালোবাসা দিবসে জানালেন মধুমিতা।

    গত পাঁচ বছরে টালিপাড়ার অন্যতম সিঙ্গেল অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তিনি। এরপর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। তবে এবার দীর্ঘ দিনের বন্ধুর সঙ্গেই প্রেমসম্পর্কে জড়ালেন মধুমিতা সরকার। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি।

    এবার ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষের প্রতি প্রেমের ইশতেহার জানিয়ে অভিনেত্রী লিখেছেন—এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি। প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।

  • ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

    ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

    ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। দেশটির ভূপ্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল ৮১ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ভূকম্পনে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
    ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা।
    উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থিত দেশটি প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকির মুখে থাকে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।