Month: February 2026

  • ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

    ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

    ‎সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    ‎‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে সকল বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করার জন্য স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

    ‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

    ‎‎​স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও দূরবর্তী জেলাগুলোতে অনেক শিক্ষার্থীর স্থায়ী নিবাস। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা একজন সচেতন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। তবে নির্বাচনের সময় স্বল্প ছুটি এবং যাতায়াত খরচের আধিক্যের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়ি গিয়ে ভোট দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।

    ‎স্মারকলিপি প্রদান শেষে বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: ইকবাল বলেন,​”শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আমরা এই স্মারকলিপি প্রদান করেছি। দেশের বিভিন্ন বিভাগে বসবাসকারী অনেক শিক্ষার্থীর পক্ষে স্বল্প ছুটিতে অতিরিক্ত ভাড়া বহন করে বাড়ি গিয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হোক। আমরা আশাবাদী প্রশাসন বিষয়টি মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিতে বিবেচনা করবেন।”

    ‎উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

     

     

  • নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু

    নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে মাঠে নেমেছে প্রশাসন। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে যৌথ নিরাপত্তা মহড়া শুরু হয়েছে।

    ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরানুজ্জামান-এর নেতৃত্বে পরিচালিত গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলের বিজয় চত্বর থেকে এ মহড়ায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো, রওশন কবির, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) মো, নিয়াজ মেহেদী, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট নাজমুস (৭ বীর), ডোমার–ডিমলা উপজেলায় বিজিবির দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মো, রফিক, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার, র‍যাবের উপ-সহকারী পরিচালক মো, মোকাদ্দিস রহমান এবং বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র নায়েক সুবেদার বাবু দিলীপ কুমারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগন সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    যৌথ বাহিনীর এ মহড়ায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও জনবহুল এলাকা ঘুরে দেখা হয়। বিশেষ করে নাউতারা বাজার, চাপানীর হাট, ডালিয়া বাজার, শুটিবাড়ি হাট, খগার হাট, টুনির হাট, কলোনীর হাট, ঠাকুরগঞ্জ হাট ও ডাঙ্গার হাটসহ বিভিন্ন বাজারে মহড়া দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া সতর্কবার্তা প্রদান করা হয়।

    প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে পুরো উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ইতোমধ্যে নিয়মিত টহল জোরদার করেছে। নির্বাচনের আগের দিন থেকে ভোটগ্রহণের পরের দিন পর্যন্ত যাতে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে—সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সতর্কতা অবস্থা জারি রাখা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রাখছে।

    প্রশাসনিক কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সর্বমহলে গ্রহণযোগ্য করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

     

  • চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

    চবি ক্যাম্পাসে দর্শনার্থীদের ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগে দুই রিকশাচালক আটক

    মোতাহের উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাই এবং নারী দর্শনার্থীদের হেনস্তার অভিযোগে দুই রিকশাচালককে আটক করে হাটহাজারী থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হিসেবে অভিযোগ করেছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মো. সাকিব (১৮) ও সায়েম উদ্দিন সিয়াম (১৬)। এ ঘটনায় আটক রিকশাচালকরা হলেন মো. লোকমান আলী (৩২) ও মো. রাশেদ (৩০)।

    ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, তারা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে ১ নম্বর গেট থেকে রিকশায় ওঠেন। জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে রিকশাচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে লোকমান আলী তাঁর ভাই রাশেদকে ফোন করে ডেকে আনেন। পরে তাদের দক্ষিণ ক্যাম্পাসের দিকে নিয়ে গিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগের টাকা জোরপূর্বক নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় সঙ্গে থাকা নারী দর্শনার্থীদেরও হেনস্তা করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করা হয়।

    ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করলে অভিযুক্ত রিকশাচালকরা পালানোর চেষ্টা করেন। পরে নিরাপত্তা দপ্তরের সহায়তায় তাদের আটক করা হয়।

    অভিযুক্ত রিকশাচালক মো. লোকমান আলী অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রেল ক্রসিং এলাকায় দর্শনার্থীরা অশালীন আচরণ করছিল। সে কারণেই তিনি পরিচিতদের ডেকেছিলেন এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

    এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা কিছু দর্শনার্থী রিকশাচালকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। এ ধরনের চক্রের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরেই নজরদারি ও ব্যবস্থা নিচ্ছি। অভিযুক্তদের নিরাপত্তা দপ্তরের মাধ্যমে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীদের মাধ্যমে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

     

  • পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

    পুঠিয়ায় বাস তল্লাশিতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে এক বিশেষ অভিযান চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই অভিযানটি পরিচালিত হয় ।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অবস্থান নেয় । অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় । তল্লাশির একপর্যায়ে বাসের একজন যাত্রীর কাছ থেকে মোট ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় ।

    আটককৃত যুবকের নাম মোঃ দুলাল মিয়া (৩৮) । তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মোঃ আয়ুব আলীর ছেলে ।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুলাল মিয়া । এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে ।

  • সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার

    সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    ৪ ফেব্রুয়ারি ( বুধবার ) বিকালে সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং চিলা ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও অসংখ্য সাধারণ ভোটার ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলাম বলেন, ধানের শীষ জনমানুষের অধিকার আদায়ের প্রতীক। দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। আমি যদি নির্বাচিত হতে পারি দক্ষিণ অঞ্চলে কোনো প্রকার চাঁদাবাজি, ঘের দখল, মাদক ব্যবসা, কোনো অন্যায় হতে দেব না। ১৩ তারিখ থেকে দল মত নির্বিশেষে সকলেই তাদের বাড়িতে ফিরে আসবে একসাথে শান্তিতে বসবাস করবে। কেহ অন্যায় করলে তাকে কোনো ছাড় দেয়া হবে না। সে যে কোনো দলের হোক না কেনো। আমি অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। আমি নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন করবো এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেব।

    এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি মোঃ আব্দুল মন্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, বিএনপি নেতা হালিম খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ মোঃ কাজল খাঁনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    জনসভায় মোংলা উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ সকল ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা কর্মীরা এবং সাধারণ মানুষের ঢল নামে।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার।

  • মধ্যনগরে ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মধ্যনগরে ইউএনও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং ডুলপুসি গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এদিন ইউএনও উজ্জ্বল রায় নিজ হাতে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন। দুই স্থানে মোট ৪০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নুর আলম, মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এবং মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

    অনুষ্ঠানে ইউএনও উজ্জ্বল রায় বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

    জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

    মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচিত হলে জনগণের পরামর্শ ও মতামতের ভিত্তিতেই মুরাদনগর পরিচালিত হবে। এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোনো ঠাঁই দেওয়া হবে না। আওয়ামী লীগের পতন ঘটেছে মানুষের ওপর জুলুম-নির্যাতনের কারণে। আমরাও যদি একই পথে হাঁটি, তবে আমাদের পরিণতিও একই হবে। তাই আগে থেকেই আমাদের নিজেদের সংশোধন হতে হবে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, “আল্লাহ আমাকে আপনাদের ভোটে পাঁচবার এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রের পরও আল্লাহ আমাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানিও করে দিই, তবুও আপনাদের প্রতি আমার ঋণ শোধ হবে না। আপনারা আমার জন্য দোয়া করেছেন, রোজা রেখেছেন—আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।”

    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের মতো এবারও জনগণ তাকে আরও বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।

    ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্বাচনী পথসভা ও জনসভায় নারী-পুরুষ ও তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মুহূর্তেই পথসভাটি বিশাল জনসভায় রূপ নেয়। ‘দাদাভাই দাদাভাই’, ‘ধানের শীষ’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

    কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, তছু মিয়া এবং আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।

    এছাড়াও কামাল্লা ইউনিয়ন ও পাচকিত্তা এলাকায় আয়োজিত পৃথক জনসভাগুলোতে জনতার ঢল নামে। স্লোগানে মুখরিত জনতা ষষ্ঠবারের মতো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে এমপি নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা

    আমারা শহীদ জিয়ার সৈনিক, ভয় দেখিয়ে লাভ নাই : কামরুল হুদা

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা বলেছেন যারা ভোটারদের ভয়ভীতি দেখাছে, কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে তাদেরকে বলে দিতে চাই, আমারা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। দিনের ভোট রাতে দেওয়ার দিন শেষ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষ চৌদ্দগ্রাম জয় লাভ করবে ইনশাআল্লাহ।

    বুধবার (০৪ ফেব্রুয়ারী) রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের নির্বাচনের জনসভায় প্রধান অতিথির বক্তব্য এইসব কথা বলেন।

    তিনি আরো বলেন, আপনারা কি জানেন আপনাদের আইডি কার্ড নিয়ে আপনাদের ছবির জায়গায় তারা আরেকজনের ছবি লাগিয়ে দিয়ে ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে। এই ব্যাপারে সাবধান হবেন। কারণ চৌদ্দগ্রামের মানুষ সচেতন মানুষ, সারা বাংলাদেশে যত উপজেলা আছে চৌদ্দগ্রাম হচ্ছে শিক্ষা ও সম্পদে একটি পথিকৃৎ উপজেলা। সুতরাং এই চৌদ্দগ্রামের মানুষ ভুল করতে পারেনা। আমার অবলা মা বোনেরা আজকে ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছে, সেই কার্ড নিয়ে তারা কারচুপির চিন্তা করছে। কারচুপির মাধ্যমে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে।

    উপজেলা আলকরা ইউনিয়নের বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আনম সলিমুল্লাহ টিপু, শাহাবুদ্দিন ফরায়েজি লাল্টু, আনোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, গুনবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক চৌধুরী, আলকরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: রবিন।

     

     

  • তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

    তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

    মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তিস্তা আর মরুভূমি থাকবে না। তিস্তাকে জীবন দেওয়া হবে এবং এটিকে উত্তরবঙ্গের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।

    বুধবার ৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, তিস্তার পানির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা উর্বর হয়ে উঠবে এবং নদীভাঙনের কবলে পড়ে বছরের পর বছর যে হাজার হাজার পরিবার নিঃস্ব হচ্ছে। তাদের দুর্ভোগের অবসান ঘটবে। তিনি বলেন, “যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সর্বাগ্রে। আমাদের স্বার্থে কেউ বাধা দিলে তা মেনে নেওয়া হবে না।

    বক্তব্যের একপর্যায়ে তিনি উপস্থিত জনতার কাছে দাঁড়ি পাল্লায় ভোটের সমর্থন কামনা করলে সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত তুলে সাড়া দেন।

    জামায়াত আমীর তার বক্তব্যে বুড়িমারী স্থলবন্দর প্রসঙ্গে বলেন, স্থলবন্দরটি আধুনিকায়ন করা গেলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য, অবদান রাখা সম্ভব। একই সঙ্গে বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। সড়কের বেহাল অবস্থার সমালোচনা করে বলেন, এ সড়ক দিয়ে রোগী পরিবহনসহ সাধারণ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।

    উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যুগের পর যুগ এ অঞ্চলের মানুষ বঞ্চনার শিকার হয়েছে। জনগণের আবেগকে কাজে লাগিয়ে পালাবদলের রাজনীতির মাধ্যমে অনেকে ক্ষমতায় গেলেও ৫ বছরে একবারও সাধারণ মানুষের দিকে ফিরে তাকায়নি।

    তিনি আরও বলেন, আমরা বসন্তের কোকিল নই। বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না। সুখে-দুঃখে আমরা এই মাটিতেই থাকবো। এই দেশবাসীর মধ্যেই আমাদের ঠিকানা।

    ডা. শফিকুর রহমান আরও বলেন, উত্তরবঙ্গকে কৃষি ও শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এখানকার উৎপাদিত পণ্য শুধু দেশের চাহিদা পূরণই নয়। আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব হবে। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সবার দোয়া কামনা করেন।

    বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের লালমনিরহাট ও নীলফামারী জেলার ৭জন প্রার্থীর সঙ্গে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন। সেই সাথে দাঁড়ি পাল্লা প্রতিক হাতে তুলে দিয়েছেন।

    এর আগে, শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক আগমনের আগেই জনসভাকে কেন্দ্র করে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই সাধারণ মানুষ ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনসভায় লাক্ষো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়েছিলো।

    এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর এবং দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দিন প্রমূখ।

    জনসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর -৩ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট ও জনপ্রিয় নেতা মোঃ আবু তাহের

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ অন্চলের জনপ্রিয় নেতা লালমনিরহাট-১ আসনের প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট মোঃফিরোজ হায়দার লাভলু, নীলফামারী-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট মোঃ আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ আসনের প্রার্থী হাফেজ মোঃ আব্দুল মুন্তাকিম।

    এছাড়াও বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর ও রংপুর এবং দিনাজপুর অঞ্চলের ইউনিট পরিচালক এ্যাডভোকেট আব্দুল বাতেনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

  • হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

    হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

    শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নিয়ে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।

    জানাজার সময় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল দোয়া—এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কলেজ মাঠজুড়ে।

    এর আগে তার প্রথম জানাজা শেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া ৭:১৫ মিনিটে শ্রীবরদী পৌর স্টেডিয়াম মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    মঙ্গলবার শবে বরাতের রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে দিবাগত রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

    তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীবরদী-ঝিনাইগাতীসহ পুরো জেলায়। দ্বিতীয় জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে, এলাকাবাসীর কাছে তিনি কতটা প্রিয় ছিলেন।

  • ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল

    ঝালকাঠি-১ আসনে হাঁস প্রতীকের প্রার্থীর নির্বাচনী মিছিল

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে জনগণের সেবা করার সুযোগ পেলে এলাকায় ক্ষুদ্র শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কাজ করবেন।

    মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড় থেকে শুরু হয়ে বাগরি বাজার প্রদক্ষিণ করে মেডিকেল মোড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাইপাস মোড়ে এসে শেষ হয় তাঁর নির্বাচনী মিছিল। মিছিল শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

    সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার জনগণ সবসময় যোগ্য নেতৃত্বকে চিনে নিতে জানে এবং তারা কখনও ভুল সিদ্ধান্ত নেয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতেও জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে।

    তিনি এ অঞ্চলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার রাস্তাঘাটের বেহাল দশা, প্রতিবছর বিষখালী নদীর ভাঙনে জনপদ ও বসতভিটা বিলীন হয়ে যাওয়া, বেকারত্বসহ নানা সমস্যায় এ অঞ্চল দীর্ঘদিন ধরে জর্জরিত।

    তিনি আরও বলেন, “আমার কিছু পাওয়ার নেই, আমি এসেছি আপনাদের দেওয়ার জন্য।” এসময় তিনি হাঁস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য রাজাপুর-কাঁঠালিয়ার জনগণের প্রতি আহ্বান জানান।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ মিছিলে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এসময় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হাঁস প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

    র‍্যালিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় হাঁস প্রতীককে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস

    নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস

    আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ ও ‘নবোদ্যম ফাউন্ডেশন’ নজরুল বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশ থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

    র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নবোদ্যম ফাউন্ডেশনের উপদেষ্টা মো. হারুনুর রশিদ। তিনি বলেন, “ক্যান্সার একটি প্রাণঘাতী ব্যাধি হলেও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সুস্থ হওয়া সম্ভব। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    অনুষ্ঠানে নবোদ্যম ফাউন্ডেশন নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. নওসাদ আলী বলেন, “আমরা একটি ক্যান্সারমুক্ত ভবিষ্যৎ গড়তে চাই। নবোদ্যম ফাউন্ডেশন সবসময় মানবিক ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে। আজকের আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া।”

    দিবসটি উপলক্ষে প্রেরিত এক বার্তায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, “ক্যান্সার শনাক্তকরণে বিলম্বই মৃত্যুর অন্যতম প্রধান কারণ। সঠিক সময়ে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্ক্রিনিং এই মরণব্যাধি থেকে মুক্তি দিতে পারে। প্রতিরোধই হওয়া উচিত আমাদের প্রধান শক্তি।”

    অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নবোদ্যম ফাউন্ডেশন, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান রনি বলেন, “ক্যান্সার সচেতনতা কার্যক্রমে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের সঙ্গে যৌথভাবে এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত।” তিনি অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

     

  • যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব : ডা. শফিকুর রহমান

    যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব : ডা. শফিকুর রহমান

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট রাষ্ট্রক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলে দৃঢ় অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহ তায়ালা যদি ইনসাফের সরকার গঠনের সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়বো।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্যবর্তী ডালিয়া তিস্তা ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠে আয়োজিত ঐতিহাসিক হ্যালিপ্যাডে বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ডা. শফিকুর রহমান বলেন, বুড়িমারী থেকে রংপুর পর্যন্ত সড়ক ৪ লেনে উন্নীত করা হবে। উত্তরাঞ্চল কৃষিভিত্তিক হওয়ায় এখানে কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন করা হবে, যাতে স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য দেশব্যাপী বাজারজাত করা যায়।
    চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, চাঁদাবাজদের বলে দিতে চাই—এই অপকর্মের দিন আজই শেষ। পরিশুদ্ধ হয়ে ফিরে এলে সম্মানজনক কাজের সুযোগ পাবে, আর না মানলে যা করার দরকার তাই করা হবে।

    তিনি আরও বলেন, আমরা অপরাধ ও দুর্নীতির লেজ ধরে টান দেব না, আমরা কান ধরে টান দেব। মাথা ঠিক হলে শরীর ঠিক হয়। গত ৫৪ বছরের নেতৃত্ব জাতিকে সুস্থ মাথা দিতে পারেনি বলেই জনগণের টাকা লুট হয়েছে, অথচ জনগণ তার প্রাপ্য পায়নি।

    আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ নতুন পথ খুঁজে পাবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যে তরুণদের নেতৃত্বে পরিবর্তনের আন্দোলন সফল হয়েছে, তারাই দেশকে নতুন পথ দেখাবে। আমরা চাই দালালমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, মামলাবাজমুক্ত, ব্যাংক ডাকাতমুক্ত ও ঋণখেলাপিমুক্ত একটি মানবিক বাংলাদেশ।

    গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগেই বলেছি গণভোটে হ্যাঁ বলবো। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, যারা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চায় না, তারা পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়।

    নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন,লালমনিরহাট জেলা জামায়াতের আমীর ও ও লালমনির হাট সদর আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের ।

    এতে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী ও বিপুল সংখ্যক জনতা অংশগ্রহণ করেন। শেষে তিনি নীলফামারী জেলার ৪ জন ও লালমনিরহাট জেলার ৩ জন সংসদ প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।

  • অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সিমান্তে নারীসহ আটক ৭

    অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সিমান্তে নারীসহ আটক ৭

    আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে অবৈধপথে আসার সময় সীমান্ত এলাকা থেকে নারীসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন আনন্দপুর বিওপির হাবিলদার দেবব্রত বড়ুয়া।

    আটককৃতরা হলেন; বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গোয়াবাড়িয়া গ্রামের সেলিম মাতাব্বর(৫৫), পশ্চিম চিপা বারুইখালী গ্রামের নাদিরা বেগম(৩৫), চালিতাবুনিয়া গ্রামের তাসলিমা বেগম(৩৭), একই জেলার শরণখোলা থানার রাজৈব গ্রামের রেশমা আক্তার(২৯), মোসাঃ নাসিমা(৩৫), রেখা আক্তার(২৪) ও দক্ষিণ রাজাপুর গ্রামের কারিমা ইভা(২৫)।

    জানা গেছে, সম্প্রতি অবৈধপথে ভারতে প্রবেশ করে আটককৃত নারী ও পুরুষ। মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় ভারত সীমান্তবর্তী ২১১১/৪ নং এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা সেলিম মাতাব্বর, নাদিরা বেগম, তাসলিমা বেগম, রেশমা আক্তার, মোসাঃ নাসিমা, রেখা আক্তার ও কারিমা ইভাকে আটক করে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা শেষে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

    আনন্দপুর বিওপির হাবিলদার দেবব্রত বড়–য়া বলেন, ‘টহলরত অবস্থায় সীমান্ত এলাকায় ভারত থেকে প্রবেশ করা নারীসহ ৭ জনকে আটক শেষে থানায় হস্তান্তর করা হয়েছে’।

    চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেকানন্দ দেবনাথ বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে’।

  • নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডেল ফেস্ট

    নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ডেল ফেস্ট

    আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

    জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ডেল ফেস্ট ২০২৬: ওড টু লাইফ’।

    সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাশমী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ডেল স্পোর্টস উইকের বিভিন্ন খেলা ও সেগমেন্টে বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য, নাটক ও কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনা উপস্থাপন করে।

    ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার বলেন, আমরা জীবনের জয়গান গাইতেই এই উৎসবের আয়োজন করেছি। এই উৎসবের সঙ্গে আমরা স্পোর্টস উইক ২০২৪ ও ২০২৫-এর পুরস্কার বিতরণ করেছি। ২০২৪ সালের স্পোর্টস উইকের মূল প্রতিপাদ্য ছিল জুলাইয়ের গণজাগরণ।

    সে সময় আমাদের চারটি টিম ছিল, যেগুলোর নাম আমরা চারজন শহীদের নামে রাখি। আর ২০২৫ সালের চারটি দলের নাম রাখা হয় শেক্সপিয়ারের চারটি নাটকের নামে।

    আমাদের ইংরেজি বিভাগে ডেল ফেস্ট ও স্পোর্টস উইক ২০২৩ সাল থেকে প্রচলিত। শিক্ষার্থীদের মধ্যে শারীরিক ও মানসিক সব ধরনের গুণাবলি বিকাশের লক্ষ্যে আমরা এ আয়োজন করে যাচ্ছি।

  • ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

    ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

    এমারুল হক, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবাসহ সোহেল নামে এক মাদক কারবারিকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ।

    ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ধর্মপাশা থানার এসআই রফিক ইসলাম ও এসআই সুরঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেলবরষ ইউনিয়নের আহমদপুর গ্রামে অভিযান পরিচালনা করে।

    অভিযানে গ্রেফতারকৃত সোহেলর কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ধর্মপাশা থানা পুলিশ।

  • মাদারীপুর-১ আসনে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল

    মাদারীপুর-১ আসনে বিএনপির সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল

    মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

    মাদারীপুর-০১ (শিবচর) সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নৌকা প্রতীকের পক্ষে দীর্ঘদিন সক্রিয় থাকা আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ায় শিবচরজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তারের সমর্থনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর পৌরসভার খানবাড়ি এলাকায় মরহুম সুলতান খানের বাড়িতে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক সাবেক ও বর্তমান নেতাকর্মী উপস্থিত হয়ে বিএনপি প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানান।

    উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। উপজেলা বিএনপির সদস্য সচিব সোহল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মাদারীপুর-০১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার।

    বৈঠকে বিএনপির উপজেলা আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার বেপারী ও ফাহিমা আক্তার, বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী।

    উপস্থিত আওয়ামী লীগ নেতারা জানান, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে চৌধুরী নাদিরা আক্তারকে সমর্থন করছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

    সভায় সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান বলেন, “দীর্ঘদিন বিভিন্ন সমস্যার কারণে আমরা নিজ বাড়িতে থাকতে পারিনি। আমাদের নেতার নির্দেশে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাদিরা আক্তারের সমর্থনে একত্রিত হয়েছি। শিবচরে আওয়ামী লীগ ও বিএনপি ঐক্যবদ্ধ হওয়ায় আমাদের কেউ আটকাতে পারবে না। আগামী ১২ তারিখ নাদিরা আক্তার বিপুল ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবেন।”

    বক্তব্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা আরও বলেন, শিবচরের মানুষ একজন ভদ্র, জ্ঞানী ও শিক্ষিত জনপ্রতিনিধি চায়—যার নেতৃত্বে জনগণ নিরাপত্তা পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন হবে। সে বিবেচনায় চৌধুরী নাদিরা আক্তারই সবচেয়ে যোগ্য প্রার্থী।

    আওয়ামী লীগ নেতাকর্মীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলছি, সবার আগে শিবচর। প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিয়েই বাংলাদেশ গঠিত। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চলবো এবং ঐক্যবদ্ধভাবেই বিএনপিকে বিজয়ী করবো।”

    নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে কারো নামে কোনো মিথ্যা মামলা থাকবে না। নির্বাচনের পর কাউকে অযথা হয়রানি করা হবে না। আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে একটি আধুনিক ও উন্নত শিবচর হিসেবে গড়ে তোলা সম্ভব।”

    উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান বলেন, “এখন আমরা ঐক্যবদ্ধ। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য। সবাই নিজ নিজ এলাকায় ভোটারদের ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন।”

    উঠান বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

     

  • মধ্যনগরে ১৯৬০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

    মধ্যনগরে ১৯৬০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

    জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    সুনামগঞ্জের মধ্যনগরে ১৯৬০ পিচ ইয়াবাসহ মোস্তাক আহমেদ (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মধ্যনগর সদর ইউনিয়নের অর্ন্তগত মধ্যনগর ব্রিজের উত্তর পাশে মধ্যনগর পুলিশের নিয়মিত টহল হিসেবে দেহ তল্লাশি করে পাঞ্জাবীর নিচে কোমড়ে কালো রংয়ের কাপড়দ্বারা পেচাঁনো অবস্থায় ১,৯৬০ (এক হাজার নয়শত ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন, ০১টি প্লাটিনা ১০০সি.সি. মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

    গ্রেপ্তারকৃত আসামী তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোস্তাক আহমেদ।

    এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সত্যতা স্বীকার করে জানান, পরবর্তীতে যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • মাটি কাটতেই পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, আহত ২

    মাটি কাটতেই পরিত্যক্ত বোমা বিস্ফোরণ, আহত ২

    মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধিঃ

    যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে মাটি কাটার সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বালুন্ডা দক্ষিণ পাড়ার, গনি ঢালির ভিটে নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন বালুন্ডা গ্রামের আব্দুল বারীকের ছেলে জাকির হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত নুজ্জাকের ছেলে আব্দুল কাদের (৬০)। তারা পেশায় মাটি কাটা শ্রমিক।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জাকির হোসেন ও আব্দুল কাদের ভিটার মাটি কাটার কাজ করছিলেন। একপর্যায়ে মাটির আনুমানিক দেড় হাত গভীরে কোদাল দিয়ে আঘাত করলে সেখানে পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

    আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, জাকির হোসেনের শরীরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

    খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির নিচে বোমাগুলো অনেক আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় ছিল। তবে এটি পরিকল্পিত কোনো নাশকতার অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।

  • ৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন

    ৬ ফেব্রুয়ারির বাউফলে জামায়াতের জনসভা ঘিরে সংবাদ সম্মেলন

    অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িপাল্লা প্রতীক এর সমর্থনে আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি সোমবার গভীর রাতে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে পুলিশের অভিযান পরিচালনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমিরে জামায়াতের আগমন ও জনসভাকে কেন্দ্র করে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অভিযান চালানো হয়েছে। কোনো পূর্ব নোটিশ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই গভীর রাতে রাজনৈতিক দলের অফিসে অভিযান গণতান্ত্রিক রাজনীতির জন্য অশনিসংকেত।”

    তিনি আরও বলেন, “এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। আমরা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় পিছপা হবো না।”

    সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ই ফেব্রুয়ারি বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিতব্য জনসভা হবে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পক্ষে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

    ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলবাসীকে সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান এবং গণমাধ্যমের প্রতি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন।